Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: সুপ্রিম কোর্টেও ধাক্কা ইন্দ্রনীল সেনের। অপ্রাসঙ্গিক আবেদন বলে আগাম জামিনের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Indranil Sen)। রেগুলার জামিনের আবেদন করলে আদালত বিবেচনা করে দেখবে বলে পর্যবেক্ষণে জানালেন বিচারপতি এম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন ভি ভারালের বেঞ্চ। দুর্গাপুজোর পাস বিক্রি সংক্রান্ত কথিত দুর্নীতি মামলায় ফের বড় ধাক্কা প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের। কলকাতা হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টেও খারিজ হয়ে গেল তাঁর আগাম জামিনের আবেদন। শুক্রবার বিচারপতি এম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন ভি ভারালের বেঞ্চ জানায়, আবেদনটি এখন অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে। কারণ, ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন ইন্দ্রনীল সেন। তবে নিয়মিত জামিনের আবেদন করা হলে তা আইন অনুযায়ী বিবেচনা করা হবে বলে জানায় শীর্ষ আদালত।
হাইকোর্টের পর শীর্ষ আদালতের দ্বারস্থ (Indranil Sen)
গ্রেফতারের আশঙ্কা করে প্রথমে কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন ইন্দ্রনীল সেন। তবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সেই আবেদন খারিজ করে দেন। এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। কিন্তু শীর্ষ আদালতে মামলার শুনানির আগেই পরিস্থিতি বদলে যায়। ফলে আগাম জামিনের আবেদনের প্রাসঙ্গিকতাই কার্যত শেষ হয়ে যায়।
বিচারপতি দীপঙ্কর দত্ত সরে দাঁড়ানোয় বাড়ে জটিলতা
এই মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত গত মঙ্গলবার নিজেকে সরিয়ে নেন। ইন্দ্রনীল সেনের সঙ্গে ব্যক্তিগত পরিচয় এবং অতীতে মামলাটির সঙ্গে যুক্ত থাকার কারণ দেখিয়ে তিনি শুনানি থেকে অব্যাহতি নেন। এর পর নতুন বেঞ্চে মামলাটি যায় এবং শুক্রবার শুনানি হয়।
সিজিও থেকে বেরিয়েই গ্রেফতার (Indranil Sen)
গত বুধবার ইডির তলবে সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিলেন ইন্দ্রনীল সেন। তাঁকে জিজ্ঞাসাবাদের পর সেখান থেকে বেরোনোর সময় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তাঁকে গ্রেফতার করে। ইউনেস্কোর লোগো ব্যবহার করে দুর্গাপুজোর পাস চড়া দামে বিক্রি এবং দুর্নীতির অভিযোগে বউবাজার থানায় দায়ের হওয়া মামলার ভিত্তিতেই এই গ্রেফতার বলে জানা যায়।
১০ নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজত (Indranil Sen)
গ্রেফতারের পর ইন্দ্রনীল সেনকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়। আদালত তাঁকে ১০ নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয়। এর মধ্যেই সুপ্রিম কোর্টে আগাম জামিনের মামলাটি শুনানির জন্য ওঠে। কিন্তু যেহেতু আবেদনকারী ইতিমধ্যেই গ্রেফতার, তাই আগাম জামিনের আবেদন আর কার্যকর নয় বলে জানায় শীর্ষ আদালত।
আরও পড়ুন: Cyclone Arnab Effect: ৩১টি বাড়ি ধূলিসাৎ, বিদ্যুৎ বিপর্যয়! বিপর্যস্ত অন্ধ্রে মৃত ৩
নিয়মিত জামিনেই এখন নজর
শুক্রবার সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানায়, ইন্দ্রনীল সেন চাইলে নিয়মিত জামিনের আবেদন করতে পারেন। সেই আবেদন আইন অনুযায়ী বিবেচনা করা হবে। আদালতের বক্তব্য, এই পর্যায়ে কোনও নির্দিষ্ট মন্তব্য তদন্তের উপর প্রভাব ফেলতে পারে। পাশাপাশি কলকাতা হাইকোর্টকেও বিষয়টি বিবেচনা করতে বলা হয়েছে। কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা শুনানিতে জানান, ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে অত্যন্ত গুরুতর অভিযোগ রয়েছে। ফলে এখন নজর নিয়মিত জামিনের আবেদনের দিকে। ইন্দ্রনীল সেনের আইনজীবী মামলাটা প্রত্যাহার করে নেয়। শুনানিতে আইনজীবী আদালতকে জানান, তার মক্কেল তাকে সব রকম সযোগিতা করছেন।



