Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভোররাতের ভূমিকম্পের কম্পনে ঘুম ভাঙল নেপালবাসীর (Nepal Earthquake)। বৃহস্পতিবার সকাল সাড়ে চারটে নাগাদ সিকিম-নেপাল সীমান্তবর্তী অঞ্চলে অনুভূত হল ৪.৯ মাত্রার ভূমিকম্প। কম্পন অনুভূত হয়েছে সিকিমের একাধিক এলাকায়। রাজ্যের রাজধানী গ্যাংটক-সহ পশ্চিম সিকিম এবং পূর্ব সিকিমের কিছু অংশেও মৃদু কাঁপুনি টের পান বাসিন্দারা। তবে এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে।
কোথায় উৎপত্তি? (Nepal Earthquake)
জাতীয় ভূকম্পনবিদ্যা কেন্দ্রের তথ্য (Nepal Earthquake) অনুযায়ী, ভূমিকম্পটির উৎসস্থল ছিল পশ্চিম সিকিমের গ্যালশিং জেলার ইউকসোমের প্রায় ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭৩ কিলোমিটার গভীরে কম্পনটির উৎপত্তি হয়। কেন্দ্রের নথিতে ভূমিকম্পের অবস্থান উল্লেখ করা হয়েছে ২৭.৬৭১ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৭.৯৮৭ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
আতঙ্কিত বাসিন্দারা
ভূমিকম্পের জেরে পশ্চিম সিকিমের বেশ কয়েকটি এলাকায় মৃদু কম্পন অনুভূত হয়। পাশাপাশি পূর্ব সিকিমের কিছু অংশেও কাঁপুনি টের পাওয়া যায়। গ্যাংটকেও কম্পন অনুভূত হওয়ায় ভোরের দিকে আতঙ্ক ছড়ায় বাসিন্দাদের মধ্যে। অনেকেই ঘুম থেকে উঠে পরিস্থিতির খোঁজখবর নিতে শুরু করেন।


