Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: মহারাষ্ট্রের থানে জেলায় হৃদয়বিদারক এক দুর্ঘটনায় মৃত্যু হল চার জনের (Maharashtra Flyover)। আরও অন্তত চার জন আহত হয়েছেন। পুলিশের প্রাথমিক অনুমান গাড়ির চালক হঠাৎই হার্ট অ্যাটাকের শিকার হওয়ায় গাড়ির নিয়ন্ত্রণ হাতছাড়া হয়ে যায় এবং ভয়াবহ সংঘর্ষ ঘটে।

ফ্লাইওভারের মাঝেই বিপদ (Maharashtra Flyover)
শুক্রবার গভীর রাতে অম্বরনাথ ফ্লাইওভার এলাকায় ঘটে এই দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের মতে, মুহূর্তের মধ্যে একাধিক গাড়ি এবং মোটরসাইকেলে ধাক্কা মারতে মারতে উল্টে যায় একটি চারচাকা গাড়ি। এলাকাজুড়ে তৈরি হয় আতঙ্ক ও বিশৃঙ্খলা।
গাড়িতে কে ছিলেন? (Maharashtra Flyover)
দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে ছিলেন স্থানীয় একটি ভোটের শিবসেনা দলের প্রার্থী কিরণ চৌবে। তাঁর সঙ্গে ছিলেন কয়েকজন সহযাত্রী। গাড়িটি চালাচ্ছিলেন লক্ষ্মণ শিন্ডে, যাঁর আচমকা হার্ট অ্যাটাক হওয়াই দুঃখজনক ঘটনার মূল কারণ বলে ধারণা। কিরণ চৌবে জানিয়েছেন, “গাড়ি চলার মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন লক্ষ্মণ। সেকেন্ডের মধ্যেই আমরা অনুভব করি গাড়ি নিয়ন্ত্রণ হারাচ্ছে।”

চালক ও সঙ্গীদের মৃত্যু (Maharashtra Flyover)
দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক লক্ষ্মণ শিন্ডে-র। এছাড়াও মারা গিয়েছেন কিরণ চৌবের দুই সহযোগী, সুমিত চেলানি, শৈলেশ যাদব গাড়িটি যে মোটরসাইকেলটিকে ধাক্কা মারে, তাতে ছিলেন স্থানীয় পুরসভার কর্মী চন্দ্রকান্ত আনারে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে মৃত্যু হয় তাঁর। তাঁর সঙ্গে থাকা দুইজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন: Pakistan: জঙ্গিবাদের আধুনিক সংস্করণ: ভারতবিরোধী নয়া পাক মডিউল
স্থানীয় বাসিন্দাদের তৎপরতা
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরা দ্রুত গাড়ির ভেতর আটকে পড়াদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। কিরণ চৌবের অবস্থা বর্তমানে স্থিতিশীল।



