Last Updated on [modified_date_only] by Aditi Singha
প্রতিবেদন : পলাশ নস্কর, কে টিভি বাংলা ডিজিটাল: মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে কয়েক দিন উৎকণ্ঠা ও অনিশ্চয়তার পর অবশেষে দেশে ফিরলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। শুক্রবার বিকেলে তিনি দুবাই থেকে ভায়া মুম্বই হয়ে পৌঁছলেন কলকাতাতে। বিমানবন্দরে স্বামী, পরিচালক ও তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী এবং ছোট্ট কন্যা ইয়ালিনির উষ্ণ আলিঙ্গনে যেন সমস্ত আতঙ্কের অবসান ঘটল অভিনেত্রীর।

যুদ্ধের আবহে আটকে পড়া (Subhashree Ganguly)
কিছুদিনের ছুটি কাটাতে ছেলে ইউভানকে নিয়ে দুবাই গিয়েছিলেন শুভশ্রী। কিন্তু সেই সময়ই মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে ওঠে। ইরানকে ঘিরে সংঘাতের আবহে একাধিক আন্তর্জাতিক বিমান চলাচল ব্যাহত হয়। এর প্রভাব পড়ে দুবাইতেও। ফলে নির্ধারিত সময়ে দেশে ফেরা সম্ভব হয়নি অভিনেত্রীর। আগেই জানা গিয়েছিল ৪ মার্চের বিমানে তিনি ভারতে ফিরবেন। কিন্তু শেষ মুহূর্তে সেই উড়ান বাতিল হয়ে যায়। পরপর বিমান বাতিল হওয়ায় আরও প্রায় দেড় দিন দুবাইতেই আটকে থাকতে হয় তাঁকে এবং তাঁর ছেলেকে।
অবশেষে স্বস্তির নিঃশ্বাস (Subhashree Ganguly)
অবশেষে শুক্রবার ভোরের বিমানে দুবাই থেকে রওনা দিয়ে মুম্বই হয়ে কলকাতায় পৌঁছন শুভশ্রী। দীর্ঘ অনিশ্চয়তার পর নিরাপদে দেশে ফিরতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলেন তিনি। কলকাতা বিমানবন্দরে পৌঁছে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেত্রী বলেন,
“পরিস্থিতি সত্যিই ভয়াবহ ছিল। আমি এতটাই বিধ্বস্ত যে এখনই ওখানকার অভিজ্ঞতা বিস্তারিতভাবে ভাগ করে নেওয়ার মতো অবস্থায় নেই। তবে সবাই যে এত ভালোবাসা এবং সমর্থন দিয়েছেন, তা ওই কঠিন সময়ে আমাকে এবং আমার পরিবারকে ভীষণ শক্তি দিয়েছে।”

বিমানবন্দরে আবেগঘন মুহূর্ত (Subhashree Ganguly)
এই দিন বিকেলে কলকাতা বিমানবন্দরে স্ত্রী ও সন্তানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন রাজ চক্রবর্তী। তাঁর সঙ্গে ছিল পরিবারের সবথেকে ছোট সদস্য ইয়ালিনি। মাকে দেখামাত্র বাবার কোলে থাকা ছোট্ট মেয়েটি একলাফে মায়ের কোলে চলে যায়। অনেকদিন পর মাকে ফিরে পেয়ে তার মুখে ফুটে ওঠে নির্মল হাসি। অন্যদিকে স্ত্রীকে নিরাপদে ফিরে পেয়ে আবেগে জড়িয়ে ধরেন রাজ চক্রবর্তীও। এই আবেগঘন মুহূর্তগুলোই ক্যামেরাবন্দি হয় বিমানবন্দরে উপস্থিত সংবাদমাধ্যমের লেন্সে।
আরও পড়ুন: US Iran: ইরানে সামরিক অভিযান আমেরিকার, আত্মসমর্পণের হুঁশিয়ারি ট্রাম্পের
পরিবারের স্বস্তি ও কৃতজ্ঞতা
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে দুবাইয়ে আটকে পড়ায় শুভশ্রীকে নিয়ে উদ্বিগ্ন ছিল তাঁর পরিবার এবং টলিপাড়ার ঘনিষ্ঠ মহল। অবশেষে তিনি নিরাপদে দেশে ফেরায় সকলেই স্বস্তি পেয়েছেন। কলকাতায় পা রেখেই অভিনেত্রী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, কঠিন সময়ে মানুষের ভালোবাসা ও সমর্থনই তাঁকে মানসিকভাবে শক্ত থাকতে সাহায্য করেছে।



