Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: অবশেষে সাদা জার্সিতে বোলিং থামালেন তিনি (Mohammad Shami)। গৌতম গম্ভীরের জমানায় কোনও ফরম্যাটেই জাতীয় দলে সুযোগ পাননি আর। ২০১৩ সালের ৬ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় শামির। টুপি নম্বর ছিল ২৭৯। ২০২৩ সালে ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের হয়ে সাদা জার্সিতে শেষ টেস্ট খেলেছিলেন। তারপর চোট। চোট থেকে সেরে উঠলেও ফর্ম ফিরে পাচ্ছিলেন না। ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরমেন্স করার পর, তাঁকে টেস্ট দলে ফেরানোর দাবি উঠলেও বারবার বঞ্চিতই থেকে গিয়েছেন। বঞ্চনার যন্ত্রণা থেকেই অবশেষে কঠিন সিদ্ধান্তটা নিয়েই ফেললেন। টেস্ট কেরিয়ারে অভিষেকের দিনেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন আধুনিক ক্রিকেটে দেশের অন্যতম সেরা পেসার মহম্মদ শামি। শুক্রবার গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর কথা জানান ৩৬ বছর বয়সী পেসার।
শামির বিদায় বার্তা (Mohammad Shami)
শামি অবসরের কথা জানাতে গিয়ে লিখেছেন, ‘সাদা জার্সিকে বিদায় জানাচ্ছি। কিন্তু এই জার্সির সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতিগুলো রয়ে যাবে। যখন প্রথম জাতীয় দলের টেস্ট জার্সি পরেছিলাম তখন স্বপ্ন ছিল দেশের জন্য কিছু করার। তারপর প্রত্যেকটা উইকেট, লড়াই, চোট, আবার কামব্যাক আমাকে কিছু না কিছু শিখিয়েছে। টেস্ট ক্রিকেট আমার কাছে শুধু একটা ফরম্যাট ছিল না, আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল।
আজ ভারাক্রান্ত মনে এবং অগুনতি সুন্দর স্মৃতিকে সঙ্গে নিয়ে আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর কথা ঘোষণা করছি। আমার প্রত্যেক সতীর্থ, কোচ, পরিবারের সদস্য এবং লাখ লাখ দেশবাসীকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, যাঁরা আমার এই যাত্রাপথে সবসময় পাশে ছিলেন, সবসময় আমাকে সমর্থন করেছেন এবং ভালো-খারাপ সবসময়ে আমার উপর আস্থা রেখেছেন। প্রচুর পরিশ্রম করেছি, অনেক উত্থান-পতন দেখেছি। কিন্তু কখনও হার মানিনি। ভারতীয় দলের জার্সির জন্য ফের উঠে দাঁড়িয়েছি। তাই ৬ নভেম্বর আমার কাছে ২৭৯ নম্বর টুপি ও লাল বল আছে। আজ আমার অভিষেকের ১৩ বছর হল। এবার এই সফর শেষ করা যাক। সবাই ভালো থাকবেন।’
বিসিসিআই ও সিএবিকে ধন্যবাদ (Mohammad Shami)
বিদায়বেলায় বিসিসিআই ও বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা সিএবি-কেও ধন্যবাদ জানিয়েছেন শামি। লিখেছেন, ‘আমার ক্রিকেটার হিসেবে বেড়ে ওঠার সুযোগ দেওয়া, আমার উপর বিশ্বাস রাখা এবং আমার ক্রিকেট সফরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য বিসিসিআই ও সিএবি-কে আন্তরিক ধন্যবাদ। আপনাদের বিশ্বাস এবং সমর্থন সবসময় আমার হৃদয়ে বিশেষ জায়গা জুড়ে থাকবে। মাঠে টেস্ট ক্রিকেটে আমার শেষ বলটা করা হয়ে গেলেও, ভারতের হয়ে খেলার গর্ব সবসময় আমার হৃদয়ে বেঁচে থাকবে। ধন্যবাদ, টেস্ট ক্রিকেট।’
১৩ বছরের ক্রিকেট কেরিয়ারে ৬৪ ম্যাচে ২২৯ উইকেট নিয়েছেন শামি। ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ৬ বার। ২০১৮ সালে পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেরা বোলিং ৫৬ রানে ৬ উইকেট। গড় ২৭.৭১। ক্যাচ ধরেছেন ১৬টি। টেস্ট কেরিয়ার দু’টি অর্ধশতরানও রয়েছে শামির। মোট রান করেছেন ৭৫০। সর্বোচ্চ রান ৫৬ নট আউট। ২০১৩ সালে ইডেন গার্ডেনসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্ট ম্যাচে গিয়েছিলেন ৯ উইকেট।
আরও পড়ুন: U19 Asia Cup: নেপালকে উড়িয়ে এশিয়া কাপ শুরু ভারতের, বাবার মতোই ব্যাট হাতে ঝড় শেওয়াগ পুত্ররের!
সাদা বলের ক্রিকেট চলবে (Mohammad Shami)
টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও সাদা বলের ক্রিকেট এবং আইপিএলে খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন শামি (Mohammad Shami)। চলতি রঞ্জিত ট্রফিতে বাংলার হয়ে প্রথম তিন ম্যাচে নিয়েছেন ১৪ উইকেট। তার আগে দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের হয়ে তিন ম্যাচে নিয়েছেন ৭ উইকেট। তবে এই মরশুমের রঞ্জি ট্রফিতেও তিনি আর খেলবেন কিনা, তা নিশ্চিত করে জানাননি শামি। কেননা, বাংলার রঞ্জি ট্রফিতে পরবর্তী ম্যাচ আগামী বছরের ফেব্রুয়ারি মাসে।



