Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: সাতসকালে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল হাওড়ার বালি হল্ট বাসস্ট্যান্ড এলাকায় (Bally Halt)। বাসস্ট্যান্ডের নিচে থাকা একটি বন্ধ দোকানে আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের একাধিক দোকানে। আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। তবে ততক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে চার থেকে পাঁচটি দোকান।
বন্ধ দোকান থেকেই আগুনের সূত্রপাত (Bally Halt)
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বালি হল্ট বাসস্ট্যান্ডের নিচে বেশ কয়েকটি দোকান রয়েছে। এদিন সাতসকালে ওই দোকানগুলির মধ্যে একটি বন্ধ দোকান থেকেই প্রথম আগুন দেখতে পাওয়া যায়। প্রথমে বিষয়টি নজরে আসে বালি ট্রাফিক পুলিশের। পরিস্থিতির গুরুত্ব বুঝে এক মুহূর্ত দেরি না করে খবর দেওয়া হয় বালি দমকল বিভাগে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর কাজ।
চার থেকে পাঁচটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত (Bally Halt)
ওই এলাকায় প্রায় ১২টি দোকান ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় একের পর এক দোকান পুড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। তবে দমকলকর্মীদের তৎপরতায় বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও চার থেকে পাঁচটি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গিয়েছে। বাকি দোকানগুলিকে আগুনের গ্রাস থেকে রক্ষা করতে সক্ষম হন দমকলকর্মীরা। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়।
অল্পের জন্য রক্ষা মালগাড়ি ও সিগন্যাল বক্স (Bally Halt)
এই অগ্নিকাণ্ড আরও ভয়াবহ রূপ নিতে পারত বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ, আগুন লাগার জায়গার ঠিক পাশেই রয়েছে বালি স্টেশনের রেললাইন। সেখানে দাঁড়িয়েছিল একটি মালগাড়ি। দমকলের দ্রুত পদক্ষেপে মালগাড়িটি বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পায়। আগুন রেলের বৈদ্যুতিক ব্যবস্থায় ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও জটিল হতে পারত। ব্যাহত হতে পারত ট্রেন চলাচলও। nরেল আধিকারিকদের বক্তব্য অনুযায়ী, আগুনের কাছেই ছিল গুরুত্বপূর্ণ সিগন্যাল বক্স। সেটি ক্ষতিগ্রস্ত হলে ট্রেন চলাচলে বড়সড় বিঘ্ন ঘটার আশঙ্কা ছিল। ফলে দমকলের তৎপরতায় শুধু দোকানপাটই নয়, রেলের পরিকাঠামোও রক্ষা পেয়েছে।
আরও পড়ুন: Anna Hazare Controversy: বিজেপি-আরএসএসের মদতে আন্দোলন? সোনিয়ার দাবিকে ‘ভুয়ো’ বললেন আন্না হাজারে
কীভাবে আগুন লাগল, তদন্তে উঠছে প্রশ্ন
তবে ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটল, তা এখনও জানা যায়নি। বন্ধ দোকানে কীভাবে আগুনের সূত্রপাত হল, তা নিয়েও তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। শর্ট সার্কিট, নাকি অন্য কোনও কারণে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্তের অপেক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। সাতসকালের এই অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও দমকলের তৎপরতায় রেল চলাচলসহ আরও বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।



