Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: দুই গোলে পিছিয়ে থেকেও হার মানেনি ভারত। বরং দ্বিতীয়ার্ধে দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়ে ত্রিনিদাদ ও টোবাগোকে ৩-২ গোলে হারাল বিবিয়ানো ফার্নান্ডেসের ছেলেরা (U-15 World Cup)। বুধবার আজারবাইজানের বাকুতে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল ২০২৬-এর রাউন্ড অব ১৬-র ম্যাচে এই দুর্দান্ত জয় তুলে নেয় ভারতের অনূর্ধ্ব-১৫ দল। প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়েও যেভাবে ম্যাচের রং বদলে দিলেন ব্লু কোল্টসরা, তা নিঃসন্দেহে নজরকাড়া। এই জয়ের সুবাদে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল ভারত।
প্রথমার্ধে জোড়া ধাক্কা ভারতের (U-15 World Cup)
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করেছিল ভারত। কিন্তু গোলের সুযোগ কাজে লাগাতে না পারার খেসারত দিতে হয় তাদের। ম্যাচের ষষ্ঠ মিনিটে জেলন ক্যারিংটনের গোলে এগিয়ে যায় ত্রিনিদাদ ও টোবাগো। ১৮ মিনিটে জোশুয়া সাইরাসের গোলে ব্যবধান বেড়ে হয় ২-০। একাধিক সুযোগ তৈরি করেও প্রথমার্ধে গোলের মুখ খুলতে পারেনি ভারত। ফলে বিরতির সময় যথেষ্ট চাপে ছিল বিবিয়ানো ফার্নান্দেসের দল।
বিরতির পর ব্লু কোল্টসরা (U-15 World Cup)
দ্বিতীয়ার্ধে সম্পূর্ণ অন্য মেজাজে মাঠে নামে ভারত। আক্রমণের ঝাঁজ বাড়িয়ে দ্রুত ম্যাচে ফেরার চেষ্টা শুরু করে তারা। ২৩ মিনিটে লালরেমরুয়াতফেলার পাস থেকে গোল করে ব্যবধান কমান ভিক্টর লালাওমপুইয়া। আর মাত্র দু’মিনিটের মধ্যেই ফের গোল করে ভারতকে সমতায় ফেরান তিনি। বক্সের মধ্যে জায়গা তৈরি করে নেওয়ার পর তাঁর শট আটকানোর চেষ্টা করেছিলেন ত্রিনিদাদ ও টোবাগোর গোলরক্ষক মালাচি লিচ। কিন্তু বল গোললাইন পেরিয়ে যাওয়ায় ২-২ হয়ে যায় ম্যাচের স্কোরলাইন।
লালরেমরুয়াতফেলার গোল (U-15 World Cup)
সমতায় ফেরার পরও আক্রমণ থামায়নি ভারত। ২৯ মিনিটে আসে বহু প্রতীক্ষিত জয়সূচক গোল। ডানদিক থেকে নিবার মেইতেই ওয়াহেংবামের বাড়ানো ক্রস ধরে বক্সের মধ্যে ঠান্ডা মাথায় জায়গা তৈরি করেন লালরেমরুয়াতফেলা। তার পর নিখুঁত শটে বল জালে জড়িয়ে ভারতকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন তিনি। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে দুই গোলের ঘাটতি মুছে ফেলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় ভারতীয় দল।
জয় নিয়েই মাঠ ছাড়ল ভারত (U-15 World Cup)
ম্যাচের শেষ দিকে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পেয়েছিল ভারত। ৩৪ মিনিটে সৌম্যজিৎ সরকারের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এর দু’মিনিট পর লালরেমরুয়াতফেলার পাস থেকে হ্যাটট্রিক করার সুযোগ পেয়েছিলেন লালাওমপুইয়া। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। তবে তাতে জয়ের আনন্দে কোনও খামতি পড়েনি। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধান ধরে রেখে মাঠ ছাড়ে ভারত। প্রথমার্ধের হতাশা কাটিয়ে দ্বিতীয়ার্ধে যে মানসিক দৃঢ়তা দেখালেন তরুণ ফুটবলাররা, তা পরের ম্যাচের আগে নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে।
আরও পড়ুন: Ballon d’Or 2026: মেসিকে টপকে সর্বকালের সেরা রোনাল্ডো!
প্রতিপক্ষ আফগানিস্তান (U-15 World Cup)
এবার ভারতের সামনে কোয়ার্টার ফাইনালের চ্যালেঞ্জ। শেষ আটে ব্লু কোল্টসদের মুখোমুখি হবে আফগানিস্তান (U-15 World Cup)। নামিবিয়াকে ৬-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আফগান দল। ফলে পরের ম্যাচেও কঠিন লড়াই অপেক্ষা করছে ভারতের জন্য। তবে দুই গোলে পিছিয়ে থেকেও যেভাবে ঘুরে দাঁড়িয়ে ত্রিনিদাদ ও টোবাগোকে হারিয়েছে বিবিয়ানোর ছেলেরা, তাতে শেষ আটেও ভালো কিছু করার স্বপ্ন দেখতেই পারেন ভারতীয় ফুটবলপ্রেমীরা।



