Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: কালীপুজোর রেশ কাটতে না কাটতেই উৎসবের আবহে মেতে উঠল কলকাতা (Govardhan Puja)। বুধবার শহরের বিভিন্ন মন্দির ও বাড়িতে ধুমধাম করে পালিত হল অন্নকূট উৎসব। কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে পালিত এই উৎসব দেশের বহু প্রান্তে গোবর্ধন পুজো নামেও পরিচিত। ভক্তি, বিশ্বাস এবং পরম্পরার মেলবন্ধনে এদিন সকাল থেকেই বিভিন্ন মন্দিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
গোবর্ধন পর্বত ও শ্রীকৃষ্ণের পৌরাণিক কাহিনি (Govardhan Puja)
অন্নকূট শব্দের অর্থ অন্নের পাহাড়। হিন্দু পুরাণ অনুসারে, একসময় বৃন্দাবনবাসীরা দেবরাজ ইন্দ্রের পুজোর আয়োজন করেছিলেন। কিন্তু শ্রীকৃষ্ণ তাঁদের বোঝান, যে গোবর্ধন পর্বত তাঁদের জীবনধারণে সাহায্য করে, প্রকৃতির সেই শক্তিকেই শ্রদ্ধা জানানো উচিত। এরপর গোবর্ধন পর্বতের পুজো শুরু করেন গ্রামবাসীরা। এতে ক্রুদ্ধ হয়ে দেবরাজ ইন্দ্র প্রবল বৃষ্টি ও ঝড়ের মাধ্যমে বৃন্দাবনকে বিপর্যস্ত করার চেষ্টা করেন। তখন শ্রীকৃষ্ণ নিজের কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পর্বত তুলে ধরে সাত দিন ধরে বৃন্দাবনবাসীদের আশ্রয় দেন। এই কাহিনি ভক্তের বিপদে ভগবানের রক্ষাকর্তা হয়ে ওঠার এক অনন্য দৃষ্টান্ত।
অন্নকূটের মাহাত্ম্য ও ভোগ নিবেদনের পরম্পরা (Govardhan Puja)
মন্দিরের পুরোহিতের কথায়, গোবর্ধন পুজোর মূল তাৎপর্য প্রকৃতি ও অন্নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। পুরাণের কাহিনি অনুসারে, বৃন্দাবনবাসীরা নিজেদের সামর্থ্য অনুযায়ী নানা ধরনের অন্ন ও খাদ্যসামগ্রী গোবর্ধন পর্বতকে নিবেদন করেছিলেন। সেই থেকেই অন্নকূট উৎসবে বিভিন্ন পদ রান্না করে শ্রীকৃষ্ণকে ভোগ দেওয়ার রীতি প্রচলিত হয়েছে। ভক্তদের বিশ্বাস, এই বিশেষ দিনে ভগবানের কাছে অন্ন নিবেদন করলে জীবনে সুখ, সমৃদ্ধি ও মঙ্গল আসে।
বাগবাজারের ভগবৎ সভায় ভক্তদের ঢল (Govardhan Puja)
অন্নকূট উপলক্ষে বাগবাজারের ভগবৎ সভায় এদিন প্রচুর ভক্তের সমাগম হয়। আট থেকে আশি—সব বয়সের মানুষকে উৎসবে শামিল হতে দেখা যায়। পরিবারের পুরনো রীতিনীতি ও ধর্মীয় পরম্পরা কীভাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে রয়েছে, সেই কথাই উঠে আসে দর্শনার্থী সোহিনী দে-র বক্তব্যে। তাঁর কথায়, দুর্গাপুজোর মতোই প্রতি বছর অন্নকূট উৎসবের জন্য অপেক্ষা করেন তাঁরা। পরিবারের দিদা ও মায়ের হাত ধরে এই উৎসবের সঙ্গে পরিচয়। আগামী প্রজন্মও যাতে এই ঐতিহ্যের স্বাদ পায়, সেই আশাই প্রকাশ করেছেন তিনি।
আরও পড়ুন: Swapnil Chakrabarty: কবিতার আড়ালে প্রতারণার জাল! স্বপ্ননীল চক্রবর্তীকে নিয়ে সমাজমাধ্যমে তোলপাড়
৩৪০ রকমের ভোগে কৃষ্ণ আরাধনা নববৃন্দাবন মন্দিরে
উত্তর কলকাতার বাগবাজারের নববৃন্দাবন মন্দিরেও এদিন বিশেষ আয়োজন করা হয়। প্রায় ৩৪০ রকমের ভোগ নিবেদন করা হয় শ্রীকৃষ্ণকে। এই বিপুল আয়োজন দেখতে এবং পুজোয় অংশ নিতে সকাল থেকেই মন্দিরে ভিড় জমান অসংখ্য ভক্ত। পুজো শেষে নিবেদিত ভোগ ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। অন্নকূটের প্রসাদ পাওয়ার আশায় মন্দির চত্বরে ভক্তদের দীর্ঘ লাইনও নজরে আসে।



