Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কলকাতার প্রাণ বইপাড়া কলেজস্ট্রিট (College Street Waterlogged)। দুষ্প্রাপ্য থেকে শুরু করে একেবারে টেক্সটবুক-যে কোনও বইয়ের সন্ধানে প্রথমেই মাথায় আসে এই জায়গার নাম। কিন্তু এবার সেই ঐতিহ্যের বইপাড়া চোখের সামনে ধ্বংস হতে দেখলেন বিক্রেতারা। মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে গেল কলেজস্ট্রিট, আর তার সঙ্গে ভেসে গেল অমূল্য বইয়ের সম্ভার।
কলেজস্ট্রিটের চেনা দৃশ্য বদল (College Street Waterlogged)
বুধবার সকালে কলেজস্ট্রিটের চেনা দৃশ্যটা একেবারেই বদলে গিয়েছিল (College Street Waterlogged)। যেখানে প্রতি ফুটে ভিড় লেগে থাকে বইপ্রেমীদের, সেখানে শুধু জল আর ভেজা, ছেঁড়া, পচা বইয়ের স্তূপ। বহু পুরনো ও নামী দোকানের ভিতরে জল ঢুকে গেছে। বিক্রেতারা কেউ ভিজে বই বের করছেন, কেউবা ড্রাম দিয়ে জল তুলছেন। কিন্তু বই রক্ষা করা কার্যত অসম্ভব হয়ে উঠেছে।
এত কষ্ট করে সংগ্রহ করা বই…(College Street Waterlogged)
একজন বিক্রেতা জানালেন, “দামি সব বই ভিতরে রাখি বলে ভেবেছিলাম, বাঁচবে (College Street Waterlogged)। কিন্তু দোকানের ভিতরেই সবচেয়ে বেশি জল ঢুকেছে। একটাও বই আর বিক্রির উপযোগী নেই।” আরও একজন বললেন, “পেজ খুলতে গেলেই ছিঁড়ে যাচ্ছে, আঙুলের সঙ্গে বইয়ের পাতা লেপ্টে যাচ্ছে। চোখে জল চলে আসছে, এত কষ্ট করে সংগ্রহ করা বই এমনভাবে নষ্ট হয়ে যাবে ভাবিনি।”
বই আলাদা করতে গিয়েও ক্ষতি বাড়ছে
শুধু সাধারণ বই নয়, বহু কালেকটরস আইটেম, গবেষণার দুষ্প্রাপ্য বই, পুরনো সংস্করণ-সবই ভিজে একাকার। বহু বই পচে গন্ধ বেরোচ্ছে, ভালো বইও তার সংস্পর্শে এসে নষ্ট হচ্ছে। বই আলাদা করতে গিয়েও ক্ষতি আরও বাড়ছে। অনেক দোকানে ভিতরে জল এখনও নামেনি, ফলে ক্ষয়ক্ষতির পূর্ণ পরিমাণ এখনও বোঝা যাচ্ছে না।
বইয়ের মড়ক
এই পরিস্থিতিতে সবচেয়ে দুর্ভোগে পড়েছেন ছোট দোকানদাররা। যাঁদের মূল রোজগারটাই এই ফুটপাতের ছোট্ট দোকান থেকে, তাঁদের কাছে এ ক্ষতি একেবারেই অসহনীয়। বইপাড়ার সঙ্গে জড়িত বহু মানুষের রুটি-রুজির প্রশ্ন উঠে যাচ্ছে এই দুর্যোগে। দুর্গাপুজোর আগে এমন ধাক্কা আরও বেশি যন্ত্রণার। প্রতিবছর এই সময় কলেজস্ট্রিটে বাড়তি ভিড় থাকে ছাত্রছাত্রী, শিক্ষক, গবেষক, পর্যটক সকলেই পছন্দের বই খুঁজতে আসেন। এবার সেই চেনা দৃশ্যের বদলে বইয়ের মড়ক।

কলেজ স্কোয়ারে ইতিমধ্যেই তৈরি হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেল। দেবীর আগমন ধ্বনিতে মুখর চারপাশ। কিন্তু কাছেই বইপাড়ার এমন চিত্র, যেন দেবী সরস্বতীর আশীর্বাদ থেকেও বঞ্চিত হলেন এই বইপ্রেমীরা।


