Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিষিদ্ধ করা হল অ্যালকোহল-মাদক। প্রবেশের নতুন নিয়ম! সন্ধ্যা নামলেই কড়া নজরদারি, হাল ফিরবে যাদবপুরে..?
কেন এই কড়াকড়ি?
যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University), যে ক্যাম্পাস একসময় পরিচিত ছিল মুক্তচিন্তা আর অদম্য স্বাধীনতার জন্য, সেই ক্যাম্পাসেই কি এবার কড়া অনুশাসনের দিন শুরু? গত কয়েক বছরের একাধিক বিতর্কিত ঘটনার সাক্ষী থেকেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিশেষ করে হস্টেলে পড়ুয়ার রহস্যমৃত্যু, ঝিলে পড়ে ছাত্রীমৃত্যুর ঘটনায় বারংবার সংবাদ শিরোনামে উঠে এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবার নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ। নিরাপত্তার স্বার্থে জারি হয়েছে একগুচ্ছ কড়া নিয়ম। এবার থেকে সন্ধ্যা নামলেই পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক।
আইডি কার্ড বাধ্যতামূলক (Jadavpur University)
বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়ম অনুযায়ী, রাত ৮টার পর ক্যাম্পাসে থাকতে হলে বা সন্ধ্যা ৭টার পর প্রবেশ করতে হলে বৈধ আই কার্ড সাথে রাখা বাধ্যতামূলক। যদি কারও কাছে আইডি কার্ড না থাকে, তবে সরকারি পরিচয়পত্র দেখিয়ে গেটের রেজিস্টারে নাম, ঠিকানা এবং কার সঙ্গে দেখা করতে আসছেন, তা নথিভুক্ত করতে হবে।
আরও পড়ুন:EC SIR List: ২৮ ফেব্রুয়ারি SIR-এর প্রথম দফার চূড়ান্ত তালিকা প্রকাশ: কাজ শেষ নিয়ে ধন্দে কমিশন
শুধু তাই নয়, যানবাহনের ক্ষেত্রেও নিয়ম কড়া হয়েছে। পার্কিং স্টিকার না থাকলে গেটে গাড়ির নম্বর রেজিস্ট্রি করতে হবে। এমনকি, বহিরাগতদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে মর্নিং ওয়াক বা সান্ধ্যভ্রমণের সুবিধা। ক্যাম্পাসকে (Jadavpur University) সাধারণ যাতায়াতের পথ হিসেবে ব্যবহার করাও এখন অতীত।
মাদক ও জমায়েতে কঠোর নিষেধাজ্ঞা
ক্যাম্পাস চত্বরে যে কোনো ধরনের মাদক বা অ্যালকোহল সেবন নিষিদ্ধ করা হয়েছে। রাত ৮টার পর সান্ধ্যকালীন ক্লাসের পড়ুয়া ছাড়া অন্য কেউ দলবদ্ধভাবে আড্ডা দিতে পারবেন না। কোনো উৎসবের দিনে বড়জোর রাত ৯টা পর্যন্ত ছাড় মিলবে। কর্তৃপক্ষের স্পষ্ট হুঁশিয়ারি, উপযুক্ত কারণ ছাড়া রাত ৮টার পর কাউকে পাওয়া গেলে তাকে ‘অনুপ্রবেশকারী’ হিসেবে গণ্য করা হবে এবং নিরাপত্তারক্ষীদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে মানতে হবে।
আরও পড়ুন:West Bengal Assembly Election: ‘জয় মা কালী’ দিয়ে শুরু, মোদির চিঠি বদলে দেবে বাংলার ভোট-সমীকরণ
সিসিটিভি ক্যামেরা বসানো বা আইডি কার্ডের এই কড়াকড়িতে কি আদৌ র্যাগিংমুক্ত হবে যাদবপুর (Jadavpur University)? নাকি এই কড়াকড়ির আড়ালে ব্যাহত হবে বিশ্ববিদ্যালয়ের মুক্ত পরিবেশ? কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে ছাত্রসমাজ এখন আড়াআড়ি বিভক্ত। একপক্ষ যখন একে নিরাপত্তার রক্ষাকবচ হিসেবে দেখছেন, অন্যপক্ষ দেখছেন নজরদারির শিকল হিসেবে। কড়া নিয়ম কি পারবে হারানো শৃঙ্খলা ফেরাতে? উত্তর দেবে সময়।


