Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের নানা প্রান্তে ছড়িয়ে রয়েছে অসংখ্য সুন্দর হ্রদ (Floating National Park)। রাজস্থানের উদয়পুর, উত্তরাখণ্ডের নৈনিতাল বা মেঘালয়ের উমিয়াম সবই প্রকৃতিপ্রেমীদের প্রিয় ঠিকানা। তবে এমন একটি রাজ্য আছে, যেখানে হ্রদের বুকেই গড়ে উঠেছে আস্ত এক জাতীয় উদ্যান। সেই রাজ্য মণিপুর, আর হ্রদের নাম ‘লোকটাক’।
বিশ্বের একমাত্র জাতীয় উদ্যান (Floating National Park)
লোকটাক হ্রদ শুধু ভারতের নয়, বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যানের ঠিকানা কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক। মণিপুরের বিষ্ণুপুর জেলার মৈরাং এলাকায় অবস্থিত এই হ্রদটি রাজধানী ইম্ফল থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে। প্রায় ২৮৬ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত লোকটাক ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ।
জলের উপর আশ্চর্য সৃষ্টি (Floating National Park)
লোকটাক হ্রদের অন্যতম আকর্ষণ তার ভাসমান দ্বীপসম গঠন, যাকে বলে ‘ফুমডি’। জলের উপর গাছপালা, শৈবাল, মাটি ও জৈব পদার্থের মিশ্রণে তৈরি এই ফুমডিগুলো দেখতে গোলাকার ও শক্তপোক্ত। এর উপর দিব্যি হাঁটা যায়, এমনকি পর্যটকদের থাকার জন্য রয়েছে হোমস্টের সুবিধাও।
মণিপুরের গর্ব (Floating National Park)
লোকটাক হ্রদের বুকেই অবস্থিত কেইবুল লামজাও জাতীয় উদ্যানে দেখা মেলে বিপন্ন সাংগাই হরিণের। এই হরিণকে ‘ড্যান্সিং ডিয়ার’ বলা হয়, কারণ এটি নরম ফুমডির উপর দিয়ে হাঁটার সময় হালকা দুলে ওঠে। মণিপুরবাসীর কাছে সাংগাই শুধু একটি প্রাণী নয়, তাদের সংস্কৃতি ও পরিচয়ের প্রতীক।
রঙে রঙে লোকটাক (Floating National Park)
যখন লোকটাক হ্রদে পদ্মফুল ফোটে, তখন পুরো হ্রদ যেন গোলাপি রঙে সাজে ওঠে। অন্য সময়েও সবুজ ফুমডিগুলোয় ঢেকে থাকে এই হ্রদ, যা বছরের প্রায় সব ঋতুতেই পর্যটকদের টানে।
তিন দিনে লোকটাক ভ্রমণ পরিকল্পনা
প্রথম দিন: ইম্ফল থেকে সড়কপথে প্রায় এক ঘণ্টায় পৌঁছে যান লোকটাকে। ফুমডির উপর থাকা হোমস্টেতে চেক-ইন করে বিকেলে উপভোগ করুন লোকটাক হ্রদের অসাধারণ সূর্যাস্ত।
দ্বিতীয় দিন: সকালে বেড়িয়ে পড়ুন কেইবুল লামজাও জাতীয় উদ্যান দেখতে। চাইলে স্থানীয়দের সঙ্গে হ্রদে মাছ ধরার অভিজ্ঞতাও নিতে পারেন। রাতে আবার ফিরুন ফুমডি হোমস্টেতে।
তৃতীয় দিন: সকালে লোকটাক থেকে মৈরাং ঘুরে আবার ইম্ফলে ফিরে আসুন। তিন দিনের এই ছোট্ট সফরেই মণিপুরের অনন্য প্রকৃতি ও সংস্কৃতি আপনাকে মুগ্ধ করে দেবে।
আরও পড়ুন:Kali Puja Night: কালীপুজোর রাতে শব্দবাজির দাপট, পুলিশি অভিযানে গ্রেফতার ৬৪০
জীবনে একবার হলেও লোকটাকে (Floating National Park)
সবুজ পাহাড়ে ঘেরা, ফুমডির বুকে ভাসমান ঘর, পাখির কলরব, আর পদ্মে ঢাকা জলের বিস্তার লোকটাক শুধু একটি হ্রদ নয়, এক জীবন্ত বিস্ময়। তাই জীবনে একবার হলেও এই ভাসমান স্বপ্নরাজ্যে কাটান কিছুটা সময়।



