Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রায় আড়াই বছর পর মাঠে ফিরে কান্নায় ভেঙে পড়লেন আবেগপ্রবণ নেইমার (Neymar)। স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে জাতীয় দলে ফিরেছেন নেইমার আর সেই ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে পরের পর্বে পৌঁছে গেছে ব্রাজিল।
কামব্যাক মঞ্চে আবেগতাড়িত নেইমার (Neymar)
জেদের আরেক নাম হিসেবে যে নামগুলো থাকবে ইতিহাসের পাতায় তাঁদের মধ্যে অন্যতম নাম হয়ে থাকবেন নেইমার। আবির্ভাব মঞ্চেই দ্যুতি ছড়িয়েছিলেন এই তারকা। এরপর সংবাদ শিরোনামে জায়গা করতে সময় লাগেনি। রোনাল্ডো, কাকা, কাফুদের উত্তরসূরি হিসেবে সবাই চিনতে থাকেন নেইমারকে। যেমন স্কিল তেমন চোরাগতি, ব্রাজিলের অন্যতম ভরসা হয়ে দাঁড়ান নেইমার (Neymar)।
কিন্তু তাঁর এই উত্থানের পথে বারবার বাধা হয়ে দাঁড়ায় চোট। একদিকে চোট পেয়ে দলের বাইরে থাকার ক্ষত আবার অন্যদিকে নিন্দুকদের সমালোচনা। সবটা মুখ বুজে সহ্য করেছেন আর বারবার ফিরে এসেছেন দলের জার্সি গায়ে। মনের জোর আর জেদ এই দুইই হয়েছে প্রত্যাবর্তনের প্রধান অস্ত্র।
২০২৩ থেকে ২০২৬, মাঝে কেটে গিয়েছে প্রায় আড়াই বছর। দীর্ঘ অপেক্ষা, চোট-আঘাত, বিতর্ক, সমালোচনা এই সবকিছুর মুখোমুখি হতে হয়েছে তাঁকে। তবে স্বপ্ন দেখা ছাড়েননি সঙ্গে দোসর জেদ। বিশ্বকাপের আগেও ঠিক ছিল না তিমি দলে থাকবেন কিনা কিন্তু যেদিন স্কোয়াড ঘোষণা হল সেদিন যখন তাঁর নাম উচ্চারিত হল কোচের মুখে সেই সময় থেকেই প্রহর গোনা শুরু নেইমার ভক্তদের। সেই দিনও কান্নায় ভেঙে পাড়েছিলেন তিনি।

আবেগপ্রবণ হবেন নাই বা কেন? দলে ফেরার জন্য কী না করেছেন এই তারকা। নিজের চোট উপেক্ষা করেও খেলা চালিয়ে গেছেন ছোটবেলার ক্লাবের হয়ে। সবটাই ছিল দেশের জার্সিতে বিশ্বকাপের মঞ্চে নামা। কিন্তু বিশ্বকাপের আগেই আবার চোট। গ্রুপ পর্বের প্রথম ম্যাচ নেইমারহীন (Neymar)। সমর্থকদের চোখে মুখে একটাই প্রশ্ন কবে নামবেন নেইমার?
অবশেষে স্কটল্যান্ডের বিরুদ্ধে এল সেই কাঙ্খিত মুহূর্ত। ৭৫ মিনিটের মাথায় মাঠে নামলেম নেইমার। প্রায় আড়াই বছর পরে জাতীয় দলের হয়ে মাঠে নেমে চোখের জল আটকাতে পারেননি নেইমার। ভেসে গিয়েছেন আবেগে। আর শুধু তিনিই নন। ৩৪ বছর বয়সি এই ফুটবলার মাঠে নামার সময়ে তাঁকে স্ট্যান্ডিং ওভেশন দিয়েছেন গ্যালারিতে উপস্থিত দর্শকরা। অপেক্ষায় ছিলেন তাঁরাও। মাঠের বাইরেও যে সকল দর্শক অপেক্ষা করছিলেন তাঁদেরও তখন চোখে জল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।
মাঠে নামার আগে ওয়ার্ম আপ করতে দেখা যায় তাঁকে আর তখন থেকেই সবাই অপেক্ষা করতে থাকেন নেইমারের মাঠে নামার। মাঠে পা রাখার সময়েই তাঁকে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায়। মাঠে ছিলেন প্রায় ১৮-১৯ মিনিট। বিশেষ কিছু না করলেও যখনই পায়ে বল পেয়েছেন, টাচ দিয়েছেন বা থ্রু পাস বাড়িয়েছেন, গলা ফাটিয়েছেন সমর্থকরা। এত দিন পরে দেশের জার্সি পরা নেইমারও উপভোগ করেছেন সেই মুহূর্ত। তবে এই ম্যাচে জ্বলে উঠেছিলেন আবার ভিনি। তিনি প্রমাণ করে দিলেন যে তিনি অন্যতম উঠতি তারকা।
আরও পড়ুন: Ketan Agarwal Murder Mystery: কফি ডেটেই তৈরি হয়েছিল কেতন আগরওয়াল হত্যার ব্লুপ্রিন্ট?
শেষ বাঁশি যখন বাজলো তখন ক্যামেরায় ধরা পড়ে আরও এক আবেগঘন দৃশ্য। চোখে জল নিয়ে মাঠে দাঁড়িয়ে ছিলেন নেইমার। দু’হাতে চোখ মুছে কান্না ঢাকার চেষ্টা করছিলেন। চোট, ব্যর্থতা, সমালোচনা, রিহ্যাবের দীর্ঘ পথ পেরিয়ে মাঠে ফেরার সব স্মৃতি যেন একসঙ্গে ভিড় করেছিল তাঁর মনে। তাও আবার সেটা বিশ্বকাপের মঞ্চে (Neymar)।
পেলের রেকর্ড ছুঁলেন নেইমার
৯৮১ দিন পরে মাঠে ফিরে পেলের রেকর্ডও ছুঁয়েছেন নেইমার। কেরিয়ারের চতুর্থ বিশ্বকাপে নামলেন এই তারকা। এর আগে চারটি বিশ্বকাপে ব্রাজিলের হয়ে ১০ নম্বর জার্সি পরে নেমেছিলেন পেলে (১৯৫৮, ১৯৬২, ১৯৬৬ ও ১৯৭০)। সেই নজির ছুঁলেন নেইমার। ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত চারটি বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পরেছেন তিনি (Neymar)।


