Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: অসমে খেলতে গিয়ে বিতর্কে জড়াল ইস্টবেঙ্গলের (East Bengal) রিজার্ভ দল। সেমিফাইনালে আইজল এফসিকে ৩-১ গোলে হারালেও ম্যাচের শেষ মুহূর্তে দুই দলের ফুটবলারদের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে মাঠে নামতে হয় পুলিশকেও। পরে ইস্টবেঙ্গল ডিফেন্ডার অঙ্কন ভট্টাচার্যের গালে কাটা দাগ দেখা যায়। এই ঘটনার জন্য টুর্নামেন্টের আয়োজক, রেফারি ও ম্যাচ কমিশনারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
৩-১ গোলে জিতেও স্বস্তি নেই ইস্টবেঙ্গলে (East Bengal)
কৃপেশ চন্দ্র পাল মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট খেলতে অসমে গিয়েছে ইস্টবেঙ্গলের রিজার্ভ দল। মূলত কলকাতা লিগে খেলা ফুটবলারদের নিয়েই তৈরি এই দল। করিমগঞ্জে সেমিফাইনালে আইজল এফসির বিরুদ্ধে প্রথম একাদশে ছিলেন অঙ্কন ভট্টাচার্য, মনোতোষ চাকলাদার, চাকু মান্ডি, মহম্মদ বিলাল ও বিজয় মুর্মুরা। ম্যাচে ৩-১ গোলে জয় পায় লাল-হলুদ। তবে খেলার শুরু থেকেই দুই দলের মধ্যে উত্তেজনা ছিল। শেষ মুহূর্তে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়।
বিলালকে ঘিরে শুরু ঝামেলা, মাঠে নামল পুলিশ (East Bengal)
সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, ম্যাচের শেষ দিকে ইস্টবেঙ্গলের মহম্মদ বিলালের সঙ্গে আইজলের এক ফুটবলারের বচসা শুরু হয়। এরপর আইজলের গোলকিপার এসে বিলালকে আঘাত করেন বলে অভিযোগ। সেখান থেকেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। দুই দলের বাকি ফুটবলাররাও হাতাহাতিতে জড়িয়ে পড়েন। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামে পুলিশ।
রেফারি ও ম্যাচ কমিশনারকে কাঠগড়ায় অঙ্কন (East Bengal)
ঘটনার পর ইস্টবেঙ্গলের ডিফেন্ডার অঙ্কন ভট্টাচার্যের গালে কাটা দাগ দেখা যায়। হাতাহাতির সময় তিনি আঘাত পেয়েছেন । অঙ্কনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি মনে করি এটা রেফারি, ম্যানেজমেন্ট ও ম্যাচ কমিশনারের ব্যর্থতা। একজন ফুটবলার হিসেবে আমার মনে হয়েছে, ওদের মধ্যে কোনও স্পোর্টসম্যান স্পিরিট নেই। রেফারিং খুব খারাপ। ফুটবল মাঠে ঝামেলা হয়েই থাকে। কিন্তু ঘটনা যে পথে এগোল, তা রেফারি ও ম্যাচ কমিশনারের ব্যর্থতা। প্রথম থেকেই ওরা আমাদের সঙ্গে এরকম ব্যবহার করছিল। রেফারি কিছুই বলেনি। ওদের সমর্থনেই ছিল।”
আরও পড়ুন: Rishabh Pant: ধোনি-গিলক্রিস্টকে টপকে বিশ্বরেকর্ড পন্থের, প্রত্যাবর্তনেই জোড়া নজির
ফাইনালে স্থানীয় দলের মুখোমুখি লাল-হলুদ (East Bengal)
সেমিফাইনালের বিতর্ক পিছনে ফেলে এবার ফাইনালের প্রস্তুতিতে নামতে হবে ইস্টবেঙ্গলকে (East Bengal)। আগামী রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ডিএসএ শ্রীভূমি একাদশের বিরুদ্ধে খেলবে লাল-হলুদ। সেমিফাইনালে জয়ের পর ফাইনালেও ট্রফি জয়ের লক্ষ্য থাকবে তাদের। তবে তার আগে অসমের মাঠে হাতাহাতির ঘটনা ঘিরে তৈরি হওয়া বিতর্ক কতটা প্রভাব ফেলে, সেটাই দেখার।



