Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ক্রমশ তলিয়ে যাওয়া অর্থনীতি ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে পাকিস্তানে শুরু হয়েছে বড় মাত্রার ব্রেন ড্রেন। হাজার হাজার ডাক্তার, ইঞ্জিনিয়ার ও হিসাবরক্ষক কাজের খোঁজে দেশ ছাড়ছেন(Pakistan)। এই পরিস্থিতি নতুন করে বিতর্কে ফেলেছে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে, যিনি আগে প্রবাসী পাকিস্তানিদের ‘ব্রেন গেইন’ বা মেধা-লাভ বলে দাবি করেছিলেন।
ভাল সুযোগের আশায় দেশত্যাগ (Pakistan)
সরকারি তথ্যেই স্পষ্ট চিত্র। ব্যুরো অফ এমিগ্রেশন অ্যান্ড ওভারসিজ এমপ্লয়মেন্ট (BE&OE)-এর হিসেব অনুযায়ী, ২০২৪–২৫ সালে প্রায় ৫,০০০ ডাক্তার, ১১,০০০ ইঞ্জিনিয়ার এবং ১৩,০০০ হিসাবরক্ষক পাকিস্তান ছেড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নার্সিং সেক্টর—বিদেশে ভাল সুযোগের আশায় বহু নার্স দেশত্যাগ করছেন বলে জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
দুর্বল পরিকাঠামোই গণপ্রস্থানের মূল কারণ (Pakistan)
২০২৪ সালে অন্তত ৭,২৭,৩৮১ জন পাকিস্তানি বিদেশে কাজের জন্য রেজিস্ট্রেশন করেন। ২০২৫ সালের নভেম্বরের শেষ পর্যন্ত দেশ ছেড়েছেন ৬,৮৭,২৪৬ জন। সাম্প্রতিক কয়েক বছরে মোট মিলিয়ে ১৫ লক্ষেরও বেশি মানুষ পাকিস্তান ত্যাগ করেছেন। বিশেষজ্ঞদের মতে, লাগামছাড়া মুদ্রাস্ফীতি, দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অনিশ্চয়তা, দুর্বল শাসনব্যবস্থা, প্রযুক্তিনির্ভর কাজের অভাব এবং গবেষণা ও উদ্ভাবনের দুর্বল পরিকাঠামোই এই গণপ্রস্থানের মূল কারণ। বিদেশে বেশি বেতন, চাকরির নিরাপত্তা ও উন্নত জীবনযাত্রা তরুণদের আকর্ষণ করছে।
আরও পড়ুন: US Flight: একদিনেই বাতিল হাজারের বেশি উড়ান: ভ্রমণ মরসুমে আমেরিকায় চরম যাত্রী দুর্ভোগ
‘ব্রেন ড্রেন ইকোনমি’ পাকিস্তান (Pakistan)
এর সঙ্গে যোগ হয়েছে ইন্টারনেট অস্থিরতা। ২০২৪ সালে ইন্টারনেট শাটডাউনের কারণে অর্থনৈতিক ক্ষতিতে পাকিস্তান বিশ্বে শীর্ষে, ক্ষতির পরিমাণ প্রায় ১.৬২ বিলিয়ন ডলার। এর ফলে ফ্রিল্যান্স কাজের সুযোগ কমেছে ৭০ শতাংশ। এই প্রেক্ষাপটে দ্য এক্সপ্রেস ট্রিবিউন পাকিস্তানকে আখ্যা দিয়েছে ‘ব্রেন ড্রেন ইকোনমি’ হিসেবে, যে দেশ টিকে আছে নিজের মেধা রফতানি করেই। সামাজিক মাধ্যমে আসিম মুনিরের ‘ব্রেন গেইন’ মন্তব্য ঘিরে তীব্র সমালোচনা চলছে। পিটিআই নেতা সাজিদ সিকন্দর আলির কথায়, “সুযোগ না থাকলে প্রতিভাকে আটকে রাখা যায় না। অপমান নয়, প্রয়োজন সুযোগ তৈরি করা।”



