Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: শুক্রবার দুবাইয়ে আয়োজিত চলতি বছরের ১৯তম দুবাই এয়ার শো-র প্রদর্শনী উড়ানের সময় ঘটে গেল এক হৃদয়বিদারক দুর্ঘটনা। ভারতের নিজস্ব উন্নত হালকা যুদ্ধবিমান তেজস (Tejas Crash) ভেঙে পড়ে প্রাণ হারালেন ভারতীয় বায়ুসেনার তরুণ ও সাহসী পাইলট উইং কমান্ডার নমাংশ স্যাল। মাত্র ৩৪ বছর বয়সে এরকম এক প্রতিশ্রুতিবান অফিসারের মৃত্যুতে শুধু ভারতীয় বায়ুসেনাই নয়, শোকাহত গোটা দেশ। এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে নেমে আসে শোকের স্রোত, নত হয়ে আসে অসংখ্য মানুষের মাথা।

আকাশের নির্ভীক অধিনায়ক (Tejas Crash)
উইং কমান্ডার নমাংশ স্যালের জন্ম হিমাচল প্রদেশের কাংড়া জেলার নাগরোটা বাগওয়ান এলাকার পাতিয়ালাকাড় গ্রামে। ছোট থেকেই শৃঙ্খলাবদ্ধ ও লক্ষ্যনিষ্ঠ নমাংশ পরবর্তীতে ভারতীয় বায়ুসেনায় যোগ দেন এবং দ্রুত নিজের দক্ষতার প্রমাণ দেন।
ককপিটে শান্ত, আকাশে দৃঢ় (Tejas Crash)
সহকর্মী এবং ঊর্ধ্বতনদের কাছে নমাংশ পরিচিত ছিলেন, নির্ভীক সিদ্ধান্ত গ্রহণে, অপারেটিং প্রিসিশন-এ, এবং চরম চাপেও অটুট শান্তভাব বজায় রাখার জন্য। হায়দরাবাদের বায়ুসেনা ঘাঁটিতে কর্মরত নমাংশকে আন্তর্জাতিক মঞ্চে ভারতের অন্যতম প্রযুক্তিগত সাফল্য তেজস-এর ক্ষমতা প্রদর্শনের দায়িত্ব দেওয়া হয়েছিল। তেজসের নিরাপত্তা, আধুনিক উড়ানের ক্ষমতা ও যান্ত্রিক সক্ষমতা তুলে ধরা ছিল তাঁর প্রধান লক্ষ্য। কিন্তু দুর্ভাগ্যের নির্মমতায়, সেই দায়িত্ব পালন করতেই ঘটল সর্বনাশা দুর্ঘটনা।

ভেঙে পড়ল পরিবার, শোকে স্তব্ধ গ্রাম (Tejas Crash)
উইং কমান্ডার নমাংশের পরিবারও ভারতীয় প্রতিরক্ষা পরিমণ্ডলের সঙ্গে গভীরভাবে যুক্ত। তাঁর স্ত্রী স্কোয়াড্রন লিডার আফসান, যিনি নিজেও IAF–এর একজন যোগ্য অফিসার। তাঁদের রয়েছে মাত্র পাঁচ বছরের এক কন্যা শিশু। ছুটিতে এসে নমাংশের বাবা অবসরপ্রাপ্ত সেনাকর্তা জগন নাথ ও মা বীণা দেবী দেখা করতে হায়দরাবাদে ছিলেন। কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাস, ছেলের সঙ্গে তাঁদের আর দেখা হলো না। পাতিয়ালাকাড়ে শোকের ছায়া গ্রামের পঞ্চায়েত প্রধান জানান, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা গ্রামে নেমে এসেছে পুঞ্জীভূত শোক। তবুও গ্রামের মানুষ গর্বিত যে তারা এমন একজন বীরপুত্রকে জন্ম দিয়েছে, যিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত কর্তব্যের পথেই ছিলেন।
‘দেশ হারাল এক সাহসী যোদ্ধাকে’ (Tejas Crash)
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু সোশ্যাল মিডিয়ায় গভীর শোক প্রকাশ করেন। তিনি লেখেন, “দুবাই এয়ার শোতে তেজস বিমান দুর্ঘটনায় কাংড়ার সাহসী পুত্র নমাংশ স্যাল জি-র মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। দেশ হারাল এক বীর, কর্তব্যনিষ্ঠ পাইলটকে।” তিনি আরও জানান, “তাঁর অদম্য সাহসিকতা, কর্তব্যনিষ্ঠা এবং দেশসেবার প্রতি নিষ্ঠার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা রইল।”

আরও পড়ুন: Pakistan: জঙ্গিবাদের আধুনিক সংস্করণ: ভারতবিরোধী নয়া পাক মডিউল
উভয়েরই অপূরণীয় ক্ষতি’
তেজস নির্মাতা সংস্থা Hindustan Aeronautics Limited (HAL) শোকবার্তায় জানায়, নমাংশ স্যালের মৃত্যু ভারতীয় বায়ুসেনার জন্য যেমন বড় ক্ষতি, তেমনি HAL–এর জন্যও অপূরণীয় শোক। তাঁরা নমাংশের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।



