Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: উত্তর ২৪ পরগনার অশোকনগর এক সময় যা ছিল মূলত কৃষিনির্ভর এলাকা (Ashoknagar), আজ সেই অঞ্চলই উঠে আসছে দেশের জ্বালানি মানচিত্রে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে। কয়েক বছর আগেই রাষ্ট্রায়ত্ত সংস্থা ওএনজিসি এই এলাকায় তেল ও প্রাকৃতিক গ্যাসের অস্তিত্বের খোঁজ পায়। তার পর থেকেই শুরু হয় মাপজোক, ভূতাত্ত্বিক সমীক্ষা ও বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা। এখনও বাণিজ্যিকভাবে তেল উত্তোলন শুরু না হলেও, সম্ভাবনার দরজা যে অনেকটাই খুলে গিয়েছে, তা স্পষ্ট করে দিল কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক বক্তব্য।
১০০০ কোটি টাকা খরচ, তবু অপেক্ষা কেন? (Ashoknagar)
অশোকনগরে তেলের সন্ধান পেয়ে ওএনজিসি ইতিমধ্যেই প্রায় ১০০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে সাব-সারফেস ম্যাপিং, সিসমিক সার্ভে ও প্রাথমিক ড্রিলিংয়ের কাজ হয়েছে। তা সত্ত্বেও প্রশ্ন উঠছে এত বছর পেরিয়ে গেলেও কেন এখনও তেল উত্তোলন শুরু হল না? এই প্রশ্নই সোমবার সংসদে তোলেন বিজেপি সাংসদ ও রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী স্পষ্ট করেন, তেল ও গ্যাস উত্তোলন একটি দীর্ঘমেয়াদি এবং অত্যন্ত জটিল প্রক্রিয়া। ভূগর্ভস্থ গঠনের জটিলতা, প্রযুক্তিগত চ্যালেঞ্জ এবং পরিবেশগত অনুমোদন সব মিলিয়েই সময় লাগছে।
২৪০ মিলিয়ন ব্যারেল তেলের অনুমান (Ashoknagar)
কেন্দ্রীয় মন্ত্রী জানান, ২০১৮ সালে ওএনজিসির সঙ্গে প্রয়োজনীয় চুক্তি সম্পন্ন হয়েছে। প্রাথমিক হিসেবে অনুমান করা হচ্ছে, অশোকনগর অঞ্চলের মাটির নিচে প্রায় ২৪০ মিলিয়ন ব্যারেল তেল মজুত রয়েছে। এই বিপুল পরিমাণ তেল যদি সফলভাবে উত্তোলন করা যায়, তবে তা শুধু রাজ্যের অর্থনীতিই নয়, দেশের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রেও বড় ভূমিকা নেবে।

রাজ্যের কোষাগারে কত রেভিনিউ? (Ashoknagar)
সবচেয়ে তাৎপর্যপূর্ণ তথ্যটি হলো রাজ্যের প্রাপ্য রাজস্ব বা রেভিনিউ। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, অশোকনগরের তেল উত্তোলন শুরু হলে পশ্চিমবঙ্গ সরকার অন্তত ৪৫০০ কোটি টাকা লভ্যাংশ পেতে পারে। এই অর্থ রাজ্যের উন্নয়ন, পরিকাঠামো ও সামাজিক প্রকল্পে নতুন গতি আনতে সক্ষম হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন:Fishermen: ভারতীয় জলসীমায় বাংলাদেশি নৌসেনার জাহাজ: ভারতীয় ট্রলারে ধাক্কা নিখোঁজ ৫ মৎস্যজীবী

তেল-গ্যাস থেকে কার কত আয়?
সংসদে তথ্য তুলে ধরে কেন্দ্রীয় মন্ত্রী জানান, বর্তমানে বিভিন্ন রাজ্য তেল ও গ্যাস থেকে যে পরিমাণ রাজস্ব পাচ্ছে, তার মধ্যে, অন্ধ্রপ্রদেশ: প্রায় ১৬ হাজার কোটি টাকা, গুজরাত: ২৪ হাজার ৫০০ কোটি টাকা, রাজস্থান: ১৮ হাজার কোটি টাকা, উত্তরপ্রদেশ: ৩১ হাজার ২০০ কোটি টাকা, পশ্চিমবঙ্গ: বর্তমানে প্রায় ১৩ হাজার কোটি টাকা। মন্ত্রী স্পষ্ট করে বলেন, অশোকনগরে তেল উত্তোলন শুরু হলে পশ্চিমবঙ্গের এই রেভিনিউ আরও উল্লেখযোগ্যভাবে বাড়বে।
হরদীপ সিং পুরী জানান, তেল ও গ্যাস উত্তোলনের ক্ষেত্রে সময় লাগলেও, একবার যদি বাণিজ্যিক উৎপাদন শুরু করা যায়, তবে তা দীর্ঘদিন ধরে রাজ্য ও দেশের জন্য সুফল বয়ে আনবে। কর্মসংস্থান তৈরি হবে, স্থানীয় অর্থনীতি চাঙ্গা হবে এবং পশ্চিমবঙ্গ জ্বালানি উৎপাদনের মানচিত্রে এক নতুন পরিচিতি পাবে।



