Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ কলকাতার যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা নতুন করে বাড়ল (Sarbori Mukherjee)। এলাকার বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের ছবি বিকৃত করার অভিযোগকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। বিজয়ার শুভেচ্ছা জানিয়ে লাগানো একটি ব্যানারে বিধায়কের ছবিতে পেন দিয়ে গোঁফ এঁকে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, মুখের বিভিন্ন অংশে করা হয়েছে আঁকিবুঁকি। এই ঘটনা সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। ইতিমধ্যেই পাটুলি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

বিজয়ার শুভেচ্ছা ব্যানারেই বিকৃত করা হল বিধায়কের ছবি! (Sarbori Mukherjee)
ঘটনাটি দক্ষিণ কলকাতার যাদবপুরের গাঙ্গুলিবাগান এলাকার। রাস্তার ধারে এবং বিভিন্ন দেওয়ালে একাধিক ব্যানার লাগানো রয়েছে। তারই মধ্যে ছিল বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের ছবি দেওয়া একটি বিজয়ার শুভেচ্ছা ব্যানার। ব্যানারের একদিকে ছিল শুভেচ্ছাবার্তা, অন্যদিকে হাতজোড় করে দাঁড়িয়ে থাকা বিধায়কের ছবি। অভিযোগ, সেই ছবিতেই পেন দিয়ে গোঁফ এঁকে দেওয়া হয়েছে। এমনকী দাঁতও কালো করে দেওয়া হয়েছে। মুখের বিভিন্ন অংশে করা হয়েছে অশালীন আঁকিবুঁকি। বিষয়টি নজরে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
সিপিএমের দিকে অভিযোগের আঙুল বিজেপির! (Sarbori Mukherjee)
এই ঘটনার পিছনে সিপিএমের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। যাদবপুরের বিজেপি কর্মীদের দাবি, এলাকার বিধায়কের কাজকর্মে বিরোধী শিবিরের একাংশ অস্বস্তিতে রয়েছে। সেই কারণেই পরিকল্পিতভাবে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে বলে তাঁদের অভিযোগ। বিজেপি কর্মীদের একাংশের দাবি, ‘দিমাগি নকশাল’ মানসিকতার লোকেরাই এই কাজের সঙ্গে যুক্ত। যদিও সিপিএমের বিরুদ্ধে ওঠা এই অভিযোগের এখনও কোনও প্রমাণ সামনে আসেনি।
আগেও পতাকা, গীতা ও পৈতে পোড়ানোর অভিযোগ! (Sarbori Mukherjee)
বিজেপি কর্মীদের আরও দাবি, এর আগেও এলাকায় তাঁদের দলের পতাকা ছেঁড়া, গীতা ও পৈতে পোড়ানোর মতো ঘটনা ঘটেছে। তাঁদের অভিযোগ, বারবার একই ধরনের ঘটনার মাধ্যমে রাজনৈতিক ও ধর্মীয় ভাবাবেগে আঘাত করার চেষ্টা করা হচ্ছে। বিধায়কের ছবি বিকৃত করার ঘটনাকেও সেই ধারাবাহিকতার অংশ বলে মনে করছেন তাঁরা।

আরও পড়ুন: Anna Hazare Controversy: বিজেপি-আরএসএসের মদতে আন্দোলন? সোনিয়ার দাবিকে ‘ভুয়ো’ বললেন আন্না হাজারে
সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ
ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই পাটুলি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কে বা কারা রাতের অন্ধকারে কিংবা দিনের বেলায় এই কাজ করেছে, তা জানতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে এখনও পর্যন্ত অভিযুক্তদের পরিচয় প্রকাশ্যে আসেনি। রাজনৈতিক চাপানউতোরের আবহে এখন নজর পুলিশের তদন্তের দিকে। দোষীদের চিহ্নিত করে কী পদক্ষেপ করা হয়, সেটাই দেখার।



