Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্যের মুখে নিরাপত্তাবাহিনী (Jammu Kashmir)। গত কয়েকদিন ধরে আত্মগোপন করে থাকা লস্কর-ই-তৈবার মোস্ট ওয়ান্টেড জঙ্গি লতিফ ভাটকে ঘিরে ফেলেছে যৌথবাহিনী। তাকে খুঁজে বের করতে কুলগাম জুড়ে শুরু হয়েছে ব্যাপক তল্লাশি অভিযান। জম্মু ও কাশ্মীর পুলিশ, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ) এবং ভারতীয় সেনার যৌথ উদ্যোগে চলছে এই অভিযান। নিরাপত্তাবাহিনীর দাবি, গত ১১ নভেম্বর কুলগামে সেনা ক্যাম্পে হামলার অন্যতম মূল পরিকল্পনাকারী ছিল এই লতিফ।

ভিডিও কলে আত্মসমর্পণের আবেদন সেনার! (Jammu Kashmir)
অভিযানের মধ্যেই সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, নিরাপত্তাবাহিনীর সদস্যরা ভিডিও কলের মাধ্যমে লতিফের সঙ্গে যোগাযোগ করেন। সেই কথোপকথনের একটি অংশও প্রকাশ্যে এসেছে। সেখানে এক সেনাকর্তাকে লতিফের উদ্দেশে বলতে শোনা যায়, আত্মসমর্পণ করুন, আমরা আপনার সঙ্গে আছি। অর্থাৎ, গুলির লড়াইয়ে না গিয়ে যাতে সে আত্মসমর্পণ করে, সেই চেষ্টাই চালায় নিরাপত্তাবাহিনী।
কিন্তু সেনার সেই প্রস্তাবে রাজি হয়নি লতিফ। বরং আত্মসমর্পণের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে সে জানায়, গুলির লড়াইয়ে মৃত্যু হলেই সে বেশি খুশি হবে। ফলে নিরাপত্তাবাহিনীর সঙ্গে তার সংঘর্ষের আশঙ্কা আরও বেড়েছে।
১১ নভেম্বরের হামলার মাস্টারমাইন্ড লতিফ? (Jammu Kashmir)
উল্লেখ্য, গত ১১ নভেম্বর কুলগাম জেলার একটি চেকপয়েন্টে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ জওয়ানদের উপর হামলা চালায় জঙ্গিরা। মোটরবাইকে চেপে এসে ক্যাম্প লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয়। অতর্কিত এই হামলায় আহত হন তিন জওয়ান। তদন্তে উঠে আসে লস্করের অন্যতম গুরুত্বপূর্ণ জঙ্গি লতিফ ভাট এবং তার সঙ্গীর নাম। ঘটনার দিন এলাকার একাধিক সিসিটিভি ক্যামেরায় তাদের গতিবিধি ধরা পড়েছিল বলে জানা যায়।
অভিযানে মৃত্যু সঙ্গীর, পালিয়ে যায় লতিফ
এরপর লতিফকে ধরতে তল্লাশি অভিযান আরও জোরদার করে নিরাপত্তাবাহিনী। গত সোমবার কুলগামের লারু এলাকায় অভিযান চালিয়ে নিসার দার নামে তার এক সহযোগী জঙ্গিকে নিকেশ করে সেনা। তবে সেই অভিযানের ফাঁকেই পালিয়ে যেতে সক্ষম হয় লতিফ। অভিযানে সে নিজেও আহত হয়েছে বলে বিভিন্ন সূত্রে খবর।
আরও পড়ুন: Birbhum: বীরভূমে পুলিশকে লক্ষ্য করে গুলি, অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু!
বুধবার ভোর থেকে ফের চিরুনি তল্লাশি
লতিফের সন্ধানে বুধবার ভোর থেকেই কুলগামের বিভিন্ন এলাকায় নতুন করে অভিযান শুরু করেছে যৌথবাহিনী। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন এলাকাগুলি ঘিরে ফেলা হয়েছে। অনুমান, আশপাশের কোনও জায়গায় আত্মগোপন করে রয়েছে সে। তবে ঠিক কোথায় তার অবস্থান, তা এখনও নিশ্চিত করতে পারেনি নিরাপত্তাবাহিনী।



