Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: নগদ টাকা, সোনা-রুপোর গয়না তো ছিলই, চোরেরা হাতিয়ে নিয়ে গেল অলিম্পিকের সোনার পদকও (Hockey)! প্রাক্তন ভারতীয় হকি অধিনায়ক এমএম সোমায়ার বেঙ্গালুরুর বাড়িতে চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ক্রীড়ামহলে। ১৯৮০ সালের মস্কো অলিম্পিকে ভারতীয় হকি দলের জেতা সোনার পদক-সহ একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতার পদক চুরি গিয়েছে। পাশাপাশি নগদ টাকা এবং মূল্যবান গয়নাও নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধার হয়নি চুরি যাওয়া সামগ্রীও।
বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে চুরি (Hockey)
বেঙ্গালুরুর হ্যাল থার্ড স্টেজ এলাকায় থাকেন এমএম সোমায়া। এলাকাটি ইন্দিরানগর থানার অন্তর্গত। গত ২৮ অক্টোবর রাতে এই চুরির ঘটনা ঘটে। সেই সময় পরিবারের সঙ্গে কোডাগুতে যাচ্ছিলেন প্রাক্তন হকি তারকা। বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়েই সেখানে ঢুকে পড়ে দুষ্কৃতীরা। পরে প্রতিবেশীরা বাড়ির তালা ভাঙা অবস্থায় দেখতে পান। তাঁরাই ফোন করে সোমায়াকে বিষয়টি জানান। এরপর বাড়িতে ফিরে থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
অলিম্পিকের সোনার পদক উধাও (Hockey)
চুরি যাওয়া সামগ্রীর তালিকায় রয়েছে ১৯৮০ সালের মস্কো অলিম্পিকে জেতা সোনার পদক। এছাড়াও খোয়া গিয়েছে ১৯৮২ সালের এশিয়ান গেমসের রুপোর পদক এবং ১৯৮৬ সালের সিওল এশিয়ান গেমস ও ১৯৮২ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ব্রোঞ্জ পদক। অর্থাৎ, দীর্ঘ ক্রীড়াজীবনে অর্জন করা একাধিক গুরুত্বপূর্ণ স্মারকই এখন চোরেদের হাতে।
পদকের পাশাপাশি বাড়ি থেকে নগদ ৩০ হাজার টাকা এবং সোনা ও রুপোর গয়নাও চুরি হয়েছে। সব মিলিয়ে খোয়া যাওয়া সামগ্রীর আনুমানিক মূল্য ৩ লক্ষ ৫৩ হাজার টাকা বলে জানা গিয়েছে। তবে আর্থিক মূল্যের বাইরেও পদকগুলির সঙ্গে জড়িয়ে রয়েছে সোমায়ার দীর্ঘ ক্রীড়াজীবনের মূল্যবান স্মৃতি।
সিসিটিভি ফুটেজে দুই সন্দেহভাজন (Hockey)
ঘটনার তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। সোমায়ার বাড়ির উলটো দিকের একটি বাড়ির ক্যামেরায় দুই সন্দেহভাজনের ছবি ধরা পড়েছে। ফুটেজ অনুযায়ী, ২৮ অক্টোবর রাত ২টা ৩৪ মিনিট নাগাদ ওই দু’জনকে সোমায়ার বাড়িতে ঢুকতে দেখা যায়। একজনের পরনে ছিল নীল রঙের জামা, অন্যজনের লাল।
অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধারের আর্জি জানিয়েছেন প্রাক্তন হকি অধিনায়ক। পুলিশ ইতিমধ্যেই তদন্তের জন্য দু’টি বিশেষ দল গঠন করেছে। ভারতীয় ন্যায় সংহিতার ৩৩১(৪) এবং ৩০৫ ধারায় মামলা রুজু হয়েছে।
তিন অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব (Hockey)
ভারতীয় হকির অন্যতম পরিচিত মুখ এমএম সোমায়া (Hockey)। দীর্ঘদিন জাতীয় দলের হাফ ব্যাক পজিশনে খেলেছেন তিনি। তিনটি অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি ভারতীয় দলের অধিনায়কত্বও সামলেছেন। তাঁর নেতৃত্বে ১৯৮৮ সালে নাইরোবিতে পুজো কাপ জেতে ভারত। ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৮৫ সালে অর্জুন পুরস্কারেও সম্মানিত হন তিনি।
আরও পড়ুন: India A team: এ দলের হয়ে খেলবেন বুমরাহ-জাদেজা? অনিশ্চিত পন্থ!
এমন একজন প্রাক্তন অধিনায়কের বাড়ি থেকে অলিম্পিকের সোনার পদক-সহ একাধিক আন্তর্জাতিক পদক চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে ক্রীড়ামহলে। ঘটনার এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও উদ্ধার হয়নি সেই মূল্যবান স্মারকগুলি। এখন পুলিশের তদন্তের দিকেই তাকিয়ে রয়েছেন সোমায়া।



