Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) দিনক্ষণ চূড়ান্ত হওয়ার পর থেকেই দল গঠনে তৎপর ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। গত মরশুমে ভাল ফুটবল খেলেও গোলের অভাবে বারবার হতাশ হতে হয়েছিল লাল-হলুদ শিবিরকে। সেই দুর্বলতাকেই এবার প্রধান লক্ষ্য করে আক্রমণ বিভাগে বড়সড় পরিবর্তন আনছে ক্লাব কর্তৃপক্ষ। তারই অঙ্গ হিসেবে স্প্যানিশ স্ট্রাইকার ইউসেফ ইজ্জেজ্জারিকে এক বছরের চুক্তিতে দলে টানল ইস্টবেঙ্গল।

৯ নম্বর জার্সিতে নতুন ভরসা (East Bengal FC)
২০২৫-২৬ মরশুমে ইস্টবেঙ্গলের জার্সিতে খেলবেন ৩২ বছরের ইউসেফ। তাঁকে দেখা যাবে দলের ঐতিহ্যবাহী ৯ নম্বর জার্সিতে। বড় চেহারার এই ফরোয়ার্ডের অন্যতম শক্তি এরিয়েল বলের উপর দখল এবং বক্সের ভিতরে কার্যকর উপস্থিতি। সেট-পিস হোক বা ক্রস থেকে গোল সব ক্ষেত্রেই ইউসেফ কার্যকর হতে পারেন বলে মনে করছে ক্লাব।
গোলের খোঁজে স্প্যানিশ সমাধান (East Bengal FC)
গত মরশুমে ইস্টবেঙ্গল মাঝমাঠ ও রক্ষণে বেশ সংগঠিত খেললেও, গোল করার মতো নির্ভরযোগ্য স্ট্রাইকারের অভাব প্রকট হয়ে উঠেছিল। বহু ম্যাচেই সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ হয় দল। যার সরাসরি প্রভাব পড়ে লিগ টেবিলে। সেই ঘাটতি মেটাতেই এবার আক্রমণভাগে বিশেষ জোর দেওয়া হয়েছে। ইউসেফের সংযোজনে স্ট্রাইকিং বিভাগ যে অনেকটাই শক্তিশালী হবে, সে বিষয়ে আশাবাদী লাল-হলুদ শিবির।

অস্কার ব্রুজোর স্বস্তি (East Bengal FC)
নতুন স্ট্রাইকারকে পেয়ে স্বাভাবিকভাবেই কিছুটা স্বস্তিতে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। তিনি বলেন, ‘ইউসেফ যোগ দেওয়ায় দল আরও শক্তিশালী হয়েছে। ওর প্রোফাইলের সঙ্গে আমাদের চাহিদা পুরোপুরি মিলে গিয়েছে। ওর ফোকাস খুব স্পষ্ট গোল করা এবং দলকে জেতানো। আমার বিশ্বাস, ওর গুণগত মান আমাদের লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে।’
খেলার মধ্যেই আছেন ইউসেফ (East Bengal FC)
সিঙ্গাপুর প্রিমিয়ার লিগের ক্লাব তানজং পাগার ইউনাইটেড থেকে ইস্টবেঙ্গলে যোগ দিচ্ছেন ইউসেফ। উল্লেখযোগ্য বিষয় হল, মাত্র দশ দিন আগেই নিজের শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন তিনি। অর্থাৎ, পুরোপুরি ম্যাচ ফিট অবস্থাতেই কলকাতায় আসছেন স্প্যানিশ ফরোয়ার্ড। ফলে মানিয়ে নিতে খুব বেশি সময় লাগবে না বলেই মনে করছেন কোচিং স্টাফ।
অভিজ্ঞতায় ভর করে নেতৃত্ব (East Bengal FC)
স্পেনের সান্টা কোলোমা দ্য গ্রামিনেটে জন্ম নেওয়া ইউসেফের ঝুলিতে রয়েছে বিপুল আন্তর্জাতিক অভিজ্ঞতা। ইউরোপ ও এশিয়ার একাধিক ক্লাবে খেলেছেন তিনি। স্পেনের গ্রামিনেট, মাতারো, ওয়োনেসা এবং আনডোরাজ কারোই ছাড়াও ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ার বিভিন্ন ক্লাবে নিজের জাত চিনিয়েছেন এই স্ট্রাইকার। মাঠে নেমে সামনে থেকে দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও তাঁর অন্যতম বড় গুণ।
ইস্টবেঙ্গলে যোগ দিয়ে আবেগপ্রবণ ইউসেফ (East Bengal FC)
লাল-হলুদ জার্সিতে সই করে উচ্ছ্বসিত ইউসেফ নিজেও। তিনি বলেন, ‘ইস্টবেঙ্গলে সই করা আমার কাছে খুব বড় পদক্ষেপ। এই ক্লাবের ইতিহাস, সমর্থকদের ভালবাসা এবং দলের লক্ষ্য আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। আমি এখানে গোল করতে এসেছি। নিজের সবকিছু দিয়ে ইস্টবেঙ্গলকে জেতাতে চাই।’
আরও পড়ুন: College Closed: টানা তিন মাস বেতন নেই: কলেজের গেটে তালা, কর্মী বিক্ষোভে বন্ধ কোলাঘাট পলিটেকনিক
আইএসএল জয়ের স্বপ্নে নতুন অস্ত্র
ক্লাবের ফুটবল হেড থংবয় সিংটোও মনে করছেন, ইউসেফের সংযোজনে ইস্টবেঙ্গলের আক্রমণ বিভাগ নতুন উচ্চতায় পৌঁছবে। আইএসএল জয়ের লক্ষ্য নিয়েই এবার মাঠে নামতে প্রস্তুত লাল-হলুদ। অভিজ্ঞ স্প্যানিশ স্ট্রাইকার সেই স্বপ্নপূরণের পথে কতটা কার্যকর হন, এখন সেটাই দেখার।



