Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ডবল সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে থামতে হল দেবদত্ত পাড়িক্কলকে (Devdutt Padikkal)। লিঙ্কনের প্রতিকূল আবহাওয়াতেও ব্যাট হাতে ঝড় তুলে নিউজিল্যান্ড ‘এ’-র বিরুদ্ধে প্রথম বেসরকারি টেস্টে ভারত ‘এ’-কে চালকের আসনে বসিয়ে দিলেন বাঁ হাতি ব্যাটার। তাঁর ২৪৮ বলে ১৯৯ রানের দুরন্ত ইনিংসে ভর করে তৃতীয় দিনের শেষে ২৮৪ রানের লিড নিয়েছে ভারত ‘এ’। দিনের শেষে তাদের স্কোর ৮ উইকেটে ৪৮৮। ক্রিজে রয়েছেন ওয়াশিংটন সুন্দর, তাঁর সংগ্রহ ৫১ রান।
বিতর্কিত সিদ্ধান্তে আউট পাড়িক্কল (Devdutt Padikkal)
চা পানের বিরতির মাত্র ১০ মিনিট আগে জাক গিবসনের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন পাড়িক্কল। তবে আম্পায়ারের এই সিদ্ধান্তে মোটেই খুশি ছিলেন না তিনি। বল ও ব্যাটের মধ্যে দূরত্ব ছিল, এমন ইঙ্গিত করে আম্পায়ারের সঙ্গে কিছুক্ষণ তর্কেও জড়ান ভারতীয় ব্যাটার। শেষ পর্যন্ত ১৯৯ রানেই থামতে হয় তাঁকে। তাঁর ইনিংস সাজানো ছিল ২৪টি চার ও তিনটি ছয়ে। স্ট্রাইক রেট ৮০.২৪। ব্যক্তিগত দ্বিশতরান হাতছাড়া হলেও পাড়িক্কলের এই ইনিংসেই ম্যাচের ছবিটা সম্পূর্ণ বদলে গিয়েছে।
দুরন্ত প্রত্যাবর্তন (Devdutt Padikkal)
ম্যাচের প্রথম দু’দিনের বেশির ভাগ সময়ই পিছিয়ে ছিল ভারত ‘এ’। প্রথম ইনিংসে মাত্র ১১৩ রানে গুটিয়ে যায় তাদের ব্যাটিং। জবাবে নিউজিল্যান্ড ‘এ’ প্রথম ইনিংসে তোলে ৩১৭ রান। ফলে ম্যাচে টিকে থাকতে দ্বিতীয় ইনিংসে বড় রান করা ছাড়া আর কোনও উপায় ছিল না ভারতীয় দলের সামনে। দ্বিতীয় দিনের শুরুতেই আরও বিপাকে পড়ে ভারত ‘এ’। প্রথম পাঁচ ওভারের মধ্যেই ফিরে যান দুই ওপেনার কেএল রাহুল ও যশস্বী জয়সওয়াল। বাউন্সারে বিভ্রান্ত হয়ে ক্যাচ দেন জয়সওয়াল, আর হিট উইকেট হয়ে ফেরেন রাহুল। সেখান থেকে দলকে টেনে তোলার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন পাড়িক্কল।
সুদর্শনের সঙ্গে জুটি (Devdutt Padikkal)
নিউজিল্যান্ডের পেসারদের বিরুদ্ধে শুরু থেকেই আত্মবিশ্বাসী দেখিয়েছে পাড়িক্কলকে। কভার অঞ্চলে নিখুঁত শট খেলা থেকে শুরু করে ফিল্ডিংয়ের ফাঁক খুঁজে রান বের করা—সবেতেই নজর কেড়েছেন তিনি। তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়েন সাই সুদর্শন। সিরিজের প্রথম প্রস্তুতি ম্যাচে মাত্র এক রানের জন্য শতরান হাতছাড়া করেছিলেন সুদর্শন। এবারও তিন অঙ্কের ঘরে পৌঁছতে পারলেন না তিনি। দ্বিতীয় ইনিংসের ৬২তম ওভারে ক্রিশ্চিয়ান ক্লার্কের বলে ৯১ রানে আউট হন সুদর্শন। তবে তার আগে পাড়িক্কলের সঙ্গে তাঁর ২১৫ রানের জুটি ভারত ‘এ’-কে ম্যাচে ফিরিয়ে আনে।
যশ রাঠোড়ের সঙ্গে জুটি (Devdutt Padikkal)
সুদর্শন ফিরে যাওয়ার পর পাড়িক্কলের সঙ্গে জুটি বাঁধেন আর এক বাঁ হাতি ব্যাটার যশ রাঠোড়। ১৪২ বলে ১৪২ রান যোগ করেন তাঁরা। ৬৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন রাঠোড়। এই জুটির সৌজন্যেই ভারত ‘এ’-র লিড দেড়শো রানের গণ্ডি পেরিয়ে যায়। পরবর্তী সময়ে ওয়াশিংটন সুন্দর, অংশুল কম্বোজ এবং আকিব নবির অবদানও দলের রানকে আরও সমৃদ্ধ করে। অংশুল করেন ২৩ রান, আর আকিবের ব্যাট থেকে আসে ৩৮ রান। দিনের শেষে ৫১ রানে অপরাজিত রয়েছেন ওয়াশিংটন।

ধারাবাহিক পাড়িক্কল (Devdutt Padikkal)
লাল বলের ক্রিকেটে বেশ কিছুদিন ধরেই ধারাবাহিক ভাবে রান করছেন পাড়িক্কল। শ্রীলঙ্কার বিরুদ্ধেও ছন্দে ছিলেন তিনি। প্রথমে ভারতীয় দলের পরিকল্পনায় না থাকলেও আগস্টে সুদর্শনের চোটের কারণে টেস্ট দলে সুযোগ পান পাড়িক্কল। সেই সুযোগ কাজে লাগিয়ে নিজের দক্ষতার প্রমাণ দেন তিনি। এবার নিউজিল্যান্ডের মাটিতেও তাঁর ব্যাটে রানের ঝলক। ডবল সেঞ্চুরি অধরা থাকলেও ১৯৯ রানের ইনিংস বুঝিয়ে দিল, লম্বা ইনিংস খেলার ক্ষমতা রয়েছে তাঁর।
আরও পড়ুন: El Clasico: ক্যাম্প ন্যুতে এমবাপের জোড়া গোল, ধরাশায়ী বার্সেলোনা
জয়ের লক্ষ্যে ভারত ‘এ’ (Devdutt Padikkal)
তৃতীয় দিনের শেষে ৮ উইকেটে ৪৮৮ রান তুলে নিউজিল্যান্ড ‘এ’-র বিরুদ্ধে ২৮৪ রানের লিড নিয়েছে ভারত ‘এ’ (Devdutt Padikkal)। প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের পর এমন প্রত্যাবর্তন নিঃসন্দেহে দলকে বাড়তি আত্মবিশ্বাস দেবে। হাতে এখনও দুই উইকেট রয়েছে। চতুর্থ দিনে ব্যাটিং চালিয়ে লিড আরও বাড়ানো, নাকি দ্রুত ইনিংস ঘোষণা করে প্রতিপক্ষকে চাপে ফেলা—সিদ্ধান্ত নিতে হবে ভারতীয় শিবিরকে। পাড়িক্কলের দুরন্ত ইনিংসের পর এবার বোলাররা কত দ্রুত নিউজিল্যান্ড ‘এ’-র ব্যাটিং ভেঙে দিতে পারেন, সেদিকেই নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।



