Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: রাত পোহালেই আইএসএল ২০২৬-২৭-এর প্রথম কলকাতা ডার্বি (East Bengal)। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। তবে প্রি-ম্যাচ সাংবাদিক সম্মেলনে সেই উত্তাপ প্রকাশ্যে আনতে নারাজ দুই শিবিরের কোচ ও ফুটবলাররা। ইস্টবেঙ্গল শিবিরের বক্তব্যে অবশ্য স্পষ্ট, অতীতের পরিসংখ্যান ভুলে নতুন করে ইতিহাস লিখতে মরিয়া লাল-হলুদ।
সুযোগ পেয়ে কোচকে ধন্যবাদ ডেভিডের (East Bengal)
শনিবার সাংবাদিক সম্মেলনে কোচ হাবাসের সঙ্গে হাজির হয়েছিলেন ডেভিড। সাম্প্রতিক ম্যাচগুলিতে তাঁর উপর আস্থা রেখেছেন কোচ। সেই সুযোগের জন্য হাবাস ও টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি। ডেভিডের কথায়, “প্রথমেই কোচ হাবাস এবং টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে চাই। ওঁরা আমাকে সুযোগ দিয়েছেন। দলের জন্য অবদান রাখতে পেরে আমি খুবই খুশি।”
আত্মবিশ্বাস ফিরেছে, ডার্বিতে জয়ের আশায় ডেভিড (East Bengal)
নিজের পারফরম্যান্স নিয়েও আত্মবিশ্বাসী ডেভিড। তাঁর মতে, মরসুমে ভালো খেলছে দল। মাঝের কয়েকটি ম্যাচে দুর্ভাগ্যের কারণে প্রত্যাশিত ফল আসেনি। তবে শেষ ম্যাচের জয় ইস্টবেঙ্গলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। ডেভিড বলেন, “আমরা সবসময় সুযোগকে গোলে পরিণত করতে পারছি না। মাঝে মাঝে কিছু ভুল হয়ে যাচ্ছে। তবে আগামীকালের ম্যাচে যদি দু-তিনটি গোলের সুযোগ পাই, তাহলে সেগুলো কাজে লাগিয়ে ম্যাচ জিততে হবে।” কোচের পরিকল্পনা মেনেই মাঠে নামতে চান তিনি।
এএফসি ও আইএসএলের সূচি নিয়ে সমস্যায় হাবাস (East Bengal)
অন্যদিকে, দলের প্রস্তুতি নিয়ে কিছুটা উদ্বেগ প্রকাশ করেছেন কোচ হাবাস। একইসঙ্গে এএফসি ও আইএসএলের ম্যাচ খেলতে হওয়ায় ফুটবলারদের পর্যাপ্ত বিশ্রাম এবং অনুশীলনের সময় মিলছে না বলে জানিয়েছেন তিনি। হাবাসের কথায়, “একদিন এএফসি-র ম্যাচ খেলতে হচ্ছে, আবার অন্যদিন আইএসএলের ম্যাচ। এটাই আমাদের কাছে বড় সমস্যা। খেলোয়াড়দের পক্ষে প্রতিটি প্রতিযোগিতার জন্য প্রয়োজনীয় মানসিক প্রস্তুতি ও অনুপ্রেরণা ধরে রাখা কঠিন হয়ে পড়ছে।”
অনুশীলনের সময় নেই, বাড়ছে চ্যালেঞ্জ (East Bengal)
শুধু মানসিক প্রস্তুতিই নয়, ম্যাচের ব্যস্ত সূচির কারণে অনুশীলনও ব্যাহত হচ্ছে। কখনও ম্যাচ, কখনও ভ্রমণ—সব মিলিয়ে দু’দিন অন্তর মাঠে নামতে হচ্ছে ফুটবলারদের। হাবাসের মতে, এই সমস্যা শুধু ইস্টবেঙ্গলের নয়, বিশ্ব ফুটবলেরই পরিচিত ছবি। জাতীয় দলের দায়িত্ব সামলে ক্লাবে ফেরা ফুটবলারদেরও নতুন করে মানসিক প্রস্তুতি নিতে হয়। ফলে দলকে তৈরি করার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাচ্ছে না।
আনোয়ার-এডমুন্ডের অনুপস্থিতি বড় ধাক্কা (East Bengal)
ডার্বির আগে চোটের সমস্যাও ভাবাচ্ছে লাল-হলুদ শিবিরকে। দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার আনোয়ার আলি ও এডমুন্ড চোটের কারণে মাঠের বাইরে। ভারতীয় ফুটবলের প্রেক্ষাপটে এবং ইস্টবেঙ্গলের দলীয় পরিকল্পনায় দু’জনেরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফলে তাঁদের অনুপস্থিতি নিঃসন্দেহে হাবাসের চিন্তা বাড়াবে।
আন্ডারডগ তকমা নিয়ে ভাবছেন না হাবাস (East Bengal)
লিগ টেবিলের দিকে তাকালে ইস্টবেঙ্গলের তুলনায় অনেকটা এগিয়ে মোহনবাগান। শীর্ষে রয়েছে সবুজ-মেরুন, আর সাত নম্বরে লাল-হলুদ। তবে ইস্টবেঙ্গল দু’টি ম্যাচ কম খেলেছে, সেই বিষয়টিও মনে করিয়ে দিয়েছেন হাবাস। তাঁর কাছে দলের প্রত্যেক ফুটবলারই সেরা। কোচের কথায়, “ইন্টার কাশী হোক, মোহনবাগান হোক কিংবা ভ্যালেন্সিয়া—আমি সবসময় আমার খেলোয়াড়দের আত্মবিশ্বাস দেওয়ার চেষ্টা করি। প্রতিদিনের অনুশীলনে এবং তাঁদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে এই বিশ্বাস তৈরি করতে চাই।”
ডার্বির পরিসংখ্যান বদলাতে মরিয়া লাল-হলুদ (East Bengal)
আইএসএলের ডার্বি পরিসংখ্যান ইস্টবেঙ্গলের পক্ষে খুব একটা স্বস্তিদায়ক নয়। তবে অতীতের হিসাব নিয়ে পড়ে থাকতে চান না হাবাস। তাঁর মতে, পরিসংখ্যান অতীতের কথা বলে, কিন্তু মাঠের লড়াইয়ের ফল নির্ধারিত হয় ৯০ মিনিটের পারফরম্যান্সে। তাই রবিবারের ম্যাচেই পুরনো হিসাব বদলে দেওয়ার লক্ষ্য লাল-হলুদের।
ডার্বির চাপ সামলানোই বড় পরীক্ষা (East Bengal)
ডার্বিতে চাপ যে অন্য ম্যাচের তুলনায় অনেক বেশি, তা মেনে নিয়েছেন হাবাস। তবে সেই চাপ যেন ফুটবলারদের স্বাভাবিক খেলায় প্রভাব না ফেলে, সেটাই তাঁর লক্ষ্য। উদাহরণ হিসেবে গত ডুরান্ড কাপের ফাইনালের কথা তুলে ধরেছেন তিনি। সেই ম্যাচের মতো মানসিকতা ও পারফরম্যান্সই রবিবার দেখতে চান ইস্টবেঙ্গল কোচ।
মোহনবাগানের সঙ্গে পুরনো অভিজ্ঞতা থেকে শিক্ষা (East Bengal)
মোহনবাগানের কোচ থাকাকালীন তাঁর অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন হাবাস। তাঁর কোচিংয়ে সবুজ-মেরুন কীভাবে লিগের ছয়-সাত নম্বর স্থান থেকে উঠে এসে চ্যাম্পিয়ন হয়েছিল, সেই উদাহরণ মনে করিয়ে দিয়েছেন। অর্থাৎ, লিগ টেবিলের অবস্থানই যে শেষ কথা নয়, সেটাই বোঝাতে চেয়েছেন তিনি।
চেন্নাইয়ের হার নিয়ে বাড়তি চিন্তা নেই (East Bengal)
চেন্নাইয়ের বিরুদ্ধে ৫-৩ গোলে হারের প্রসঙ্গ উঠলেও সেই একটি ম্যাচ দিয়ে দলের রক্ষণভাগকে বিচার করতে নারাজ হাবাস (East Bengal)। তাঁর মতে, একটি খারাপ ফল সামগ্রিক পারফরম্যান্সের ছবি তুলে ধরে না। বরং পুরো মরসুমের রক্ষণাত্মক রেকর্ড দেখেই দলের শক্তি বিচার করা উচিত।
আরও পড়ুন: Miguel Figueira: ডার্বির আগেই হঠাৎ দেশে ফিরলেন মিগুয়েল! বড় ধাক্কা মোহনবাগানে
সব মিলিয়ে ডার্বির আগে আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল শিবির। চোট, ব্যস্ত সূচি এবং প্রতিপক্ষের লিগ টেবিলের অবস্থান—সব চ্যালেঞ্জ সামলে রবিবার মাঠে নামতে চাইছেন হাবাস। এবার তাঁর পরিকল্পনা মাঠে কতটা কার্যকর হয়, আর ডার্বির ৯০ মিনিট শেষে হাসি ফোটে কোন শিবিরে, সেটাই দেখার।



