Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বহু জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরলেন বীরভূমের পলাতক পাথর ও বালি ব্যবসায়ী টুলু মণ্ডল (Tulu Mondal)। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই গত মঙ্গলবার, ১৭ নভেম্বর তিনি দেশে ফিরেছেন বলে তাঁর আইনজীবীর তরফে জানানো হয়েছে। সূত্রের খবর, মঙ্গলবার রাতেই কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন তিনি। তবে আপাতত বীরভূমে ফিরছেন না কয়েক হাজার কোটি টাকার ডিএসিআর (DCR) দুর্নীতি মামলায় অভিযুক্ত এই পাথর ব্যবসায়ী। কলকাতাতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফলে তাঁর প্রত্যাবর্তন ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে।
আদালত ও তদন্তকারী আধিকারিকদের বার্তা (Tulu Mondal)
টুলু মণ্ডলের আইনজীবী সিকান্দার আনসারির দাবি, দেশে ফেরার বিষয়টি ইতিমধ্যেই লিখিতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সিউড়ির এসিজেএম আদালত, কলকাতা হাইকোর্ট এবং মামলার তদন্তকারী আধিকারিকদের কাছে তাঁর প্রত্যাবর্তনের তথ্য পাঠানো হয়েছে। তদন্তকারী অফিসার তথা বীরভূম জেলা পুলিশের ডিএসপি (আইনশৃঙ্খলা) কুণাল মুখোপাধ্যায়কেও বিষয়টি জানানো হয়েছে বলে দাবি আইনজীবীর। শুধু তাই নয়, দেশে ফেরার আগেই কোন বিমানে এবং কখন তিনি কলকাতায় পৌঁছবেন, সেই তথ্য ই-মেল ও তদন্তকারী আধিকারিকের সরকারি হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানো হয়েছিল বলেও জানিয়েছেন তাঁর আইনজীবী।
২৪ ঘণ্টার মধ্যে হাজিরার আশ্বাস (Tulu Mondal)
টুলু মণ্ডলের আইনজীবীর বক্তব্য, তদন্তকারী আধিকারিকরা তাঁকে যখনই জিজ্ঞাসাবাদের জন্য ডাকবেন, তিনি ২৪ ঘণ্টার মধ্যে হাজির হবেন। তদন্তের কাজে সবরকম সহযোগিতা করতেও তিনি প্রস্তুত। তবে মঙ্গলবার তাঁর পক্ষ থেকে কোনও জামিনের আবেদন করা হয়নি বলে জানিয়েছেন আইনজীবী সিকান্দার আনসারি।
কয়েক হাজার কোটি টাকার DCR দুর্নীতি (Tulu Mondal)
উল্লেখ্য, বীরভূমে সরকারি ডিএসিআর ব্যবস্থাকে কেন্দ্র করে কয়েক হাজার কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগের তদন্ত করছে পুলিশ। সরকারি রাজস্বের বিপুল অর্থ নয়ছয়ের পাশাপাশি এই ঘটনায় সিন্ডিকেটের মাধ্যমে অপরাধমূলক কার্যকলাপের অভিযোগও উঠেছে। তদন্তকারীদের দাবি, এই চক্রের অন্যতম গুরুত্বপূর্ণ মাথা টুলু মণ্ডল। বেশ কিছুদিন ধরেই তিনি দেশের বাইরে ছিলেন। দেশে ফিরলেই তাঁকে গ্রেপ্তার করা হতে পারে, এমন আশঙ্কা থেকেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁর আইনজীবীরা। পরবর্তী সময়ে শীর্ষ আদালত নির্দেশ দেয়, ১৭ নভেম্বরের মধ্যে তাঁকে দেশে ফিরতে হবে। পাশাপাশি ৫ ডিসেম্বর পর্যন্ত তাঁকে গ্রেপ্তার না করার অন্তর্বর্তী সুরক্ষাও দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Birbhum: বীরভূমে পুলিশকে লক্ষ্য করে গুলি, অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু!
এবার কি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন টুলু?
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দেশে ফিরলেও তদন্তের গুরুত্বপূর্ণ পর্ব এখনও বাকি। আপাতত কলকাতায় রয়েছেন টুলু মণ্ডল। তদন্তকারী আধিকারিকরা কবে তাঁকে তলব করেন, তিনি কবে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন এবং তদন্তে কী তথ্য উঠে আসে, এখন সেদিকেই নজর। কয়েক হাজার কোটি টাকার ডিএসিআর দুর্নীতি মামলায় টুলু মণ্ডলের প্রত্যাবর্তন তদন্তে কতটা নতুন মোড় আনে, সেটাই এখন দেখার।



