Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ঘরের মাঠে আগের দুই ম্যাচে ভাল ফুটবল খেলেও জয়ের মুখ দেখেনি ইস্টবেঙ্গল (East Bengal)। তবে এদিন তেমন নজরকাড়া ফুটবল উপহার দিতে না পারলেও বহু প্রতীক্ষিত জয় এল লাল-হলুদের ঘরে। তাও আবার কলকাতা ডার্বির ঠিক আগে। প্রতিপক্ষের চারটি শট পোস্টে লেগে ফিরে আসে। ফলে এই জয়ে ভাগ্যেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তা অকপটে স্বীকার করে নিলেন ইস্টবেঙ্গল কোচ আন্তোনিও লোপেজ হাবাস। একইসঙ্গে জানিয়ে দিলেন, টানা কয়েকটি ম্যাচে জয় না পাওয়ায় দলের উপর যথেষ্ট চাপ তৈরি হয়েছিল।
সেরা ফুটবল নয়, জয়ের তাগিদেই খুশি হাবাস (East Bengal)
ম্যাচের পর হাবাস স্পষ্ট জানিয়ে দেন, এদিনের পারফরম্যান্স তাঁদের সেরা ছিল না। তবে ফুটবলারদের লড়াই করার মানসিকতা এবং জেতার তাগিদ তাঁকে সন্তুষ্ট করেছে। হাবাস বলেন, “ম্যাচের আগে আমাদের উপর প্রচণ্ড চাপ ছিল। তবে এই ধরনের ম্যাচে ভাগ্যেরও প্রয়োজন হয়। ফুটবলে এবং জীবনে ভাগ্য গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এর আগে বাছাই পর্ব এবং নকআউটের লড়াইয়ে আমরা সব সময় ভাগ্যের সহায়তা পাইনি। এদিন ভাগ্য আমাদের পাশে ছিল। দু’দলই গোল করার সুযোগ পেয়েছিল। শেষপর্যন্ত আমরা একটা গোল করতে পেরেছি। আমি ছেলেদের নিয়ে গর্বিত। হয়তো এটা আমাদের সেরা ম্যাচ ছিল না, কিন্তু দলের মধ্যে যে তীব্রতা, লড়াই করার মানসিকতা এবং জেতার তাগিদ ছিল, সেটা অসাধারণ। এই জয় আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
ফুটবলারদের মানসিকতায় মুগ্ধ কোচ (East Bengal)
জয়ের কৃতিত্ব সম্পূর্ণভাবে ফুটবলারদেরই দিলেন লাল-হলুদ কোচ। দলের মানসিকতা, লড়াকু মনোভাব এবং প্রতিদিনের অনুশীলনের উপর জোর দিলেন তিনি। তবে পরবর্তী ম্যাচের আগে ফুটবলারদের দ্রুত সুস্থ হয়ে ওঠাও যে অত্যন্ত জরুরি, তা মনে করিয়ে দিয়েছেন হাবাস। তাঁর কথায়, “এই জয়ের পিছনে সবচেয়ে বড় ভূমিকা দলের মানসিকতা, ফুটবলারদের স্পিরিট এবং প্রতিদিনের অনুশীলনের। তবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দ্রুত সুস্থ হয়ে ওঠা। কারণ এই ম্যাচে খেলতে গিয়ে ছেলেরা যথেষ্ট ক্লান্ত হয়ে পড়েছে।”
ডার্বির আগে আত্মবিশ্বাস ফেরানোই বড় প্রাপ্তি (East Bengal)
চার ম্যাচ পর জয়ের সরণিতে ফিরেছে ইস্টবেঙ্গল। আর সেই জয় এসেছে মরশুমের প্রথম কলকাতা ডার্বির ঠিক আগে। ফলে এই জয়ের গুরুত্ব যে অনেকটাই বেশি, তা মেনে নিয়েছেন হাবাস। তাঁর মতে, জিতে ডার্বিতে নামা এবং হেরে ডার্বিতে নামার মধ্যে মানসিক পার্থক্য রয়েছে। তিনি বলেন, “ডার্বির আগে এই জয় আত্মবিশ্বাসের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিতে ডার্বি খেলতে নামা, আর হেরে ডার্বি খেলতে নামার মধ্যে পার্থক্য রয়েছে। আমরা এই জয় থেকে আত্মবিশ্বাস পাব। তবে দ্রুত রিকভারি করতে হবে। কারণ ডার্বিও অত্যন্ত কঠিন ম্যাচ। সেখানে একই রকম তীব্রতা নিয়ে খেলতে হবে।”
রামিরেজকে নিয়ে অনিশ্চয়তা, ডার্বিতে কি খেলবেন? (East Bengal)
এদিন ম্যাচ চলাকালীন চোট পেয়ে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন দানি রামিরেজ। কুঁচকির চোটে ডার্বিতে তাঁর খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয়। যদিও এই বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে চাননি হাবাস। কোচের বক্তব্য, “রামিরেজের শারীরিক অবস্থা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছি না। তবে কোনও ফুটবলার দলে না থাকলে, অন্য কেউ সেই জায়গায় দায়িত্ব নিতে এগিয়ে আসবে।”
রোটেশন নীতি বজায় থাকবে ডার্বিতেও? (East Bengal)
ডার্বিতে প্রথম একাদশ সাজানোর ক্ষেত্রে রোটেশন নীতি বজায় থাকবে কি না, তা নিয়েও এখনই কোনও সিদ্ধান্ত নিতে নারাজ ইস্টবেঙ্গল কোচ (East Bengal)। আগামী কয়েক দিনে ফুটবলারদের শারীরিক অবস্থা এবং তাঁদের সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া খতিয়ে দেখতে চান তিনি। তারপরই ডার্বির দল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন হাবাস। অর্থাৎ বহু প্রতীক্ষিত জয় এলেও ডার্বির আগে আত্মতুষ্টির কোনও জায়গা রাখতে চাইছে না লাল-হলুদ শিবির।



