Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিম এশিয়ায় চলতে থাকা চরম উত্তেজনার প্রভাব এবার সরাসরি পড়ল সৌদি আরবে যাওয়া ভারতীয় তীর্থযাত্রীদের উপর (Saudi Arabia)। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার জেরে সৌদি আরবে বিমান পরিষেবা ব্যাহত হওয়ায় বহু ভারতীয় তীর্থযাত্রী সেখানে আটকে পড়েছেন। বিমান বাতিল এবং যাত্রাপথ অনিশ্চিত হয়ে পড়ায় তৈরি হয়েছে চরম উদ্বেগ। পরিস্থিতির কথা মাথায় রেখে শনিবার আটকে পড়া ভারতীয়দের দ্রুত দেশে ফেরাতে নতুন নির্দেশিকা জারি করেছে ভারত সরকার।
বিমান বাতিল, টাকা ফেরত নিয়েও অনিশ্চয়তা (Saudi Arabia)
বিমান পরিষেবা ব্যাহত হওয়ায় অনেক যাত্রীর নির্ধারিত উড়ান বাতিল হয়েছে। কিন্তু বাতিল বিমানের টিকিটের টাকা ফেরত পাওয়া নিয়েও তৈরি হয়েছে সমস্যা। বিষয়টি নিয়ে ভারতীয় কনস্যুলেট সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করছে। একই সঙ্গে যেসব বিমান সংস্থার পরিষেবা এখনও চালু রয়েছে, তাদের সঙ্গে তীর্থযাত্রীদের ট্যুর অপারেটরদের যোগাযোগ করিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বিকল্প বিমানে যাত্রার সুযোগ পুরোপুরি নির্ভর করছে আসন খালি থাকা এবং সংশ্লিষ্ট বিমান সংস্থার নিয়মের উপর।
২৪ ঘণ্টার কন্ট্রোল রুম, মিলছে জরুরি সাহায্য (Saudi Arabia)
আটকে পড়া ভারতীয়দের পাশে দাঁড়াতে জেড্ডায় ভারতীয় কনস্যুলেট বিশেষ উদ্যোগ নিয়েছে। জেড্ডা ও মক্কায় ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু করা হয়েছে। সেখানে তীর্থযাত্রীদের খাবার, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় সাহায্য দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। শুধু তাই নয়, যাঁদের ভিসার মেয়াদ শেষ হওয়ার আশঙ্কা রয়েছে, তাঁদের জন্য ভিসার মেয়াদ বৃদ্ধির বিষয়েও সৌদি প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে।
বিকল্প উড়ানের খোঁজে কনস্যুলেট (Saudi Arabia)
আটকে থাকা যাত্রীদের দ্রুত দেশে ফেরাতে সৌদি আরবের সংশ্লিষ্ট মন্ত্রক এবং বিমান সংস্থাগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ভারতীয় কনস্যুলেট। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প উড়ানের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে তীর্থযাত্রীদের নিজেদের ট্যুর অপারেটর এবং ট্রাভেল এজেন্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
অভিযোগ জানাতে বিশেষ নম্বর
যে সমস্ত ভারতীয় তীর্থযাত্রী বর্তমানে সমস্যায় রয়েছেন, তাঁদের সৌদি হজ মন্ত্রকের পিলগ্রিম কেয়ার সেন্টারের ১৯৬৬ নম্বরে যোগাযোগ করে অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। যাত্রাপথ, ভিসা কিংবা বিমান সংক্রান্ত যে কোনও সমস্যায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাহায্য নেওয়ার কথাও বলা হয়েছে।
আরও পড়ুন: Bank Fraud: নিয়মমাফিক লেনদেনের আড়ালে কোটি কোটি টাকা উধাও! সেন্ট্রাল ব্যাঙ্কে চাঞ্চল্যকর কাণ্ড
‘যত দ্রুত সম্ভব দেশে ফেরানো হবে’
এই পরিস্থিতিতে ভারতীয় তীর্থযাত্রীদের আশ্বস্ত করে কনস্যুলেট জানিয়েছে, আটকে পড়া প্রত্যেক ভারতীয়কে যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনতে প্রশাসন এবং বিমান সংস্থাগুলির সঙ্গে সবরকম চেষ্টা চালানো হচ্ছে। ফলে পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির মধ্যে উদ্বেগ বাড়লেও ভারতীয় তীর্থযাত্রীদের নিরাপদে দেশে ফেরানোই এখন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।



