Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: মুস্তাফিজুর রহমানকে IPL খেলতে না দেওয়ায় এই পথ অবলম্বন করল বাংলাদেশ (IPL)।
IPL সম্প্রচার বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা (IPL)
দুই দেশের কূটনৈতিক সম্পর্কের তলানিতে এসে ঠেকেছে আর তার প্রভাব সরাসরি ভাবে পড়েছে ক্রিকেটে। আইপিএল ২০২৬ মরশুমের জন্য বড় অঙ্কের মূল্য দিয়ে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স কিন্তু বাংলাদেশে ক্রমাগত বেড়ে চলা হিংসে এবং ভারত বিরোধী মনোভাবের কারণে বাংলাদেশি প্লেয়ার না খেলানোর দাবি উঠেছিল ভারতীয় সমর্থকদের মধ্যে। তারপর ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে মুস্তাফিজুরকে ছেড়ে দিতে বাধ্য হয় কলকাতা আর পরেই আইপিএল-এর সম্প্রচার নিষিদ্ধ করল বাংলাদেশ। অনির্দিষ্টকালের জন্য দেশজুড়ে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে (IPL)।
সোমবার এক বিবৃতি দিয়ে মহম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকার জানায়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সব ধরনের সম্প্রচার, প্রচার ও ইভেন্ট কভারেজে অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা করেছে। কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে থাকা বাংলাদেশি ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে মাঝপথে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছে ক্রিকেটমহল।
সোমবার জারি করা সরকারি বিবৃতিতে জানানো হয় জনস্বার্থে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। পরবর্তী কোনও নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। মুস্তাফিজুরকে বাদ দেওয়ার প্রসঙ্গে বাংলাদেশ কতৃপক্ষ দাবি করেছে যে এর পিছনে কোনও যৌক্তিক কারণ নেই। আরও বলা হয়েছে, ‘ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের কোনও যৌক্তিক ব্যাখ্যা নেই। এতে বাংলাদেশের জনগণ গভীরভাবে মর্মাহত, বিস্মিত ও ক্ষুব্ধ হয়েছে।’

সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া এই প্রতিক্রিয়ার প্রেক্ষিতে বাধ্য হয়ে এই সিদ্ধান্ত বলেই জানানো হয়েছে। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে আচমকা রিলিজ করা নিয়ে বাংলাদেশজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সমর্থক, প্রাক্তন ক্রিকেটার এমনকী ক্রীড়া বিশেষজ্ঞরাও তাঁর বাদ পড়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন (IPL)।

বাংলাদেশের ক্রীড়া মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ডা. আসিফ নজরুল সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ প্রকাশ করেছে। তিনি লিখেছেন, ‘উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
আরও পড়ুন: Hijab Discrimination: হিজাব পরে দোকানে ঢুকতে বাধা! অভিযোগ নেয়নি পুলিশ!
আসিফ নজরুল সুর চড়িয়ে বলছেন, ‘ক্রীড়া মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লেখে। বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না।’
মুস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরে জল্পনা চলছিল টি-টোয়েন্টি খেলতে ভারতে বাংলাদেশ কি আসবে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান আমিনুল ইসলাম বলেছিলেন, ‘বিশ্বকাপ আয়োজন করে আইসিসি। ভারত আয়োজক দেশ। আমরা দরকার হলে আইসিসি-কে জানাব (IPL)।’


