Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সকালটা ছিল একেবারে রোদঝলমলে (Weather Report)। ছুটির দিনে যেন প্রকৃতি একটু অন্যরকমই খুশি দেখিয়েছিল। কিন্তু দুপুর গড়াতেই যেন আবহাওয়ার একেবারে আমূল বদল। আচমকাই আকাশ ঢেকে ফেলল কালো মেঘ। বাংলার আকাশে রোদের ঝিলিক মিলিয়ে গিয়ে জেঁকে বসল বৃষ্টির ছন্দ। বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাসে একাধিক জেলায় ইতিমধ্যেই জারি হয়েছে সর্তকতা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তর থেকে দক্ষিণ— গোটা রাজ্যের ওপরই আসছে এই বৃষ্টির ছাপ। কারও কাছে হালকা বৃষ্টি, কারও কাছে মাঝারি, আবার কোথাও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি (Weather Report)
আজ রবিবার সকাল ১১টা বেজে অর্ধেক থেকে শুরু হয়ে দুপুর গড়াতেই দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। ফলে এই দুই জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা।
এছাড়াও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। এখানেও ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টি হলেও কোনও সর্তকতা নেই। সেখানে হবে কেবল হালকা থেকে মাঝারি বৃষ্টি।

আগামী সপ্তাহের পূর্বাভাস (Weather Report)
সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে সেদিন কোনও সতর্কতা জারি নেই। কিন্তু মঙ্গলবার থেকে ফের আবহাওয়ার ছবি পাল্টাবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকায় জারি হয়েছে হলুদ সতর্কতা। বুধবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই একই সতর্কতা কার্যকর থাকবে। অর্থাৎ সপ্তাহের মাঝামাঝি আবারও ভিজবে গোটা দক্ষিণবঙ্গ।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির দাপট (Weather Report)
অন্যদিকে উত্তরবঙ্গে বর্ষার দাপট আরও বেড়েছে। রবিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বৃষ্টিপাতের পরিমাণ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। তাই এই জেলাগুলিতেও জারি হয়েছে হলুদ সতর্কতা। তবে রবিবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও টানা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। যদিও সেসব জেলায় আলাদা করে কোনও সতর্কতা নেই।
কলকাতার আবহাওয়া (Weather Report)
শহর কলকাতারও রোদের ঝিলিকের সঙ্গে পাল্লা দেবে মেঘ-বৃষ্টি। আজ রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। আকাশ আংশিক মেঘলা থাকবে, সঙ্গে মিলবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির ছোঁয়া। আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে ফের কলকাতায় বৃষ্টির দাপট বাড়বে।
নিম্নচাপের প্রভাব (Weather Report)
হাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহেই বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। এক নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই নতুন নিম্নচাপ দক্ষিণবঙ্গের আবহাওয়া ভিজিয়ে দেবে। তবে এই মুহূর্তে খুব বড় দুর্যোগ বা প্রবল বর্ষণের আশঙ্কা নেই।
আরও পড়ুন: Daily Horoscope: শনিবারের বারবেলায় কার ভাগ্যে কী আছে লেখা?
মৌসুমি অক্ষরেখা বর্তমানে বিকানের, কোটা, গুণা, দামোহ, পুরী হয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলেই বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প বাংলার দিকে ঢুকছে। ছত্তিশগড়ের উপরে সক্রিয় নিম্নচাপটি ইতিমধ্যেই শক্তি হারিয়েছে। তাই তার প্রভাব আর নেই। তবে ২ ও ৩ সেপ্টেম্বরের মধ্যে নতুন নিম্নচাপ তৈরি হলে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির মাত্রা বাড়বে। যদিও ভয়ের মতো বিপর্যয় নামার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।
সব মিলিয়ে সেপ্টেম্বরের শুরুটা উত্তর ও দক্ষিণ— উভয় বাংলার জন্যই বৃষ্টিস্নাত হতে চলেছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা থাকলেও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি হবে। তবে আপাতত প্রবল দুর্যোগের সম্ভাবনা নেই, তবুও সতর্ক থাকা বাঞ্ছনীয়।



