Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংক্রান্ত জট কাটাতে তৎপর নির্বাচন কমিশন। প্রায় ৬০ লক্ষ ‘বিচারাধীন’ ভোটারের নাম দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ওড়িশা ও ঝাড়খণ্ড থেকে আরও ২০০ জন জুডিশিয়াল অফিসার আনা হচ্ছে রাজ্যে(EC Extra Officer)।
বৈধ দাবিদাররাই চূড়ান্ত তালিকায় (EC Extra Officer)
কমিশন সূত্রে খবর, আগামী দু’দিনের মধ্যেই তাঁরা পশ্চিমবঙ্গে পৌঁছবেন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বর্তমানে রাজ্যে মোট প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম ‘আন্ডার অ্যাজুডিকেশন’ অবস্থায় রয়েছে। এর মধ্যে এখনও পর্যন্ত প্রায় সাড়ে ৬ লক্ষ নাম খতিয়ে দেখে নিষ্পত্তি করা হয়েছে। তবে কমিশনের তরফে স্পষ্ট করা হয়েছে, নিষ্পত্তি মানেই যে সেই নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে তা নয়। প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে যাঁদের দাবি বৈধ বলে প্রমাণিত হবে, শুধুমাত্র তাঁদের নামই চূড়ান্ত তালিকায় রাখা হবে।
অতিরিক্ত ২০০ জুডিশিয়াল অফিসার (EC Extra Officer)
এখন রাজ্যে প্রায় ৫০৫ জন জুডিশিয়াল অফিসার এই বিশাল কর্মযজ্ঞ সামলাচ্ছেন। কিন্তু কাজের চাপ অত্যন্ত বেশি হওয়ায় প্রতিবেশী দুই রাজ্য থেকে অতিরিক্ত ২০০ জন অফিসারকে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের লক্ষ্য, বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই যতটা সম্ভব এই জট কাটিয়ে ফেলা।
জানা গিয়েছে, ভিনরাজ্য থেকে আসা এই অফিসারদের মূলত দক্ষিণবঙ্গের আটটি জেলায় মোতায়েন করা হবে। জেলাগুলি হল উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, বীরভূম এবং নদিয়া।
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই যাচাই (EC Extra Officer)
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) প্রক্রিয়ার আওতায় এই যাচাইয়ের কাজ চলছে। বর্তমানে প্রায় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম এই পর্যায়ে রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় মোট ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জনের নাম রয়েছে, যার মধ্যেই এই বিচারাধীন নামগুলি অন্তর্ভুক্ত থাকলেও সেগুলির চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।



