Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল ডেস্ক: সক্রিয় রাজনীতি থেকে বহু বছর আগেই সরে দাঁড়িয়েছিলেন। রাজনৈতিক মহলে তাঁর উপস্থিতি ছিল প্রায় নেই বললেই চলে। তবে সাম্প্রতিক সময়ে আবার বিজেপির নানা কর্মসূচিতে দেখা যাচ্ছিল তাঁকে। এবার সেই প্রবীণ নেতার নামই হরিয়ানার রাজ্যপাল হিসেবে ঘোষণা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে হরিয়ানার রাজ্যপাল হিসেবে অসীম ঘোষের(Asim Ghosh)নাম ঘোষণা করা হয়েছে।
হরিয়ানার রাজ্যপাল অসীম ঘোষ(Asim Ghosh)
অসীম ঘোষ(Asim Ghosh)পশ্চিমবঙ্গের চতুর্থ রাজনীতিক যিনি রাজ্যপাল পদে নিযুক্ত হলেন। এর আগে কংগ্রেস জমানায় সিদ্ধার্থশঙ্কর রায় পাঞ্জাবের রাজ্যপাল, বিজেপির বিষ্ণুকান্ত শাস্ত্রী উত্তরপ্রদেশের রাজ্যপাল এবং তথাগত রায় ত্রিপুরা ও পরে মেঘালয়ের রাজ্যপাল হয়েছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হল অসীম ঘোষের নাম।
রাজনীতিতে অসীম ঘোষের উত্থান(Asim Ghosh)
হাওড়ার বাসিন্দা অসীমবাবু ছিলেন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক। কলকাতার শ্রীশচন্দ্র কলেজে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। ১৯৯১ সালে বিজেপিতে যোগ দেন এবং সেবছরই কাশীপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী হন। যদিও জয় আসেনি, কিন্তু রাজনৈতিক জীবনের সূচনা হয়েছিল সেখান থেকেই। সুবক্তা হিসেবে তিনি দ্রুত সাংগঠনিক কাঠামোয় উঠে আসেন।
আরও পড়ুন: CJI BR Gavai : সংক্রমণে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি প্রধান বিচারপতি বিআর গবই
২০০০ সালে রাজ্য সভাপতি পদে আসীন হন অসীম(Asim Ghosh)
১৯৯৯ সালে তপন শিকদার কেন্দ্রীয় মন্ত্রী হওয়ায় ‘এক ব্যক্তি, এক পদ’ নীতিতে রাজ্য সভাপতি পদ ছাড়েন। সেই সময় সাংগঠনিক নির্বাচন ছাড়াই সভাপতি হন অসীম ঘোষ। ২০০০ সালে দলের অন্তঃকলহের মধ্যেও ভোটে জিতে রাজ্য সভাপতি পদে আসীন হন। তবে সেই সময়কার বিতর্কও কম ছিল না। প্রবীণ নেতা সুকুমার বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কঠিন প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন তিনি। তপন শিকদারের সমর্থিত প্রার্থী হিসেবে অসীমের পক্ষে ছিল আরএসএস। পরবর্তী সময়ে কমিটি থেকে বাদ পড়েন রাহুল সিংহ, শমীক ভট্টাচার্য সহ অনেকেই। ২০০২ সাল পর্যন্ত তিনি সভাপতির দায়িত্ব পালন করেন। পরে দলের অভ্যন্তরীণ রাজনীতিতে আস্তে আস্তে প্রান্তে চলে যান। কিন্তু রাহুল সিংহের সভাপতিত্বকালে আবার ধীরে ধীরে ফিরে আসেন দলে। সম্প্রতি নতুন রাজ্য সভাপতি মনোনয়নে তাঁকে ফের সামনে দেখা যায়।
বিজেপির অন্দরের জল্পনার অবসান
বিজেপির অন্দরেই চলছিল জল্পনা—তাঁকে রাজ্যপাল করা হতে পারে। অবশেষে সেই জল্পনাই সত্যি হল। হরিয়ানার রাজ্যপাল হিসেবে তাঁর নাম ঘোষণার পাশাপাশি গোয়ার রাজ্যপাল হিসেবে পিএ গজপতি রাজু এবং লাদাখের উপরাজ্যপাল হিসেবে কবীন্দ্র গুপ্তের নামও ঘোষণা করা হয়েছে।

