Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বড়দিন ও বর্ষশেষ মানেই পাহাড়ের দিকে ছুট (Darjeeling)। শীতের আমেজ, ঠান্ডা হাওয়া আর তুষারপাতের আশায় প্রতি বছরই পর্যটকদের প্রথম পছন্দ হয়ে ওঠে দার্জিলিং–সিকিম। কিন্তু এবছর সেই চিরচেনা ছবিতে কিছুটা বদল এসেছে। দার্জিলিংয়ে যানবাহন সংক্রান্ত জটিলতা আর অনিশ্চয়তার আবহে অনেক পর্যটকই শেষ মুহূর্তে ভ্রমণসূচি বদলে সিকিমমুখী হয়েছেন।

অনিশ্চয়তা, দুশ্চিন্তায় পর্যটক (Darjeeling)
দার্জিলিংয়ের পর্যটনের সবচেয়ে বড় আকর্ষণগুলোর মধ্যে অন্যতম টাইগার হিলের সূর্যোদয়। কিন্তু এবার সেই আকর্ষণ ঘিরেই তৈরি হয়েছে অনিশ্চয়তা। দার্জিলিংয়ের হোটেল ব্যবসায়ীরা বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছেন, পর্যটকদের টাইগার হিলে নিয়ে যাওয়ার গাড়ির দায়িত্ব তাঁরা নিতে পারবেন না। এর জেরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে হোটেলে থাকা পর্যটকরা তাহলে কীভাবে ভোরে টাইগার হিলে যাবেন? গাড়ি পাওয়া যাবে তো? এই অনিশ্চয়তা অনেক পর্যটকের মধ্যেই অসন্তোষ তৈরি করেছে।
গাড়িচালকদের সংঘাত ও তার প্রভাব (Darjeeling)
পর্যটন সংস্থাগুলোর একাংশের মতে, দার্জিলিং পাহাড় ও শিলিগুড়ি সমতলের গাড়িচালকদের মধ্যে দীর্ঘদিনের সংঘাত এবার চরমে পৌঁছেছে। এই টানাপোড়েনের সরাসরি প্রভাব পড়ছে পর্যটনের ওপর। গাড়ির ঝামেলা এড়াতে অনেকেই আগেভাগেই দার্জিলিংয়ের বুকিং বাতিল করে বিকল্প হিসেবে সিকিমকে বেছে নিচ্ছেন। ফলে দার্জিলিংয়ে যেখানে পর্যটকরা গাড়ি পাওয়া ও টাইগার হিল যাওয়া নিয়ে দুশ্চিন্তায়, সেখানে সিকিমে উল্টো ছবি পর্যটকের ঢল ক্রমেই বাড়ছে।

সিকিমে পর্যটনের উত্থান (Darjeeling)
তুষারপাতের সম্ভাবনা আর তুলনামূলকভাবে সুসংগঠিত ব্যবস্থাপনার কারণে এবছর সিকিম পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। সিকিম সরকারের পর্যটন ও বেসামরিক বিমান পরিবহন দপ্তর সূত্রে জানা গিয়েছে, রাজ্যে বর্তমানে, ১,১৮১টি হোটেল, ১,৯৮১টি হোমস্টে, ৬০০টিরও বেশি রেস্তোরাঁ রয়েছে। এছাড়াও অতিরিক্ত গেস্টহাউস ও পিজি সুবিধা মিলিয়ে আরও প্রায় দেড় হাজার পর্যটক থাকার ব্যবস্থা রয়েছে।
পর্যটন পরিকাঠামো ও ধারণক্ষমতা (Darjeeling)
সব মিলিয়ে সিকিমের হোটেল ও হোমস্টেগুলোতে রয়েছে ২২,৬৫২টি রুম এবং ৪৩,৮০৭টি শয্যা। শুধু গ্যাংটক শহরেই প্রতিদিন প্রায় ৪৫ হাজার পর্যটক থাকার ক্ষমতা রয়েছে। এই বিশাল পরিকাঠামোই এবছর বাড়তি ভিড় সামলাতে সিকিমকে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে।
আরও পড়ুন: Bangladesh: নির্বাচনের পরিবেশ নষ্ট করতেই হাদিকে খুন: ইউনুস সরকারকে হুঁশিয়ারি হাদির দাদার
আগাম বুকিং না করলে বিপদ
তবে পর্যটন দপ্তর সতর্ক করছে ভিড় যেভাবে বাড়ছে, তাতে আগাম বুকিং ছাড়া সিকিমে পৌঁছলে সমস্যায় পড়তে হতে পারে। হোটেল, হোমস্টে এমনকি গাড়ি পাওয়াও কঠিন হয়ে উঠতে পারে। বিশেষ করে বড়দিন ও বর্ষশেষের সময়ে হঠাৎ করে পরিকল্পনা বদলে গেলে পর্যটকদের ভোগান্তি বাড়ার আশঙ্কা রয়েছে।



