Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রাতভর ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড়ি জেলা দার্জিলিং ও কালিম্পং (Weather Report Today)। রাস্তাঘাট বন্ধ, বহু জায়গায় ধস। পাহাড় ও সমতলে বহু মানুষ গৃহহীন। প্রশাসনের হিসাবে, এ পর্যন্ত অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে। জল ঢুকে পড়েছে ঘরবাড়িতে, বিচ্ছিন্ন হয়েছে বহু গ্রামাঞ্চল। রবিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবারও অব্যাহত। আলিপুর আবহাওয়া দপ্তরের মতে, দার্জিলিং ও কালিম্পং জেলায় অতিবৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে।

লাল ও কমলা সতর্কতা জারি (Weather Report Today)
উত্তরবঙ্গের কোচবিহার ও জলপাইগুড়িতে লাল সতর্কতা, দার্জিলিংয়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। রবিবার বিকেল থেকে সোমবার সকাল পর্যন্ত দার্জিলিং ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বিপদসীমার উপরে নদীগুলি (Weather Report Today)
তিস্তা, তোর্সা, মহানন্দা ও জলঢাকা উত্তরবঙ্গের প্রধান নদীগুলি বর্তমানে বিপদসীমার উপরে বইছে। শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকায় জল ঢুকে পড়েছে। নিম্নাঞ্চল প্লাবিত, বহু পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। তিস্তায় জলের স্তর দ্রুত বাড়ছে, প্রশাসনের তরফে সতর্কতা জারি।
বৃষ্টি কবে কমবে? (Weather Report Today)
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি ও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া চলবে। তবে মঙ্গলবার থেকে ধীরে ধীরে বৃষ্টি কমতে পারে। দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও অন্যান্য জেলায় আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক হবে।
দক্ষিণবঙ্গেও বৃষ্টি অব্যাহত (Weather Report Today)
দক্ষিণবঙ্গে আজ, সোমবার ও আগামিকাল মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। বুধবারেও কলকাতা-সহ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। তবে বৃহস্পতি ও শুক্রবার থেকে আবহাওয়া কিছুটা উন্নতি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন: North Bengal Floods: ফুঁসছে তোর্সা, ভেঙে পড়ছে সেতু কতটা প্রস্তুত ছিল প্রশাসন এই বিপর্যয়ের জন্য?
কলকাতায় মেঘলা আকাশ ও আর্দ্রতা
কলকাতায় আগামী তিন দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কখনও মেঘলা, কখনও আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা ৮৬ থেকে ৯৭ শতাংশের মধ্যে।



