Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতার জোড়াসাঁকোয় বড়সড় দুর্ঘটনা। দীর্ঘদিনের পুরনো একটি বিপজ্জনক বাড়ির একাংশ ভেঙে পড়ায় তীব্র আতঙ্ক ছড়াল এলাকায়(House Collapse)। শুক্রবার সকালে জোড়াসাঁকোর কলাবাগান এলাকায় একটি বহুতলের সিঁড়ির অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এর ফলে বাড়ির ভেতরেই আটকে পড়েন বেশ কিছু বাসিন্দা। অল্পের জন্য বড়সড় প্রাণহানি এড়ানো গেলেও, এই ঘটনাকে কেন্দ্র করে বাড়ি মালিক ও প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা।
আগেই বিপজ্জনক ঘোষিত বাড়িটি (House Collapse)
স্থানীয় সূত্রে খবর, জোড়াসাঁকোর কলাবাগান এলাকার ওই বাড়িটি প্রায় ৭০ থেকে ৮০ বছরের পুরনো। জরাজীর্ণ অবস্থার কারণে কলকাতা পুরসভা আগেই বাড়িটিকে ‘বিপজ্জনক’ হিসেবে ঘোষণা করেছিল। শুক্রবার সকালে সেই বাড়িরই মেরামতির কাজ চলছিল।
আচমকাই ভাঙে সিঁড়ি (House Collapse)
কাজ চলাকালীন আচমকাই সিঁড়ির একটি বড় অংশ ভেঙে নিচে পড়ে যায়। বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়ায়। সিঁড়ি ভেঙে যাওয়ায় ওপরের তলার বাসিন্দারা নিচে নামতে না পেরে ভেতরেই আটকে পড়েন। বাড়ির বাসিন্দাদের অভিযোগ, তাঁদের প্রাণের ঝুঁকি থাকলেও কোনওরকম আগাম সতর্কতা ছাড়াই মেরামতির কাজ শুরু করেছিলেন বাড়ি মালিক।
ভাড়াটেদের না সরিয়েই কাজ (House Collapse)
ভাড়াটেদের দাবি, তাঁদের অন্যত্র না সরিয়েই জোর করে কাজ শুরু করা হয়। ভাড়াটেরা আপত্তি জানালেও বাড়ি মালিক তাতে কান দেননি। বাড়ির অবস্থা এতটাই খারাপ যে, যে কোনও সময় পুরো কাঠামোটি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় কাউন্সিলর। তিনি আটকে পড়া বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি খতিয়ে দেখেন। ভাড়াটেদের ক্ষোভের মুখে পড়ে কাউন্সিলর স্পষ্ট জানান, বাসিন্দাদের নিরাপত্তা সবার আগে।



