Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: নাম পরিবর্তনের প্রস্তাব কেন্দ্রের কাছে, অনুমোদন পেলেই নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করবে রাজ্য (West Bengal)। কিন্তু গাড়ির নম্বর প্লেট নিয়ে তৈরি হচ্ছে নতুন প্রশ্ন। ‘WB’-এর পরিবর্তে কী হবে নতুন কোড? বাড়তি খরচের বোঝা কি চাপবে গাড়ির মালিকদের উপর?
রাজ্যের নাম পরিবর্তন নিয়ে ফের শুরু হয়েছে জোর চর্চা। এবার শুধু বাংলা নয়, ইংরেজিতেও রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই এই সংক্রান্ত প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানোর কথা জানিয়েছেন। কেন্দ্রের অনুমোদন মিললে স্বাধীনতার প্রায় আট দশক পর নতুন নামে পরিচিত হবে পশ্চিমবঙ্গ। কিন্তু এই নাম পরিবর্তনের প্রভাব কি পড়তে চলেছে রাজ্যের গাড়ির নম্বর প্লেটেও? সেই প্রশ্নেই এখন তোলপাড় পরিবহণ মহল।
‘West Bengal’ থেকে ‘পশ্চিমবঙ্গ’, কেন এই উদ্যোগ? (West Bengal)
ইংরেজি বর্ণানুক্রম অনুযায়ী রাজ্যগুলির তালিকায় ‘West Bengal’ অনেকটা নীচের দিকে থাকায় বিভিন্ন সরকারি ও প্রশাসনিক ক্ষেত্রে অসুবিধার কথা বারবার উঠে এসেছে। অতীতেও রাজ্যের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছিল তৃণমূল সরকার। ‘West Bengal’-এর পরিবর্তে ‘Bengal’ বা ‘বাংলা’ করার প্রস্তাব সামনে এসেছিল। তবে সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি। এবার রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিজেপি সরকার নতুন করে নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে প্রস্তাব পাঠানো হয়েছে কেন্দ্রের কাছে।
নাম বদলালেই কি বদলাবে গাড়ির নম্বর প্লেট? (West Bengal)
‘Calcutta’ থেকে ‘Kolkata’ হওয়ার প্রায় পঁচিশ বছর পর ফের নাম পরিবর্তনের আবহে নতুন করে আলোচনায় গাড়ির নম্বর প্লেট। বর্তমানে পশ্চিমবঙ্গের যানবাহনের নম্বর প্লেটে ব্যবহৃত হয় ‘WB’ কোড। রাজ্যের ইংরেজি নাম পরিবর্তিত হলে এই কোডও বদলাবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। অনেকে প্রশ্ন তুলছেন, ‘WB’-এর পরিবর্তে ‘PB’ ব্যবহার করা সম্ভব কি না। কিন্তু ‘PB’ ইতিমধ্যেই পঞ্জাবের যানবাহনের জন্য নির্ধারিত। ফলে নতুন কোড কী হবে, তা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। যদিও নাম পরিবর্তনের সঙ্গে সঙ্গেই নম্বর প্লেট পরিবর্তন বাধ্যতামূলক হবে, এমন কোনও সিদ্ধান্ত এখনও সামনে আসেনি।
বাড়তি খরচের বোঝা চান না বাস মালিকরা (West Bengal)
নম্বর প্লেট পরিবর্তনের প্রয়োজন হলে পরিবহণ ক্ষেত্রে তার আর্থিক প্রভাব কতটা পড়বে, তা নিয়েও চিন্তিত বাস মালিক সংগঠনগুলি। তাঁদের বক্তব্য, প্রশাসনিক সিদ্ধান্তের কারণে নতুন করে নম্বর প্লেট তৈরি বা পরিবর্তনের প্রয়োজন হলে তার খরচ যেন মালিকদের উপর চাপানো না হয়। প্রয়োজনে সেই খরচ মকুব করার দাবি উঠেছে। সিটি সাব আরবান বাস সার্ভিসের সাধারণ সম্পাদক টিটু সাহা এবং জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায়ও বিষয়টি নিয়ে নিজেদের বক্তব্য জানিয়েছেন।
আরও পড়ুন: Suvendu Adhikari: বাংলার সড়ক যোগাযোগে এবার আসতে চলেছে আমূল পরিবর্তন
চালকদের সমস্যা মেটাতে কী পদক্ষেপ করবে সরকার?
নতুন কোড চালু হলে পুরনো গাড়ির ক্ষেত্রে কী নিয়ম কার্যকর হবে, নতুন গাড়ির রেজিস্ট্রেশনে কী পরিবর্তন আসবে, কিংবা সমস্ত গাড়ির নম্বর প্লেট বদলাতে হবে কি না, সেই প্রশ্নগুলিও গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গ ড্রাইভার সংগঠনের দক্ষিণ কলকাতার সাধারণ সম্পাদক সমরেশ চক্রবর্তীর বক্তব্যেও উঠে এসেছে চালকদের স্বার্থের বিষয়টি।



