Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অভিনেতা শুভঙ্কর সাহা (Subhankar Saha) এবার পা রেখেছেন যাত্রার মঞ্চে। অনেকদিন ধরেই যাত্রায় অভিনয়ের ইচ্ছা ছিল তাঁর। কিন্তু সিরিয়ালের ব্যস্ততার জন্য এতদিন সেই সুযোগ পাননি। অবশেষে সময় পাওয়ায়, এবার সেই স্বপ্ন পূরণ হচ্ছে শুভঙ্করের । যাত্রাতে অভিনয় ,গান ,কতটা তৈরি হতে হয়েছে অভিনেতাকে, যাত্রা নিয়ে কী সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা, সে সমস্তই উঠে এল কেটিভির সাক্ষাৎকারে।
কী সিদ্ধান্ত নিয়েছেন? (Subhankar Saha)
শুভঙ্কর সাহা (Subhankar Saha) টেলিভিশনের একজন পরিচিত মুখ। বহু জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি। তাঁর অভিনীত জনপ্রিয় ধারাবাহিক গুলি হল ‘জরোয়ার ঝুমকো’ (Jarowar Jhumko), ‘তুমি রবে নীরবে ‘ (Tumi Robe Nirobe), ‘তোমার খোলা হাওয়ায় ‘ (Tomar Khola Hawa) । তবে এবার একটু অন্যরকম কিছু করার ইচ্ছা থেকেই যাত্রায় যোগ দিয়েছেন শুভঙ্কর। অভিনেতার কথায়, “যাত্রা খুব কঠিন একটা বিষয়। একটু আলাদা ধরনের কাজ। তাই ভাবলাম একবার চেষ্টা করে দেখি।”
শুভঙ্কর সাহা (Subhankar Saha) জানিয়েছেন, সিরিয়াল থেকে সম্পূর্ণ বিরতি নেননি তিনি। তবে যাত্রা ও সিরিয়াল একসাথে করা সম্ভব নয়, কারণ দু’জায়গার শুটিং ডেট এক হলে সমস্যা হয়। তাই অভিনেতা কাউকে অসুবিধায় না ফেলে আপাতত যাত্রায় মন দিচ্ছেন। সুযোগ পেলে আবার সিরিয়ালেও ফিরবেন বলে জানান তিনি।
কেমন ভাবে তৈরি করেছেন ? (Subhankar Saha)
যাত্রার বিষয়বস্তু ও পরিবেশ দুটোই একেবারে আলাদা। শুভঙ্কর বলেন, “সিরিয়াল থেকে যাত্রা অনেক কঠিন। এখানে গান, নাচ, সংলাপ—সবকিছু মিলিয়ে আলাদা পরিশ্রম লাগে। আমি গায়ক নই, তাই রেওয়াজ করছি নিয়মিত। গানটা যেন দর্শকদের ভালো লাগে, সেই চেষ্টাই করছি।”
কাজ করছিল ভয় !
যাত্রা শুভঙ্করের (Subhankar ) কাছে নতুন একটি কাজ। স্বাভাবিক ভাবে একটু তো ভয় ছিল বলে। যাত্রার প্রযোজক অজিত চক্রবর্তী শুভঙ্করকে অনেক সহায়তা করেছেন। অভিনেতা কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “অজিতদা বলেছেন চিন্তা কোরো না, তুমি পারবে।” যাত্রাটি লিখেছেন বাবলি ভট্টাচার্য। শুভঙ্করের বিপরীতে অভিনয় করছেন মেঘনা, যিনি তাঁর দীর্ঘদিনের বন্ধু।
অবশেষে সত্যি হওয়া
শুভঙ্কর ও মেঘনা ,দু’জনের বন্ধুত্ব প্রায় দশ-বারো বছরের। মেঘনা প্রায় ছয়-সাত বছর ধরে যাত্রা করছেন। শুভঙ্কর জানান, “মেঘনা আগেই বলেছিল—‘যাত্রায় নামলে আমরা একসাথে করব।’ অবশেষে সেটাই সত্যি হল। এখনও পর্যন্ত দশটা শো হয়ে গিয়েছে।”
মানুষ যাত্রা দেখতে যায় না !
যাত্রায় দর্শকদের আগ্রহ নিয়েও আশাবাদী শুভঙ্কর। অনেকেই মনে করেন আগের মতো এখন আর মানুষ যাত্রা দেখতে যায় না। কিন্তু অভিনেতার অভিজ্ঞতা বলছে ভিন্ন কথা। তাঁর মতে, “সিরিয়াল আর যাত্রা—দুটোই এখন সমান তালে চলছে। সাম্প্রতিক এক যাত্রা শোতে দর্শকের উন্মাদনা ছিল চোখে পড়ার মত।”
আরও পড়ুন: Khagen Murmu: খগেন-শঙ্কর হামলা কাণ্ডে গ্রেফতার আরও দুই, পুলিশের জালে মোট চার!
শুভঙ্কর আরও বলেন, “ছোটবেলায় অনেক যাত্রা দেখেছি। অনেকদিন থেকেই ইচ্ছে ছিল যাত্রা করব। এবার সেই সুযোগ এসেছে। সবার আশীর্বাদে এগোতে চাই। “


