Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মাঠে তিনি শান্ত, স্থির এবং কৌশলী-এই ইমেজেই (MS Dhoni) পরিচিত ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেটের বাইরে বাইক ও দামী গাড়ির প্রতি তাঁর অনুরাগও কম আলোচিত নয়। তবে সাম্প্রতিক সময়ে একের পর এক আইনি ঝামেলায় নাম জড়ানোয় কিছুটা চাপে পড়েছেন ‘ক্যাপ্টেন কুল’।
কিসের অভিযোগ? (MS Dhoni)
রাঁচি পুলিশ সূত্রে খবর, ধোনির (MS Dhoni) নামে নথিভুক্ত একটি গাড়ির বিরুদ্ধে অতিরিক্ত গতিতে চলার অভিযোগ উঠেছে। ৩ মার্চ ওই গাড়ির জন্য একটি ট্রাফিক চালান কাটা হয়। জরিমানার পরিমাণ ১ হাজার টাকা। অভিযোগ, তাঁর রাঁচির বাড়ির সামনের রাস্তায় নির্ধারিত সীমার চেয়ে বেশি গতিতে গাড়িটি চালানো হচ্ছিল। সেই কারণেই ট্রাফিক আইন ভাঙার দায়ে জরিমানা ধার্য করা হয়েছে।

গাড়ি চালাচ্ছেন কে? (MS Dhoni)
তবে প্রশ্ন উঠেছে-গাড়ির স্টিয়ারিংয়ে কি সত্যিই ধোনি ছিলেন? কারণ বর্তমানে তিনি আইপিএলের প্রস্তুতিতে ব্যস্ত, চেন্নাই সুপার কিংসের শিবিরে যোগ দিয়েছেন। যদিও স্থানীয় কয়েকজনের দাবি, সম্প্রতি রাঁচির জনপ্রিয় ‘মা তারা চিকেন শপ’-এর সামনে তাঁকে দেখা গিয়েছিল। সেখান থেকে বাড়ি ফেরার পথে গাড়িটি দ্রুতগতিতে চলছিল বলেই অনেকে অনুমান করছেন। যদিও এ নিয়ে কোনও নিশ্চিত প্রমাণ মেলেনি। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় রসিকতা ও মিমের বন্যা বইতে শুরু করেছে।

আরও পড়ুন: Vrindavan Holi Incident: রঙের উৎসবেই বিপত্তি! বিদেশিনীর চোখে ছুঁড়ল পাথর!
আইনি ধাক্কা
এর আগে আরও বড়সড় আইনি ধাক্কা খেয়েছেন ধোনি। একটি পুরনো মানহানির মামলায় মাদ্রাজ হাইকোর্ট তাঁকে ১০ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে সেই অর্থ প্রধান বিচারপতির ত্রাণ তহবিলে জমা করতে হবে। অল্প সময়ের ব্যবধানে দু’টি আলাদা ঘটনায় শাস্তির মুখে পড়ায় চর্চার কেন্দ্রে উঠে এসেছেন মাহি। তবে ভক্তদের বিশ্বাস, মাঠে ফিরেই তিনি আবার নিজের পরিচিত ছন্দে ফিরবেন এবং সব বিতর্ককে পিছনে ফেলে দেবেন।


