Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে বহু প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) চূড়ান্ত হওয়ার পথে। এই চুক্তির অংশ হিসেবে ইউরোপ থেকে আমদানি করা গাড়ির ওপর শুল্ক উল্লেখযোগ্যভাবে কমানোর সিদ্ধান্ত নিতে চলেছে ভারত সরকার(Car Tariff)। সূত্রের খবর, বর্তমানে যেখানে আমদানিকৃত গাড়ির ওপর সর্বোচ্চ ১১০ শতাংশ পর্যন্ত শুল্ক ধার্য করা হয়, সেখানে তা কমিয়ে প্রথম ধাপে ৪০ শতাংশ করা হতে পারে।
শুল্ক হ্রাসের পরিকল্পনা (Car Tariff)
রয়টার্সকে দেওয়া তথ্য অনুযায়ী, মোদি সরকার ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের জন্য ১৫,০০০ ইউরোর (প্রায় ১৭,৭০০ ডলার) বেশি মূল্যের খুব অল্প সংখ্যক গাড়ির উপর এই শুল্ক কমানোয় সম্মত হয়েছে। সময়ের সঙ্গে এই হার আরও কমিয়ে ১০ শতাংশে নামানোর পরিকল্পনাও রয়েছে।
ইউরোপীয় গাড়ি নির্মাতাদের সুবিধা (Car Tariff)
সিদ্ধান্ত কার্যকর হলে ভক্সওয়াগেন, মার্সিডিজ-বেঞ্জ, বিএমডব্লিউ, রেনো ও স্টেলান্টিসের মতো ইউরোপীয় গাড়ি নির্মাতারা ভারতীয় বাজারে বড় সুবিধা পাবে। বর্তমানে উচ্চ শুল্কের কারণে ভারতের বাজারে তাদের উপস্থিতি এখন সীমিত।
পেট্রোল-ডিজেল গাড়ির উপর ছাড় (Car Tariff)
সূত্রের খবর, প্রাথমিকভাবে বছরে প্রায় ২ লক্ষ পেট্রোল-ডিজেল গাড়ির উপর এই ছাড় প্রযোজ্য হতে পারে। তবে ব্যাটারি চালিত বৈদ্যুতিক গাড়ি (ইভি) প্রথম পাঁচ বছর এই শুল্ক ছাড়ের বাইরে থাকবে, যাতে টাটা মোটরস ও মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার মতো দেশীয় সংস্থার বিনিয়োগ সুরক্ষিত থাকে। পাঁচ বছর পর ইভি ক্ষেত্রেও ধাপে ধাপে শুল্ক কমানো হতে পারে।
‘মাদার অব অল ডিলস’ (Car Tariff)
বিশ্বের তৃতীয় বৃহত্তম গাড়ির বাজার ভারত বর্তমানে মূলত সুজুকি, টাটা ও মাহিন্দ্রার দখলে। ইউরোপীয় সংস্থাগুলির বাজার অংশীদারিত্ব এখনও ৪ শতাংশেরও কম। তবে ২০৩০ সালের মধ্যে ভারতের গাড়ির বাজার ৬০ লক্ষ ইউনিটে পৌঁছবে বলে আশা করা হচ্ছে, যা নতুন বিনিয়োগের বড় সুযোগ তৈরি করছে। ভারত ও ইইউ মঙ্গলবারই এই চুক্তির ঘোষণা করতে পারে বলে ইঙ্গিত মিলেছে। এই চুক্তিকে ইতিমধ্যেই ‘মাদার অব অল ডিলস’ বলে দাবি করা হচ্ছে।



