Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতা বিমানবন্দরে বিমান হাইজ্যাকের হুমকি ঘিরে বুধবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় (Kolkata Airport)। কলকাতা থেকে মুম্বইগামী একটি বিমানের ককপিটে উদ্ধার হয় হাইজ্যাকের হুমকি লেখা চিরকুট। মুহূর্তের মধ্যে বিমানবন্দরে জারি হয় সতর্কতা। নিরাপত্তার স্বার্থে বিমান থেকে নামিয়ে দেওয়া হয় সমস্ত যাত্রীকে। পরে তদন্তে নেমে এক প্রৌঢ় যাত্রীকে গ্রেফতার করে বিমানবন্দর থানার পুলিশ। তবে এই ঘটনার নেপথ্যে যে ব্যক্তিগত কারণ রয়েছে, তা সামনে আসতেই আরও চাঞ্চল্য ছড়িয়েছে।
ককপিটে হাইজ্যাকের চিরকুট (Kolkata Airport)
বিমানবন্দর সূত্রে খবর, বুধবার সকাল ১০টা ২৫ মিনিট নাগাদ কলকাতা থেকে মুম্বই যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল বিমানটি। সেই সময় ককপিটে প্রবেশ করে পাইলট একটি চিরকুট দেখতে পান। তাতে বিমান হাইজ্যাক করার হুমকি লেখা ছিল। বিষয়টির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে খবর দেন পাইলট। এরপর বিমানটিকে আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়। নিরাপত্তার কথা মাথায় রেখে সমস্ত যাত্রীকে বিমান থেকে নামিয়ে শুরু হয় তল্লাশি।
হাতের লেখার নমুনা পরীক্ষা (Kolkata Airport)
ঘটনার তদন্তে নেমে বিমানে থাকা যাত্রীদের হাতের লেখার নমুনা সংগ্রহ করা হয়। সেই নমুনা পরীক্ষা করেই সন্দেহভাজন এক প্রৌঢ়কে চিহ্নিত করেন তদন্তকারীরা। প্রথমে তাঁকে আটক করে সিআইএসএফ। পরে জিজ্ঞাসাবাদের জন্য বিমানবন্দর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তদন্তের পর তাঁকে গ্রেফতার করা হয়।
অসুস্থ স্ত্রীকে ছেড়ে বিদেশ যেতে নারাজ (Kolkata Airport)
পুলিশি তদন্তে উঠে এসেছে আরও চমকে দেওয়ার মতো তথ্য। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত প্রৌঢ় নিজেও ক্যান্সারে আক্রান্ত। তাঁর স্ত্রীও একই রোগে ভুগছেন। কাজের সূত্রে সম্প্রতি তাঁর আফ্রিকায় যাওয়ার কথা ছিল। কিন্তু অসুস্থ স্ত্রীকে একা রেখে বিদেশে যেতে কিছুতেই রাজি ছিলেন না তিনি। অভিযোগ, নিজের আফ্রিকা যাত্রা আটকাতেই বিমানে হাইজ্যাকের ভুয়ো হুমকি দিয়ে চিরকুট লিখেছিলেন ওই প্রৌঢ়। পুলিশি জেরায় অভিযুক্ত নিজের এই পরিকল্পনার কথা স্বীকার করেছেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: Abhishek Banerjee: শেষমেশ অভিষেকের বাড়ির সামনে বুলডোজার অ্যাকশন!
যাত্রীদের দুর্ভোগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
অন্যদিকে, এই ঘটনার জেরে চরম ভোগান্তির শিকার হন বিমানের যাত্রীরা। কারও ছিল চিকিৎসকের কাছে যাওয়ার পরিকল্পনা, আবার কারও ছিল জরুরি কাজ। আচমকা বিমান থেকে নামিয়ে দেওয়া এবং দীর্ঘক্ষণ নিরাপত্তা তল্লাশির কারণে তাঁদের সময় নষ্ট হয়। স্বাভাবিকভাবেই ক্ষোভ প্রকাশ করেন একাংশ যাত্রী।



