Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ফের অগ্নিকাণ্ডের ঘটনা কলকাতায়! বুধবার দুপুরে দক্ষিণ কলকাতার মল্লিকবাজার এলাকায় এজেসি বোস রোডের একটি তিনতলা ভবনের নিচতলার কাপড়ের গোডাউনে ভয়াবহ আগুন লাগে (Mallikbazar)। দুপুর ১২টা ২৫ মিনিট নাগাদ আচমকাই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়তে শুরু করে গোডাউনের ভিতরে। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়ায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে।
মল্লিকবাজার কালীবাড়ির উল্টোদিকে অগ্নিকাণ্ড (Mallikbazar)
জানা গিয়েছে, মল্লিকবাজার কালীবাড়ির ঠিক উল্টোদিকে ৩৫ নম্বর আচার্য জগদীশচন্দ্র বসু রোডের একটি তিনতলা ভবনের নিচতলায় ওই কাপড়ের গোডাউনটি রয়েছে। দুপুরে আচমকাই সেখান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুনের তীব্রতা বাড়তে থাকে। গোডাউনে প্রচুর পরিমাণে কাপড় মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের এলাকার মানুষজন (Mallikbazar)।
আগুন নেভাতে ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন
অগ্নিকাণ্ডের খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। প্রথমে চার থেকে পাঁচটি ইঞ্জিন নিয়ে আগুন নেভানোর কাজ শুরু হয়। পরে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে মোট পাঁচ থেকে ছয়টি ইঞ্জিন কাজে নামানো হয়। গোডাউনটি সরু গলির ভিতরে অবস্থিত হওয়ায় দমকল কর্মীদের আগুন নেভানোর কাজে বেশ কিছুটা সমস্যার মুখে পড়তে হয়। বাইরে থেকে দীর্ঘ পাইপ নিয়ে জল ছোড়ার পাশাপাশি পাশের টিনের শেডের উপরেও উঠে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান তাঁরা।
আরও পড়ুন: Sheikh Hasina: বিজয় দিবসেই দেশে ফেরার ঘোষণা মুজিবকন্যার, সীমান্তে হাই অ্যালার্ট
এখনও পর্যন্ত হতাহতের খবর নেই, কীভাবে লাগল আগুন?
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই তিনতলা ভবনের ভিতরে কেউ আটকে নেই। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কীভাবে আগুন লাগল, তা নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। যদিও তদন্তের আগে আগুন লাগার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়।



