Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: চ্যাম্পিয়ন্স লিগে (Champions League) জুড বেলিংহ্যাম ম্যাজিক! কেন তাঁকে বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে ধরা হয়, আরও একবার বুঝিয়ে দিলেন ইংল্যান্ডের তারকা। মঙ্গলবার PSV আইন্দহোভেনের বিরুদ্ধে ৫-১ গোলে দুরন্ত জয় পেল রিয়াল মাদ্রিদ। পরিবর্ত হিসেবে নেমে চোখধাঁধানো গোল বেলিংহ্যামের। জোড়া গোল কিলিয়ান এমবাপের। অন্যদিকে রাতটা একেবারেই ভালো গেল না ইংল্যান্ডের দুই ক্লাবের। বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে এগিয়ে থেকেও ১-১ গোলে ড্র করল আর্সেনাল। অন্যদিকে নাপোলির বিরুদ্ধে শেষ মুহূর্তে রায়ান চেরকির গোলে ২-২ ড্র করে হার বাঁচাল ম্যানচেস্টার সিটি।
বেলিংহ্যাম-এমবাপে ম্যাজিকে রিয়ালের পাঁচ গোল (Champions League)
ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাব্যুতে শুরুটা ভালো হয়নি রিয়ালের। ইভান পেরিসিচের গোলে প্রথমার্ধে পিছিয়ে পড়ে তারা। তবে বিরতির পর সম্পূর্ণ বদলে যায় ম্যাচের ছবি। ৫০ মিনিটে ফেদেরিকো ভালভের্দে গোল করে সমতা ফেরান। এরপর ৬০ মিনিটে বেলিংহ্যামের দুরন্ত গোল। কিলিয়ান এমবাপের পাস পেয়ে বল নিয়ে জাগলিং করে বক্সের বাইরে থেকে জোরালো শটে জাল কাঁপান ইংল্যান্ডের তারকা। তাঁর এই গোলেই ম্যাচের রাশ চলে আসে রিয়ালের হাতে।
এরপর জোড়া গোল করে ব্যবধান বাড়ান এমবাপে। ৮৭ মিনিটে গোল করেন ভিনিসিয়াস জুনিয়রও। শেষপর্যন্ত ৫-১ ব্যবধানে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। এই জয়ের ফলে ১৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এল তারা। দ্বিতীয় স্থানে থাকা প্যারিস সাঁ জারমাঁর থেকে তিন পয়েন্ট এগিয়ে স্প্যানিশ জায়ান্টরা।
এগিয়ে থেকেও জয় অধরা আর্সেনালের (Champions League)
অন্যদিকে ঘরের মাঠে বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে জয় পেল না আর্সেনাল। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল তারা। ম্যাচের ১০ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন ভিক্টর গিয়োকেরেস। প্রথমার্ধে দাপটও ছিল ইংল্যান্ডের ক্লাবটির। কিন্তু বিরতির পর সেই ছন্দ ধরে রাখতে পারেনি তারা। সুযোগ কাজে লাগিয়ে গোল করে ডর্টমুন্ডকে সমতায় ফেরান ম্যাক্সিমিলিয়ান বেয়ার। শেষপর্যন্ত ১-১ গোলেই শেষ হয় ম্যাচ। ফলে ফের একবার এগিয়ে থেকেও জয় হাতছাড়া করল আর্সেনাল।
আরও পড়ুন: India vs New Zealand: দ্বিতীয় টেস্টে বদলাচ্ছে ভারতের একাদশ, বাদ পড়ছেন কাম্বোজ?
শেষ মুহূর্তে চেরকি, হার বাঁচাল ম্যান সিটি (Champions League)
নাপোলির বিরুদ্ধেও স্বস্তিতে থাকতে পারল না ম্যানচেস্টার সিটি। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে জমে ওঠে লড়াই (Champions League)। ৫৫ মিনিটে রাসমুস হোইলুন্দের গোলে এগিয়ে যায় নাপোলি। ৬৭ মিনিটে আয়ুব বোয়াদির গোলে সমতা ফেরায় সিটি। কিন্তু ৭৬ মিনিটে নোয়া ল্যাংয়ের গোলে ফের এগিয়ে যায় ইতালির ক্লাব।
আরও পড়ুন: Vaibhav Suryavanshi: ২০৪ রানের নেপথ্যে কি যুবরাজের আধ ঘণ্টার ক্লাস?
ম্যাচের শেষ দিকে হার প্রায় নিশ্চিত মনে হচ্ছিল সিটির। কিন্তু ৮৬ মিনিটে রায়ান চেরকির গোলে সমতা ফেরায় তারা। শেষপর্যন্ত ২-২ গোলে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয় ম্যানচেস্টার সিটিকে। ফলে চ্যাম্পিয়ন্স লিগের রাতে রিয়ালের জয় যতটা স্বস্তি এনে দিল, ততটাই হতাশা বাড়ল আর্সেনাল ও সিটি শিবিরে।



