Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: আইএসএলের শুরুটা প্রত্যাশামতো হয়নি মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan ISL)। প্রথম ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের কাছে হার, পরের ম্যাচে এসসি দিল্লির বিরুদ্ধে জয়। কিন্তু দু’টি ম্যাচেই গোলের সুযোগ নষ্ট করার প্রবণতা চিন্তা বাড়িয়েছে সবুজ-মেরুন শিবিরে। এবার ঘরের মাঠে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে নামার আগে সবচেয়ে বড় প্রশ্ন, গোলের খরা কাটাবেন কে? চোটের কারণে অস্ট্রেলীয় স্ট্রাইকার জেমি ম্যাকলারেনের খেলা নিয়ে অনিশ্চয়তা থাকায় সেই প্রশ্নই ভাবাচ্ছে মোহনবাগান কোচ ডিলমপেরিসকে।
দু’ম্যাচে এক পয়েন্ট (Mohun Bagan ISL)
লিগের প্রথম দুই ম্যাচে প্রত্যাশিত ফল পায়নি চেন্নাইয়িন এফসি। এফসি গোয়ার বিরুদ্ধে ড্রয়ের পর বেঙ্গালুরু এফসির কাছে হারতে হয়েছে তাদের। ফলে দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে কলকাতায় আসছে ক্লিফোর্ড মিরান্ডার দল। তবে এই পরিসংখ্যান দেখে চেন্নাইয়িনকে দুর্বল ভাবার কোনও কারণ নেই। ভারতীয় কোচদের মধ্যে বর্তমানে যাঁরা নিজেদের দক্ষতার ছাপ রাখছেন, তাঁদের অন্যতম ক্লিফোর্ড। মহেশ গাওলি, বিবিয়ানো ফার্নান্ডেজ, গৌরমাঙ্গি সিং, রেনেডি সিং এবং স্টিভেন ডায়াসের মতো কোচদের সঙ্গে একই তালিকায় রাখা যায় তাঁকে। ফলে সোমবারের ম্যাচ যে মোহনবাগানের কাছে সহজ হবে না, তা বিলক্ষণ জানেন ডিলমপেরিস।
আপুইয়া ও মিগুয়েলের অনুপস্থিতি (Mohun Bagan ISL)
চেন্নাইয়িন ম্যাচের আগে মোহনবাগানের চিন্তা বাড়িয়েছে ফুটবলারদের চোট ও অসুস্থতা। অসুস্থতার কারণে আপুইয়া এখনও খেলার মতো জায়গায় নেই। অন্যদিকে, চোটের জন্য সোমবারের ম্যাচে মিগুয়েলের খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। রবিবার অনুশীলনে এলেও সতীর্থদের সঙ্গে মাঠে নামেননি তিনি। এই দুই ফুটবলারকে না পেলে দলের ভারসাম্য ধরে রাখা কঠিন হতে পারে। তবে সবচেয়ে বড় উদ্বেগের জায়গা আক্রমণভাগ।
ম্যাকলারেনকে কি পাওয়া যাবে? (Mohun Bagan ISL)
মোহনবাগানের হাতে রয়েছেন অস্ট্রেলীয় লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা জেমি ম্যাকলারেন। কিন্তু চোটের কারণে তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চাইছেন না কোচ দিলেমপেরিস। রবিবার অনুশীলনে এলেও দলের সঙ্গে মাঠে নামেননি ম্যাকলারেন। বরং মাঠের ধারে একাই বিভিন্ন ফিটনেস অনুশীলন করতে দেখা যায় তাঁকে। সোমবার ম্যাচের আগে ম্যাকলারেনের সঙ্গে আরও একবার কথা বলবেন বলে জানিয়েছেন মোহনবাগান কোচ। তাঁর শারীরিক অবস্থা সন্তোষজনক মনে হলে রিজার্ভ বেঞ্চে রাখা হতে পারে অস্ট্রেলীয় স্ট্রাইকারকে। অন্যথায় তাঁকে বাইরে রেখেই দল সাজাতে হবে।
গোল করবেন কে? (Mohun Bagan ISL)
মোহনবাগানের সমস্যা শুধু গোলের লোকের অভাব নয়, তৈরি হওয়া সুযোগ কাজে লাগাতে না পারাও বড় মাথাব্যথা। নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে হারলেও প্রচুর গোলের সুযোগ তৈরি করেছিলেন সবুজ-মেরুন ফুটবলাররা। এসসি দিল্লির বিরুদ্ধে জয় এলেও একাধিক সুযোগ নষ্ট হয়েছে। দীর্ঘদেহী লি এরউইন থাকলেও এখনও তিনি ম্যাকলারেনের বিকল্প হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারেননি। রয়েছেন দেজন দ্রাজিচ এবং সমির জেলকোভিচও। গোল করার দক্ষতা তাঁদের রয়েছে, কিন্তু ধারাবাহিক ভাবে ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার মতো নিশ্চয়তা এখনও তৈরি হয়নি। ফলে আক্রমণভাগের কার্যকারিতা বাড়ানোই এখন দিলেমপেরিসের অন্যতম প্রধান চ্যালেঞ্জ।
বাড়তি গুরুত্ব সেট-পিসে (Mohun Bagan ISL)
চেন্নাইয়িনের বিরুদ্ধে ম্যাচের আগে প্রস্তুতির জন্য প্রায় দশ দিন সময় পেয়েছে মোহনবাগান। এই সময়টাকে যথাযথ ভাবে কাজে লাগিয়েছে দল, জানিয়েছেন ডিলমপেরিস। বিশেষ করে সেট-পিস থেকে আক্রমণ তৈরি করা এবং প্রতিপক্ষের সেট-পিস সামলানোর উপর জোর দেওয়া হয়েছে। কারণ, সেট-পিস থেকে গোল করার পাশাপাশি প্রতিপক্ষকে সেই সুযোগ থেকে গোল করতে না দেওয়াও সমান গুরুত্বপূর্ণ। গোলের সুযোগ তৈরি করাটাকে ইতিবাচক দিক হিসেবেই দেখছেন মোহনবাগান কোচ। তাঁর মতে, সুযোগ তৈরি না হলে গোল আসবে না। তবে সেই সুযোগকে গোলে পরিণত করার দক্ষতাও বাড়াতে হবে ফুটবলারদের।
ঘরের মাঠে প্রথম ম্যাচ (Mohun Bagan ISL)
চলতি মরসুমে এই প্রথম নিজেদের ঘরের মাঠে খেলতে নামবে মোহনবাগান (Mohun Bagan ISL)। সমর্থকদের সামনে খেলার সুযোগ ফুটবলারদের বাড়তি প্রেরণা জোগাবে বলেই মনে করছেন ডিলমপেরিস। তবে শুধু আবেগ দিয়ে ম্যাচ জেতা সম্ভব নয়। চেন্নাইয়িনের বিরুদ্ধে তিন পয়েন্ট পেতে হলে গোলের সুযোগ কাজে লাগানোর পাশাপাশি রক্ষণেও সতর্ক থাকতে হবে সবুজ-মেরুনকে।
আরও পড়ুন: AIFF: ফুটবলারদের নতুন সংগঠন গড়ছে ফেডারেশন, আইনি পথে এফপিএআই?
তার উপর চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল পরপর দুই ম্যাচে মোট ন’টি গোল করে নিজেদের আক্রমণাত্মক শক্তির পরিচয় দিয়েছে। সেই পরিস্থিতিতে মোহনবাগানের উপর প্রত্যাশার চাপও বাড়ছে। ঘরের মাঠে প্রথম ম্যাচেই সেই চাপ সামলে জয়ে ফিরতে পারবেন কি ডিলমপেরিস? উত্তর মিলবে সোমবার মাঠেই।



