Last Updated on [modified_date_only] by Tania Rakshit
তানিয়া রক্ষিত: নিউজিল্যান্ডের কাছে ভারতের ৫-০ গোলে হার (Anthony Andrews)। হতাশার সেই ছবি দেখেও খালিদ জামিলের পাশে দাঁড়ালেন অ্যান্টনি অ্যান্ড্রুজ। ভারতীয় ফুটবলের উন্নতির জন্য কোচ বদলের চেয়ে পরিকাঠামো ও গ্রাসরুটে জোর দেওয়ার বার্তা দিলেন ইস্টবেঙ্গলের মহিলা দলের কোচ। একইসঙ্গে হাবাসকে আরও সময় দেওয়ার আর্জি জানালেন। আইডব্লুএল শুরুর আগে খেতাব ধরে রাখার পাশাপাশি মহিলা ফুটবলের ভবিষ্যৎ নিয়েও একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন তিনি।
রাতারাতি বদল সম্ভব নয় (Anthony Andrews)
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫-০ গোলে হার। ভারতীয় ফুটবলের জন্য নিঃসন্দেহে এক লজ্জার অধ্যায়। পানামা ও ব্রাজিলের বিরুদ্ধে লড়াই করে হার, উরুগুয়ের কাছে একাধিক গোল হজমের পর এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে হতশ্রী পারফরম্যান্স। বিশাল কাইথ পেনাল্টি-সহ একাধিক নিশ্চিত গোল না বাঁচালে হারের ব্যবধান আরও বাড়তে পারত। মনবীর সিং, লিস্টন কোলাসোদের পারফরম্যান্সে হতাশ সমর্থকরা। স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে জাতীয় দলের কোচ খালিদ জামিল।

তবে এই হারের জন্য খালিদকে একা দায়ী করতে নারাজ ইস্টবেঙ্গলের মহিলা দলের কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ। তাঁর মতে, রাতারাতি কোনও কোচের পক্ষে দলের ছবিটা বদলে দেওয়া সম্ভব নয়। ব্যক্তিকে কাঠগড়ায় না তুলে ভারতীয় ফুটবলের ভিত মজবুত করার দিকে নজর দেওয়া উচিত।
অ্যান্থনি বলেন, “আমি ম্যাচটা দেখিনি। তবে এই ফলের জন্য খালিদের খুব বেশি কিছু করার নেই। রাতারাতি একজন কোচ দলের ভোল বদলে দিতে পারে না। তাই ওকে দোষ দেওয়া যাবে না। আমাদের গ্রাসরুটে ফোকাস করতে হবে। অ্যাকাডেমি তৈরির দিকে নজর দিতে হবে। একেবারে গোড়া থেকে শুরু করতে হবে। তবেই ভাল কিছুর আশা করতে পারব।”
হাবাসের পাশেও দাঁড়ালেন (Anthony Andrews)
শুধু জাতীয় দল নয়, ক্লাব ফুটবলেও এখন আলোচনার কেন্দ্রে কোচ। চেন্নাইয়িন এফসির কাছে ৫-৩ গোলে হারের পর ইস্টবেঙ্গল কোচ আন্তোনিও লোপেজ হাবাসকে নিয়ে সমর্থকদের একাংশের মধ্যে ক্ষোভ বেড়েছে। তবে বর্ষীয়ান স্প্যানিশ কোচের পাশে দাঁড়ালেন অ্যান্থনি। তাঁর মতে, একটি ম্যাচের ফল দিয়ে কোনও কোচের যোগ্যতা বিচার করা উচিত নয়।
অ্যান্থনির কথায়, “একটা ম্যাচ হারলেই হাবাস খারাপ কোচ হয়ে যায় না। এক ম্যাচের ফলের উপর সবকিছু নির্ভর করে না। হাবাসকে সময় দিতে হবে। একইসঙ্গে দুটো টুর্নামেন্ট চলছে। তাই মানিয়ে নেওয়া সহজ নয়। তার উপর একটানা ম্যাচ খেলার ক্লান্তি রয়েছে। আমি সমর্থকদের ধৈর্য ধরার অনুরোধ করব।”
এএফসির আত্মবিশ্বাস নিয়েই আইডব্লুএলে (Anthony Andrews)
শুক্রবার থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান উইমেন্স লিগ। আট দলের এই প্রতিযোগিতার প্রথম ম্যাচেই গোকুলাম কেরালার মুখোমুখি হবে গত দু’বারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। কল্যাণীর মাঠে সন্ধ্যা সাতটায় শুরু হবে ম্যাচ। আন্তর্জাতিক মঞ্চে সাফল্যের রেশ কাটতে না কাটতেই ঘরোয়া লিগের চ্যালেঞ্জ। তবে সেই সাফল্যই ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করছেন অ্যান্থনি।
তাঁর বক্তব্য, “অবশ্যই এএফসি কাপের সাফল্য প্রভাব ফেলবে। টেকনিক্যালি না হলেও ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়াবে। নিজেদের প্রতি বিশ্বাসও বাড়বে। আন্তর্জাতিক ম্যাচ খেলা অনেক বেশি কঠিন। দুটো টুর্নামেন্টের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তবে আমরা এখনই চ্যাম্পিয়ন হওয়ার কথা ভাবছি না। সবে এএফসি শেষ হয়েছে। ফুটবলারদের শারীরিকভাবে ফিট রাখাই প্রধান লক্ষ্য। তবে খেতাব ধরে রাখার জন্য আমরা সেরাটা দেব।”
১৩-১৪ ম্যাচে উন্নতি সম্ভব নয় (Anthony Andrews)
ইস্টবেঙ্গলের মহিলা দলে জাতীয় দলের একাধিক ফুটবলার রয়েছেন। কিন্তু বর্তমান আইডব্লুএলের কাঠামো নিয়ে খুব একটা সন্তুষ্ট নন অ্যান্থনি। তাঁর মতে, মাত্র ১৩-১৪ ম্যাচের লিগ খেলে একজন ফুটবলারের উল্লেখযোগ্য উন্নতি সম্ভব নয়। বরং প্রতিযোগিতার ম্যাচ ও দলের সংখ্যা বাড়ানো প্রয়োজন। মহিলা ফুটবলকে আরও পেশাদার এবং প্রতিদ্বন্দ্বিতামূলক করে তোলার পক্ষেই সওয়াল করেছেন তিনি।
অ্যান্থনি বলেন, “এই লিগ জাতীয় দলকে সাহায্য করে না। মাত্র ১৩-১৪ ম্যাচ খেলে একজন ফুটবলার বিশাল উন্নতি করতে পারে না। লিগকে আরও প্রতিযোগিতামূলক করতে হবে। ভবিষ্যতে দলের এবং ম্যাচের সংখ্যা বাড়াতে হবে। তবেই জাতীয় দলের উন্নতি হবে। শুধুমাত্র একটা লিগ চালানোর জন্য চালিয়ে লাভ নেই।”
বিশ্রাম পেলেও অজুহাত নয় (Anthony Andrews)
এএফসি অভিযান শেষ করে আইডব্লুএলে নামার আগে ফুটবলারদের রিকভারির বিষয়টিও মাথায় রাখছেন অ্যান্থনি। প্রয়োজনে কয়েকজনকে বিশ্রাম দেওয়া হতে পারে। তবে কোনও অজুহাত নয়, মাঠে নেমে ফল করাই তাঁর প্রধান লক্ষ্য। এবারের সূচিতে সন্ধ্যা সাতটায় ম্যাচ থাকায় খুশি লাল-হলুদ কোচ। এতদিন সকালে কিংবা দুপুরের তীব্র রোদে খেলতে হত ফুটবলারদের। সেই জায়গায় সন্ধ্যার ম্যাচ নিঃসন্দেহে স্বস্তি দেবে।
এবার ইস্টবেঙ্গলের ঘরের ম্যাচগুলি হবে কল্যাণীতে। বাকি দুই ভেন্যু জামশেদপুর ও বেঙ্গালুরু। গোকুলাম এবং ইস্টবেঙ্গল, দুই দলের কোচ হিসেবেই চারবার মহিলা লিগ জিতেছেন অ্যান্টনি। ফলে এবারও খেতাব ধরে রাখার প্রত্যাশা থাকবে তাঁর দলের কাছে।
ট্রফি উন্মোচনে চার দল (Anthony Andrews)
বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনের লাগোয়া একটি হোটেলে আইডব্লুএলের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় (Anthony Andrews)। উপস্থিত ছিলেন প্রতিযোগিতায় অংশ নেওয়া চার দলের কোচ ও অধিনায়ক। সেখানেই আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন করা হয়। পাশাপাশি কেক কেটে সেথু এফসির ফুটবলার মালবিকার জন্মদিনও পালন করা হয়।
আরও পড়ুন: Indian football team: লজ্জার হার! নিউজিল্যান্ডের কাছে ৫ গোল খেল ভারত
জাতীয় দলের ব্যর্থতা, ক্লাব ফুটবলে কোচের উপর চাপ কিংবা মহিলা লিগের সীমাবদ্ধতা—সব বিষয়েই নিজের মতামত স্পষ্ট করেছেন অ্যান্টনি অ্যান্ড্রুজ। তাঁর কথায় ফুটে উঠেছে একটি বার্তাই—ভারতীয় ফুটবলের উন্নতি চাইলে সাময়িক ফলাফলের বাইরে গিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় জোর দিতে হবে।



