Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আবারও দুর্ঘটনার মুখে ভারতীয় বায়ুসেনার (S30MKI Accident Update) যুদ্ধবিমান। অসমের কার্বি আংলং জেলায় ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার অত্যাধুনিক সুখোই সু-30MKI যুদ্ধবিমান। বৃহস্পতিবার সন্ধ্যায় নিয়মিত প্রশিক্ষণ উড়ানের সময় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ভারতীয় বায়ুসেনার দুই পাইলট। বায়ুসেনা সূত্রে জানা গিয়েছে, নিহত দুই পাইলট হলেন স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুরাগকর। দুর্ঘটনার পরপরই এলাকায় উদ্ধারকাজ শুরু করা হয়। তবে শেষ পর্যন্ত দুই পাইলটকে আর জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
গভীর শোক প্রকাশ (S30MKI Accident Update)
এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে (S30MKI Accident Update) ভারতীয় বায়ুসেনা। বায়ুসেনা তাদের এক্স (X) হ্যান্ডেলে শোকবার্তায় জানিয়েছে, “দুই সহকর্মীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল। এই কঠিন সময়ে ভারতীয় বায়ুসেনা তাদের পরিবারের পাশে রয়েছে।”
সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় অসমের জোরহাট বিমানঘাঁটি থেকে উড়েছিল সুখোই যুদ্ধবিমানটি। এটি ছিল একটি নিয়মিত প্রশিক্ষণ মিশনের অংশ। উড়ানের কিছুক্ষণ পরেই হঠাৎ করে বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই শুরু হয় ব্যাপক অনুসন্ধান অভিযান।

বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন (S30MKI Accident Update)
রাতেই ভারতীয় বায়ুসেনা সোশ্যাল মিডিয়ায় জানায় (S30MKI Accident Update) যে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং সেটিকে খুঁজে বের করার চেষ্টা চলছে। এরপর শুক্রবার ভোরে অনুসন্ধানকারী দল নিশ্চিত করে যে বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। জোড়হাট বিমানঘাঁটি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে কার্বি আংলং জেলার একটি দুর্গম পাহাড়ি এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাস্থলটি পাহাড়ি এবং ঘন জঙ্গলে ঘেরা হওয়ায় উদ্ধারকাজে কিছুটা অসুবিধা হয় বলে জানা গেছে।
ঘটনার তদন্তের নির্দেশ
এই দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, প্রযুক্তিগত ত্রুটি অথবা অন্য কোনও যান্ত্রিক সমস্যার কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে। পুরো ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে ভারতীয় বায়ুসেনা। তদন্ত শেষ হলে দুর্ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, এর আগেও সুখোই যুদ্ধবিমান দুর্ঘটনার মুখে পড়েছে। ২০২৪ সালের জুন মাসে মহারাষ্ট্রের নাসিক এলাকায় একটি সুখোই সু-30MKI ভেঙে পড়েছিল। যদিও সেই ঘটনায় পাইলট এবং কো-পাইলট শেষ মুহূর্তে ইজেক্ট করতে সক্ষম হওয়ায় প্রাণে বেঁচে যান।
সুখোই সু-30MKI ভারতীয় বায়ুসেনার অন্যতম শক্তিশালী ও আধুনিক যুদ্ধবিমান হিসেবে পরিচিত। এটি একটি দু’আসনের টুইন-জেট ৪.৫ জেনারেশনের মাল্টিরোল ফাইটার জেট, যা আকাশযুদ্ধ, স্থল আক্রমণ এবং দূরপাল্লার অভিযানে ব্যবহৃত হয়। এই যুদ্ধবিমানের নকশা তৈরি করেছে রাশিয়ার সুখোই সংস্থা। ভারতে এই বিমান উৎপাদন ও সংযোজনের কাজ করে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড ।
এই অত্যাধুনিক যুদ্ধবিমান থেকে সুপারসনিক গতির ব্রহ্মস ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করা যায়, যা বিশ্বের অন্যতম দ্রুতগতির ক্রুজ মিসাইল হিসেবে পরিচিত। বর্তমানে ভারতীয় বায়ুসেনার বহরে ২০০টিরও বেশি সুখোই যুদ্ধবিমান রয়েছে এবং দেশের আকাশ প্রতিরক্ষায় এই বিমানগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।


