Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: ছাব্বিশের নির্বাচনে বাংলা দখল করতে মরিয়া বিজেপি। একুশের নির্বাচনে ১০০ কোটি টাকার বেশি খরচ করেও বিজেপি বাংলায় ক্ষমতা দখল করতে পারেনি (BJP Budget)। এবার কত খরচ করবে পদ্মশিবির? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে দলের অন্দরে।
বাংলার নির্বাচন বিজেপির ‘প্রেস্টিজ ফাইট’ (BJP Budget)
ছাব্বিশে বাংলায় বিধানসভা নির্বাচন। যাকে কার্যত প্রেস্টিজ ফাইট হিসেবে দেখছে বিজেপি। ২০২১ সালের ব্যর্থতা ভুলতে এবার নির্বাচনী বৈতরণী পার হতে বিপুল অর্থের বিনিয়োগের পথে হাঁটছে গেরুয়া শিবির। বিজেপি সূত্রে খবর, আসন্ন নির্বাচনে প্রচার ও পরিচালনার জন্য ৫০০ কোটি টাকারও বেশি খরচের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। তবে, দলের অভিজ্ঞ নেতাদের মতে, শেষ পর্যন্ত এই অঙ্ক ১০০০ কোটি টাকাও ছাড়িয়ে যেতে পারে।
আরও পড়ুন:Sujit Bose: পুর নিয়োগ দুর্নীতি তদন্তে নতুন মোড়, ইডির নজরে এবার সুজিত বসুর পরিবার
এত বড় অঙ্কের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করতে কড়া ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে এই বিপুল নির্বাচনী তহবিলের দেখভালের দায়িত্ব দিয়ে পাঠানো হচ্ছে রাজ্যে। তাঁর নেতৃত্বাধীন কমিটিই এই অর্থ খরচের অনুমোদন দেবে। ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব নির্বাচন কমিটির প্রধান হিসেবে এসেছেন এবং সাংগঠনিক প্রধানের দায়িত্বে আছেন সুনীল বনশল। এই তিনজনের কমিটিই মূলত রাজ্যের নির্বাচনী রণনীতি ও অর্থ বণ্টনের প্রধান নিয়ন্ত্রক হবেন। জানা গেছে, প্রতিটি বিধানসভা আসনে অন্তত এক কোটি টাকা করে খরচ করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে যে ১৫৩টি আসনকে বিজেপি জেতার জন্য ‘হাই-অ্যাফোর্ট’ টার্গেট করেছে, সেখানে খরচের পরিমাণ দ্বিগুণ করার সিদ্ধান্ত (BJP Budget) নেওয়া হয়েছে।
আরও পড়ুন:CV Ananda Bose: এবার গঙ্গার গ্রামীণ জীবন পরিদর্শনে রাজ্যপাল, রাজভবনের নতুন কর্মসূচি ‘জল তরঙ্গ’
উল্লেখ্য, এই ৫০০ কোটির হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা, তাঁর সফরের হেলিকপ্টার খরচ এবং কেন্দ্রীয় নেতাদের শহর ও জেলার বিলাসবহুল হোটেলের ব্যয় অন্তর্ভুক্ত করা হয়নি। এই ‘ভিভিআইপি’ খরচগুলি সরাসরি দিল্লি থেকে বহন করা হবে। ২০২১ সালের নির্বাচনে ১০০ কোটি টাকার বেশি খরচ করেও বিজেপি বাংলায় ক্ষমতা দখল করতে পারেনি (BJP Budget)। এবার সেই খরচের পরিমাণ কয়েক গুণ বাড়িয়ে দেওয়ায় দলের অন্দরেই প্রশ্ন উঠছে— কেবল অর্থের জোরে কি বিজেপি এবার বাংলা জয় করতে পারবে? তৃণমূলের শক্তিশালী সাংগঠনিক কাঠামোর মোকাবিলায় এই টাকার পাহাড় আদৌ ফলপ্রসূ হবে কিনা, সেই উত্তর জানতে এখন অপেক্ষা করছে রাজ্যের রাজনৈতিক মহল।


