Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ফুটবল মাঠে স্বপ্ন পূরণের বয়স তখনও শুরু হয়নি। চোখে ছিল বড় ফুটবলার হওয়ার স্বপ্ন, পায়ে ছিল বল নিয়ে এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছা (Abel Núñez)। কিন্তু মাত্র ১৮ বছর বয়সেই থেমে গেল সবকিছু। প্রয়াত হলেন আর্জেন্টিনার প্রতিভাবান তরুণ ফুটবলার আবেল নুনেজ। তাঁর অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আর্জেন্টিনার ফুটবল মহলে।
মাঠের দুর্ঘটনা, তারপর দীর্ঘ লড়াই (Abel Núñez)
গত বৃহস্পতিবার এএফএ যুব সি টুর্নামেন্টের পঞ্চম বিভাগের ম্যাচে দেপোর্তিভো মুনিয়েজের মুখোমুখি হয়েছিল নুনেজের ক্লাব এফসি এজেইজা। ক্লাব আতলেতিকো লা সোনিয়ার মাঠে চলছিল সেই ম্যাচ। খেলার মধ্যেই প্রতিপক্ষের একটি শট সরাসরি নুনেজের মাথায় লাগে। মাঠেই তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তরুণ ফুটবলারকে।
হাসপাতালে তাঁর অস্ত্রোপচারও হয়। কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা সত্ত্বেও শারীরিক অবস্থার উন্নতি হয়নি। শেষ পর্যন্ত রবিবার হার মানতে হয় ১৮ বছরের এই ফুটবলারকে। যে বয়সে নতুন স্বপ্ন দেখার কথা, সেই বয়সেই চিরবিদায় নিলেন নুনেজ।
শোকস্তব্ধ এফসি এজেইজা (Abel Núñez)
নুনেজের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছে তাঁর ক্লাব এফসি এজেইজা। সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তায় ক্লাব লিখেছে, একজন তরুণকে বিদায় জানাতে হচ্ছে, যার সামনে পড়ে ছিল গোটা জীবন। তাঁর চলে যাওয়ায় তৈরি হওয়া শূন্যতা ভাষায় প্রকাশ করা অসম্ভব।
শুধু এফসি এজেইজা নয়, নুনেজের সঙ্গে যুক্ত অন্য ক্লাব নিউভা এস্ত্রেয়াও শোকপ্রকাশ করেছে। এই ক্লাবের রিজার্ভ দলের হয়ে ফুটসাল খেলতেন তিনি। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্লাবের তরফে সব ধরনের খেলা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থগিত ম্যাচ, ফুটবল মহলে শোক (Abel Núñez)
নুনেজের মৃত্যুতে শোক জানিয়েছে ভিলা লুগানোর ক্লাবও। তাঁর প্রতিপক্ষ আর্জেন্টিনোস জুনিয়র্সের বিরুদ্ধে নির্ধারিত ম্যাচ স্থগিত করা হয়েছে (Abel Núñez)। মাঠের প্রতিদ্বন্দ্বিতা ভুলে তরুণ ফুটবলারের প্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়েছে ফুটবল মহল।
আরও পড়ুন: Mohammed Siraj: বিদেশে সফল সিরাজই বাদ! গিলের একাদশে বড় চমক
একজন তরুণ ফুটবলারের জীবনে কত স্বপ্ন, কত সম্ভাবনা লুকিয়ে থাকে, আবেল নুনেজের অকালপ্রয়াণ যেন আবারও মনে করিয়ে দিল সেই কথাই। ফুটবল মাঠে তাঁর পথচলা থেমে গেল মাত্র ১৮ বছরেই। কিন্তু সতীর্থ, ক্লাব এবং কাছের মানুষদের স্মৃতিতে থেকে যাবে তাঁর নাম।



