Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতা ও সংলগ্ন এলাকার যোগাযোগ ব্যবস্থায় নতুন সংযোজন হতে পারে রোপওয়ে পরিষেবা (Dakshineswar)। এবার গঙ্গার উপর দিয়ে আকাশপথে জুড়ে যাওয়ার পরিকল্পনা দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির ও বেলুড় মঠের। এতদিন দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল সড়কপথ এবং জলপথ। বিশেষ করে গঙ্গার বুক দিয়ে লঞ্চে যাতায়াত দর্শনার্থীদের কাছে বরাবরই আকর্ষণের অন্যতম বিষয়। এবার সেই অভিজ্ঞতায় যুক্ত হতে পারে নতুন মাত্রা। চালু হতে পারে রোপওয়ে পরিষেবা।
কতটা এগোল দক্ষিণেশ্বর-বেলুড় রোপওয়ে প্রকল্প? (Dakshineswar)
বৃহস্পতিবার নবান্ন সভাঘরে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়কড়ীর সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠকে রাজ্যের একাধিক পরিকাঠামোগত উন্নয়ন প্রকল্পের পাশাপাশি দক্ষিণেশ্বর-বেলুড় রোপওয়ে নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, এই প্রকল্পের প্রাথমিক পর্যায়ের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। তৈরি হয়েছে প্রকল্পের ম্যাপ এবং ডিটেলড প্রজেক্ট রিপোর্ট বা DPR। অর্থাৎ পরিকল্পনাকে বাস্তবায়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। তবে প্রকল্পের নির্মাণকাজ কবে শুরু হবে এবং কবে থেকে পরিষেবা চালু হবে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হয়নি।
পর্যটন ও যাতায়াতে খুলবে নতুন সম্ভাবনা (Dakshineswar)
দক্ষিণেশ্বর মন্দির এবং বেলুড় মঠ, দুটিই বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক পর্যটনকেন্দ্র। প্রতিদিনই বহু ভক্ত ও পর্যটকের সমাগম হয় এই দুই স্থানে। বিশেষ করে উৎসব, পুজো এবং ছুটির দিনে ভিড় সামলানো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। রোপওয়ে পরিষেবা চালু হলে দুই তীরের মধ্যে যোগাযোগ আরও সহজ ও আকর্ষণীয় হতে পারে। পাশাপাশি পর্যটনের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হবে। গঙ্গার উপর দিয়ে আকাশপথে যাতায়াতের অভিজ্ঞতা পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ হয়ে উঠতে পারে।
দার্জিলিং-কার্শিয়াংয়েও রোপওয়ের পরিকল্পনা (Dakshineswar)
শুধু দক্ষিণেশ্বর-বেলুড় নয়, কার্শিয়াং থেকে দার্জিলিং পর্যন্ত রোপওয়ে প্রকল্প নিয়েও পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, কার্শিয়াং-দার্জিলিং প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া এগোচ্ছে। অন্যদিকে, বেলুড়ের প্রকল্পের প্রাথমিক কাজ শুরু হয়েছে এবং গত সাত দিনে DPR ও ম্যাপ তৈরির কাজ সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন: Sheikh Hasina: বিজয় দিবসেই দেশে ফেরার ঘোষণা মুজিবকন্যার, সীমান্তে হাই অ্যালার্ট
সড়ক যোগাযোগেও একাধিক মেগা প্রকল্পের ঘোষণা
এদিন নিতিন গড়কড়ী বাংলার জন্য একাধিক বড় সড়ক প্রকল্পের কথা জানিয়েছেন। এর মধ্যে রয়েছে দেড় লক্ষ কোটি টাকার গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে, বারাণসী-কলকাতা হাইওয়ে, শিলিগুড়ি-গুয়াহাটি চার লেনের করিডর, ডানকুনি-কোলাঘাট আট লেনের রাস্তা এবং কলকাতার জন্য প্রায় ২৫০ কিলোমিটার রিং রোডের পরিকল্পনা। এছাড়াও কলকাতাকে যানজটমুক্ত করতে আমেরিকার আদলে উন্নত সড়ক পরিকাঠামো এবং চারতলা ফ্লাইওভার তৈরির পরিকল্পনার কথাও উঠে এসেছে।



