Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বলিউডের ইতিহাসে এমন কিছু ছবি আছে, যেগুলি কেবল একটি নির্দিষ্ট সময়ের বিনোদন হয়ে থাকেনি বরং প্রজন্মের পর প্রজন্মের আবেগ, ভাবনা ও জীবনের দর্শনের অংশ হয়ে উঠেছে (3 idiots)। রাজকুমার হিরানির পরিচালনায় ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘থ্রি ইডিয়টস’ ঠিক তেমনই একটি ছবি। প্রায় ১৬ বছর পর সেই আইকনিক ছবির সিক্যুয়ল নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। প্রযোজনা সংস্থা ও পরিচালক দু’পক্ষের তরফেই আগেই ইঙ্গিত মিলেছিল, আর এবার সেই ইঙ্গিত বাস্তবের দিকে আরও এক ধাপ এগোল।

প্রি-প্রোডাকশন শুরু (3 idiots)
সূত্রের খবর, ছবির প্রি-প্রোডাকশনের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। চিত্রনাট্য তৈরির কাজও প্রায় শেষের পথে। সব ঠিকঠাক চললে আগামী বছরের মাঝামাঝি সময় থেকেই শুরু হতে পারে শুটিং। এত বছর পর একটি সুপারহিট ছবির সিক্যুয়ল তৈরি করা সহজ কাজ নয় কারণ প্রত্যাশার চাপ বিপুল। সেই কারণেই চিত্রনাট্যের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে।
নাম বদলের জল্পনা (3 idiots)
সবচেয়ে চমকপ্রদ খবর হলো, ছবির নাম বদলে যেতে পারে। শোনা যাচ্ছে, সম্ভাব্য নাম ঠিক হয়েছে ‘ফোর ইডিয়টস’। এই নাম বদলের নেপথ্যে রয়েছে চিত্রনাট্যের বড়সড় পরিবর্তন। আগের তিন বন্ধুর গল্পের সঙ্গে এবার যুক্ত হতে চলেছে এক নতুন চরিত্র। সেই চরিত্রই নাকি হবে চতুর্থ ‘ইডিয়ট’। কে এই নতুন চরিত্রে অভিনয় করবেন, তা এখনও প্রকাশ্যে আসেনি। তবে বলিউডের কোনও বড় তারকাকেই দেখা যেতে পারে এমনটাই মনে করছেন সিনে-মহলের একাংশ।

আরও পড়ুন: Bangladesh Unrest: হাসিনার ছবিতে আগুন, আছড়ে ভাঙা হারমোনিয়াম, সংস্কৃতির উপর সরাসরি আঘাত!
পুরনো আবেগ, নতুন প্রেক্ষাপট
‘থ্রি ইডিয়টস’ শুধু বন্ধুত্বের গল্প ছিল না; ছিল শিক্ষাব্যবস্থা, সামাজিক চাপ, সাফল্যের সংজ্ঞা আর নিজের মতো করে বাঁচার দর্শন। “অল ইজ ওয়েল” এই সংলাপ আজও মানুষের মুখে মুখে ফেরে। প্রায় দেড় দশক পর যখন সিক্যুয়ল আসছে, তখন সমাজও বদলেছে, বদলেছে শিক্ষা ও প্রযুক্তির দুনিয়া। ফলে নতুন ছবিতে সময়ের সঙ্গে তাল মিলিয়ে ভাবনারও বদল দেখা যেতে পারে বলে মনে করছেন অনেকে।



