Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সপ্তাহের প্রথম কর্মদিবসেই কলকাতার রাস্তায় আতঙ্কের ছবি (Kolkata AC Bus)। বিমানবন্দরের দিকে যাওয়ার পথে হঠাৎই আগুনে ঘিরে গেল একটি যাত্রীবাহী এসি বাস। তেঘরিয়ার কাছে সোমবার সকালে ঘটে যায় এই ভয়াবহ দুর্ঘটনা। ঘটনাস্থল মুহূর্তেই বিশৃঙ্খল হয়ে ওঠে, ছুটোছুটি শুরু করেন পথচারী ও যাত্রীরা।
কী ঘটেছিল! (Kolkata AC Bus)
দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাসটি বারাসত থেকে গড়িয়ার উদ্দেশে রওনা হয়েছিল। সল্টলেক গ্যারাজ থেকে বেরিয়ে ভিআইপি রোড ধরে বিমানবন্দরের দিকে যাচ্ছিল সেটি। বাসটিতে তখন ২৫-৩০ জন যাত্রী ছিলেন। হঠাৎ এয়ারপোর্ট হোটেল ক্রসিংয়ের কাছাকাছি পৌঁছনোর সময় বাসের ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন লেলিহান শিখায় ছড়িয়ে পড়ে। যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়লেও চালক ও সহায়ক দ্রুত সজাগ বুদ্ধি খাটিয়ে বাস থামিয়ে সবাইকে নেমে যেতে বলেন। সময়মতো যাত্রীদের বের করে দেওয়ায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে।
কিভাবে এই পরিণতি! (Kolkata AC Bus)
রাস্তায় দাঁড়ানো অবস্থায় দাউদাউ করে জ্বলতে থাকে এসি বাসটি। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।
আরও পড়ুন: Murshidabad: সংক্রমণ নাকি ধারালো অস্ত্রের আঘাত শিশুর অঙ্গে?
যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন (Kolkata AC Bus)
এর আগেও চলতি বছরের অগাস্ট মাসে কলকাতা বিমানবন্দরের কাছে চলন্ত সরকারি বাসে হঠাৎ আগুন লেগে যায়। তাতেও বাস সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছিল। বারবার একই ধরণের দুর্ঘটনায় যাত্রী নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের তরফে ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।



