Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যের ক্ষমতায় আসার পর থেকেই বাংলার ক্রীড়াকে রাজনীতিমুক্ত করার কথা বারবার বলে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। কিন্তু সেই বার্তার সঙ্গে বাস্তবের ছবিতে কি মিল থাকছে? ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (CAB) নতুন কমিটির সদস্য তালিকা প্রকাশ্যে আসতেই উঠছে এমনই প্রশ্ন। বঙ্গ ক্রিকেট সংস্থার একাধিক কমিটিতে জায়গা করে নিয়েছেন বিজেপির বিধায়ক ও নেতারা। তাঁদের মধ্যে রয়েছেন সজল ঘোষ, রীতেশ তিওয়ারির মতো পরিচিত মুখ।
এজিএম থেকেই শুরু হয়েছিল জল্পনা (CAB)
মাস দেড়েক আগে সিএবির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) হাজির হয়েছিলেন বিজেপির একাধিক নেতা ও বিধায়ক। তখন থেকেই জল্পনা তৈরি হয়েছিল, বঙ্গ ক্রিকেট সংস্থার বিভিন্ন কমিটিতে তাঁদের জায়গা দেওয়া হতে পারে। বৃহস্পতিবার নতুন কমিটির সদস্যদের নাম প্রকাশ্যে আসতেই সেই জল্পনাতেই কার্যত সিলমোহর পড়ল।
কোন কমিটিতে কে? (CAB)
সিএবির নতুন কমিটিতে বরানগরের বিধায়ক সজল ঘোষকে রাখা হয়েছে টুর, ফিক্সচার এবং টেকনিক্যাল কমিটিতে। অন্যদিকে, বিজেপি বিধায়ক রীতেশ তিওয়ারি জায়গা পেয়েছেন ফিনান্স কমিটিতে। উত্তরের বিধায়ক সৌরভ সিকদার রয়েছেন গ্রাউন্ড কমিটিতে। একই কমিটিতে জায়গা পেয়েছেন উত্তর কলকাতার বিজেপি জেলা সভাপতি তমোঘ্ন ঘোষও। দক্ষিণ কলকাতার বিজেপি সভাপতি অনুপম ভট্টাচার্যকে রাখা হয়েছে স্কুল কমিটিতে। এছাড়া স্টেডিয়াম কমিটিতে জায়গা পেয়েছেন অভিষেক ডালমিয়ার স্ত্রী শালিনি ডালমিয়া।
রাজনীতিবিদদের সফট টার্গেট করা হচ্ছে? (CAB)
সিএবির এজিএমে যোগ দেওয়ার পর রাজনীতিমুক্ত ময়দান প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়েছিলেন সজল ঘোষ। সেদিন তাঁর বক্তব্য ছিল, এলাকার একটি ক্লাবের প্রতিনিধি হিসেবেই তিনি সভায় যোগ দিয়েছেন। সজলের কথায়, “দেখুন, আমার এলাকার ক্লাব আমাকে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছে। আমার কেন্দ্রেরই ক্লাব। কাল যদি আমাকে বলেন, তাহলে আমি ছেড়েও দিতে পারি। সবসময় রাজনীতিবিদরাই কেন সফট টার্গেট? ক্লাব যদি মনে করে বিধায়ককে পাঠালে ক্রিকেটের উন্নতি হবে, সেটার কারণ নিশ্চয়ই কিছু রয়েছে।”
চেয়ারম্যান পদে কেউ নন? (CAB)
বিভিন্ন ক্লাবের প্রতিনিধি হিসেবেই বিজেপির এই বিধায়ক ও নেতারা সিএবির এজিএমে যোগ দিয়েছিলেন (CAB)। এবার তাঁদের জায়গা দেওয়া হয়েছে সংস্থার একাধিক গুরুত্বপূর্ণ কমিটিতে। যদিও কাউকেই কোনও কমিটির চেয়ারম্যান করা হয়নি। সিএবির অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে অনুমোদন পাওয়ার পরই প্রকাশ্যে এসেছে নতুন সদস্যদের তালিকা।
আরও পড়ুন: Anthony Andrews: খালিদকে কাঠগড়ায় তুলতে নারাজ অ্যান্থনি, হাবাসের পাশেও দাঁড়ালেন ইস্টবেঙ্গল কোচ
তবে প্রশ্ন উঠছে অন্য জায়গায়। একদিকে রাজ্যের শাসকদলের তরফে ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার বার্তা দেওয়া হচ্ছে, অন্যদিকে সিএবির মতো গুরুত্বপূর্ণ ক্রীড়া প্রশাসনিক সংস্থার বিভিন্ন কমিটিতে জায়গা পাচ্ছেন একাধিক বিজেপি নেতা ও বিধায়ক। ক্লাবের প্রতিনিধি হিসেবে তাঁদের অন্তর্ভুক্তি হলেও রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্ক এড়ানো যাচ্ছে না। ফলে বাংলার ক্রিকেট প্রশাসনে রাজনীতির উপস্থিতি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।



