Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: মাঠে বর্ণবিদ্বেষী আচরণ, বলের বাইরে ভারতীয় ফুটবলারকে লাথি মারার অভিযোগ (India vs Palestine)। সব মিলিয়ে বিতর্কে উত্তাল অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ভারত-প্যালেস্তাইন ম্যাচ। বৃষ্টির জন্য প্রায় চার ঘণ্টা ধরে চলা ম্যাচে অবশ্য সব বিতর্কের জবাব মাঠেই দিয়েছে ভারতের তরুণ ফুটবলাররা। প্যালেস্তাইনকে ৪-১ গোলে হারিয়ে এশিয়ান কাপের মূলপর্বে ওঠার আরও কাছে পৌঁছে গেল মেহরাজউদ্দিন ওয়াড্ডুর দল।
গোলের পর গোল, বৃষ্টিতে দীর্ঘ বিরতি (India vs Palestine)
মঙ্গলবার কুয়ালালামপুরে গ্রুপ ‘ই’-র ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল ভারত। মাত্র ৮ মিনিটে কামগৌহাও ডৌঙ্গেলের গোলে এগিয়ে যায় মেন ইন ব্লু। ৩৪ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরায় প্যালেস্তাইন। এরপর প্রবল বৃষ্টির কারণে দ্বিতীয়ার্ধের খেলা দীর্ঘক্ষণ বন্ধ থাকে। প্রায় দু’ঘণ্টা ড্রেসিংরুমে অপেক্ষা করার পর ফের মাঠে নামেন ফুটবলাররা। দ্বিতীয়ার্ধে মুকুন্দ সিং, অধিনায়ক দালালমুন গাংতে এবং লালহুনমাওইয়ার গোলে ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ভারত।

ভারতীয় ফুটবলারকে লাথি, লাল কার্ড (India vs Palestine)
তবে ম্যাচের সবচেয়ে ন্যক্কারজনক ঘটনা ঘটে নবম মিনিটে। প্যালেস্তাইনের এক ফুটবলারের সঙ্গে সংঘর্ষে মাটিতে পড়ে যান ভারতের এক তরুণ ফুটবলার। অভিযোগ, এরপর বলের দিকে নজর না দিয়ে ওই ভারতীয় ফুটবলারের পেটে পরপর লাথি মারতে থাকেন প্যালেস্তিনীয় খেলোয়াড়। পরিস্থিতি দেখে দ্রুত ছুটে আসেন রেফারি। সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন অভিযুক্ত ফুটবলারকে। যদিও তাঁর প্রতিক্রিয়ায় বিন্দুমাত্র অনুতাপ দেখা যায়নি বলে অভিযোগ।

গাংতের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ (India vs Palestine)
প্রথমার্ধের শেষ দিকেও আরও একটি বিতর্কিত ঘটনা ঘটে। ভারতের অধিনায়ক দালালমুন গাংতের উদ্দেশে প্যালেস্তাইনের এক ফুটবলার বর্ণবিদ্বেষী অঙ্গভঙ্গি করেন বলে অভিযোগ। গাংতে কাছে যেতেই নিজের নাকের সামনে হাত ঝাড়ার ভঙ্গি করেন ওই ফুটবলার। এই আচরণ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। এবার দেখার, ঘটনার ভিডিও ও রিপোর্ট খতিয়ে দেখে এএফসি কোনও পদক্ষেপ করে কি না।

আরও পড়ুন: SAFF Championship: পাকিস্তানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন ভারত, নায়ক বাংলার সন্দীপ!
এশিয়ান কাপের দরজায় ভারত (India vs Palestine)
মাঠের বাইরের বিতর্কে না জড়িয়ে নিজেদের খেলাতেই মন দিয়েছিল ভারত (India vs Palestine)। এই জয়ের ফলে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান আরও মজবুত করল তারা। গোলপার্থক্যেও অনেকটা এগিয়ে মেহরাজউদ্দিনের ছেলেরা। এবার শেষ ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে ভারত। সেই ম্যাচে ভালো ফল করলেই অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূলপর্বে ওঠার স্বপ্ন পূরণ হতে পারে ভারতীয় দলের।



