Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রঙের উৎসব দোল ও হোলি মানেই আনন্দ, উল্লাস এবং সম্প্রীতির আবহ (Holi 2026)। কিন্তু উৎসবের উচ্ছ্বাস যাতে বেপরোয়া আচরণে পরিণত না হয়, সে বিষয়ে এ বছর বিশেষভাবে সতর্ক রয়েছে কলকাতা পুলিশ। শহরজুড়ে প্রায় চার হাজার পুলিশকর্মী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে মঙ্গলবার ও বুধবার দুই দিনই শান্তি-শৃঙ্খলা অটুট থাকে এবং কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।

মদ্যপ অবস্থায় স্নান রুখতে ঘাটে বিশেষ নজরদারি (Holi 2026)
দোল বা হোলির দিন রং খেলার পর অনেকেই গঙ্গা বা বিভিন্ন জলাশয়ে স্নান করতে যান। কিন্তু মদ্যপ অবস্থায় জলে নামার ঘটনা অতীতে একাধিক দুর্ঘটনার কারণ হয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই এবার কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। কলকাতার ৬৬টি গঙ্গা ও অন্যান্য জলাশয়ের ঘাটে বিশেষ পুলিশ মোতায়েন থাকবে। এর মধ্যে অন্তত ২৪টি গুরুত্বপূর্ণ ঘাটে থাকবে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ (ডিএমজি)। পাশাপাশি শহরের দশটি ডিভিশনে প্রস্তুত রাখা হয়েছে পৃথক ডিএমজি টিম, যাতে কোনও জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধারকাজ চালানো যায়।
রাস্তায় বেপরোয়া আচরণে কড়া পদক্ষেপ (Holi 2026)
উৎসবের নামে জোর করে রং দেওয়া, চলন্ত গাড়িতে রং ছোড়া বা অনিচ্ছুক ব্যক্তির গায়ে রং লাগানো এসবের বিরুদ্ধে এবার শূন্য সহনশীলতার নীতি নেওয়া হয়েছে। রাস্তায় কেউ বেলেল্লাপনা করলে বা শ্লীলতাহানির অভিযোগ উঠলে সঙ্গে সঙ্গেই আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে থানাগুলিকে। যুগ্ম পুলিশ কমিশনার ও ডিসি পদমর্যাদার আধিকারিকরাও রাস্তায় থাকবেন। দোলের দিন শহরের বিভিন্ন প্রান্তে প্রায় ৪০০টি পুলিশ পিকেট বসানো হচ্ছে। এর মধ্যে ৮৬টি গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ পিকেটে থাকবেন ছয়জন করে পুলিশকর্মী। আরও ৩১২টি জায়গায় তিনজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।

পিসিআর ভ্যান ও কুইক রেসপন্স টিম প্রস্তুত (Holi 2026)
দ্রুত পদক্ষেপের জন্য রাস্তায় নামছে হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড। ৬২টি পিসিআর ভ্যান ও কুইক রেসপন্স টিম শহরজুড়ে টহল দেবে। প্রতিটি থানা এলাকার অলিগলি ও অপরিসর রাস্তায় বাইক টহল চালানো হবে, যাতে কোনও গোলমালের খবর পেলেই অল্প সময়ের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছতে পারে। লালবাজার থেকেও প্রত্যেক থানাকে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে, যাতে অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।
বহুতলের ছাদ ও বেলুন নিক্ষেপে নজর (Holi 2026)
বহুতলের ছাদ বা বারান্দা থেকে পথচারীদের দিকে রং বা জলভর্তি বেলুন ছোড়ার প্রবণতা রুখতে বিশেষ নজরদারি চালানো হবে। এমন ঘটনা ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
পশু নির্যাতন রুখতেও প্রচার (Holi 2026)
দোলের আনন্দে অনেক সময় রাস্তার কুকুর বা অন্য পশুপাখির গায়ে রং লাগানোর মতো অমানবিক কাজও ঘটে। এ বছর সেই প্রবণতা রুখতে প্রচার শুরু করেছে পুলিশ। টহলরত বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে পশুর গায়ে রং লাগানো বা তাদের বিরক্ত করার ঘটনা চোখে পড়লেই ব্যবস্থা নেওয়া হয়। উৎসব যেন মানুষের পাশাপাশি পশুপাখির জন্যও নিরাপদ থাকে সেই বার্তাই তুলে ধরা হচ্ছে।

আরও পড়ুন: US Iran: ইরানে সামরিক অভিযান আমেরিকার, আত্মসমর্পণের হুঁশিয়ারি ট্রাম্পের
ইনি মদের বিরুদ্ধে অভিযান
মদ্যপ অবস্থায় বিশৃঙ্খলা এড়াতে বেআইনি মদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। বিভিন্ন জায়গায় নজরদারি বাড়ানো হয়েছে, যাতে অবৈধভাবে মদ বিক্রি বা মজুত করা না যায়।



